বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ পৌরসভায় অনড় জামায়াত

news-image

পাঁচ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্তে অনড় জামায়াত। নিবন্ধন জটিলতায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতে না পারলেও এসব পৌরসভায় স্বতন্ত্রভাবেই মেয়র পদে লড়বেন জামায়াতের মাঠ নেতারা। এর কারণ হিসেবে দলীয় যুক্তি, পাঁচটি পৌরসভার মধ্যে চারটিতেই বর্তমানে তাদের নির্বাচিত মেয়র রয়েছে। বাকি একটিতে রয়েছে নির্বাচিত প্যানেল মেয়র। তাই এ পাঁচ পৌরসভায় জামায়াত তাদের দখলে থাকা পৌরসভাগুলো হাতছাড়া করতে নারাজ।
জানা গেছে, পাঁচ পৌরসভাসহ দেশের ৪৪টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে জামায়াত। এর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় কৌশলগত কারণে দু’জনকে মেয়র প্রার্থী করেছে তারা। তবে জামায়াতের নীতিনির্ধারকরা কাউন্সিলর পদেই নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা যত বেশি কাউন্সিলর প্রার্থী দেয়া এবং তাদের বিজয় নিশ্চিত করা যায় সে নীতি অবলম্বন করেছে। সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনেও দলটি কাউন্সিলর পদে প্রার্থী দেয়া এবং তাদের জয়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়।

এই ৪৪টি পৌরসভার মধ্যে দখলে থাকা পাঁচটিসহ ন্যূনতম ২৫টি পৌরসভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সমঝোতা চায় জামায়াত। চায় জোটের প্রধান দল বিএনপির সমর্থন। প্রার্থীদেও যোগ্যতা, আঞ্চলিক ক্ষমতা, স্থানীয় প্রভাব এবং ভোটের হিসাব বিবেচনায় নিয়েই জামায়াত শরিকদের সঙ্গে এই সমঝোতা আশা করছে।

সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় মওলানা মোহাম্মদ হানিফ, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় আমিনুল ইসলাম, পবার কাঁটাখালী পৌরসভায় মাজেদুর রহমান, সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় মোশাররফ হোসেন আকন্দ মেয়র নির্বাচিত হন। এছাড়া ওই সময় যশোরের চৌগাছা পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হন জামায়াতের মাস্টার কামাল আহমেদ। বর্তমানে তিনি এ পৌরসভায় প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।

বর্তমান রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দখলে থাকা এসব পৌরসভার মেয়র পদ ধরে রাখতে মরিয়া জামায়াত। এ কারণে একাধিক মামলা-মোকদ্দমা মাথায় নিয়েও বর্তমান মেয়ররা আবারও মেয়র পদে প্রার্থী হয়েছেন। জানতে চাইলে এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মওলানা হাবিবুর রহমান শনিবার বলেন, যেসব পৌরসভায় জামায়াতের মেয়র আছে সেসব জায়গায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মওলানা হাবিবুর রহমান বলেন, ‘এখনও কয়টি পৌরসভায় জোটের সমর্থন পাওয়া যাবে, তা নিশ্চিত নই। এটি বিএনপি জানে। জোটের দায়িত্বশীল নেতারা এ নিয়ে আলোচনা করবেন। তবে জামায়াতের প্রার্খীরা নির্বাচনে আছে, থাকবে।’

দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, নিজেদের দখলে থাকা পাঁচ পৌরসভাসহ বাকি যেসব জায়গায় জামায়াত মেয়র প্রার্থী দিয়েছে সেগুলো হচ্ছে- পঞ্চগড় সদর পৌরসভায় আবদুল খালেক, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভায় মোকাররম হোসেন, নীলফামারীর জলঢাকা পৌরসভায় মকবুল হোসাইন, সৈয়দপুর পৌরসভায় গোলাম মোস্তাকিম, দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জয়নাল আবেদিন, গাইবান্ধা সদর পৌরসভায় ফেরদৌস আলম, গোবিন্দগঞ্জ পৌরসভায় আবুল কালাম আযাদ। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় শাহীনুর রহমান নামে আরও একজনকে বিকল্প হিসেবে মেয়র প্রার্থী করেছে দলটি।

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আহাদ আলী, চারঘাট পৌরসভায় সাইফুল ইসলাম, তানোরের মুন্ডমালা পৌরসভায় আনিসুর রহমান, নওহাটা পৌরসভায় মশিউর রহমান, নাটোরের সিংড়া পৌরসভায় জয়নাল আবেদীন, নলডাঙ্গা পৌরসভায় নজরুল ইসলাম, নওগাঁর নজিপুর পৌরসভায় রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভায় জাফর আলী, নাচোল পৌরসভায় ডা. রফিকুল ইসলাম, রহনপুর পৌরসভায় মিজানুর রহমান, বগুড়ার কাহালু পৌরসভায় জহিরুল ইসলাম বাদশা, জয়পুরহাট পৌরসভায় হাসিবুল ইসলাম, সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় আবদুর রাজ্জাক মিয়াকে মেয়র প্রার্থী করেছে জামায়াত।

খুলনার পাইকগাছা পৌরসভায় আবদুল মজিদ গাজী, যশোরের কেশবপুর পৌরসভায় ওজিহুর রহমান, ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় শহীদুল হক বিশ্বাস, কোটচাঁদপুর পৌরসভায় শরিফুল ইসলাম, কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় আবুল হাশেম চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় সাজিদুর রহমান, কুষ্টিয়ার দর্শনা পৌরসভায় আশকার আলী, সাতক্ষীরা পৌরসভায় শেখ নূরুল হুদা, সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় শেখ ইমান আলী জামায়াতের মেয়র প্রার্থী।
এছাড়া সিলেটের কানাইঘাট পৌরসভায় একেএম ওলিউল্লাহ, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় খিজির আহমেদ, কমলগঞ্জ পৌরসভায় মাশুক আহমেদ, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় ভিপি সাহাবউদ্দিন, নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মওলানা মোশাররফ হোসেন, চাটখিল পৌরসভায় মওলানা সাইফুল্লাহ, সীতাকু- পৌরসভায় তৌহিদুল হক চৌধুরী এবং ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় নেয়াজুল হাসানকে প্রার্থী করেছে জামায়াত।

জানা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে তিনজন কারাগারে থেকে নির্বাচন করছেন। তারা হলেন- নাচোল পৌরসভায় ডা. রফিকুল ইসলাম, রহনপুর পৌরসভায় মিজানুর রহমান এবং বগুড়ার কাহালু পৌরসভায় জহিরুল ইসলাম বাদশা। জামায়াতের মেয়র প্রার্থীদের মধ্যে সীতাকু- পৌরসভায় তৌহিদুল হক চৌধুরী ৩২টি মামলা মাথায় নিয়ে নেমেছেন ভোটযুদ্ধে। তার মতো অন্তত দুই ডজন মেয়র প্রার্থীর বিরুদ্ধে রয়েছে নানা মামলা। এসব মামলা-মোকদ্দমা মাথায় নিয়েই তারা নেমেছেন ভোটের লড়াইয়ে।