শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীস ভ্রমণের টুকিটাকি বিষয় !

news-image

সবসময়েই সুন্দরের প্রতি এক সহজাত আকর্ষণ রয়েছে মানুষের। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে তাই সুযোগ পেলেই ছুটে যেতে চায় তারা। আহরণ করতে চায় নতুন সব সৌন্দর্যের সুধা। তবে তারপরেও কিছু স্থান রয়েছে পৃথিবীর বুকে যেগুলো একবার দেখলেও মানুষের মন ভরেনি কখনো। বারবার নিজের চোখ আর মনের তৃপ্তি মেটাতে সেখানে ছুটে গিয়েছে মানুষ। আর এমনই এক অসাধারণ ঐতিহাসিক ঘটনা আর সৌন্দর্যের আধার হচ্ছে গ্রীস। বর্তমানে বেশ ভালো রকমের ঝামেলার ভেতর দিয়ে যেতে হচ্ছে দেশটিকে। বড় ধরনের অর্থসংকটের মুখে থাকা এই দেশটির এটিএম বুথও একদিনে একজন মানুষকে মাত্র ৬০ ইউরো দিতে পারছে না ( সাউথ চায়না মর্নিং পোস্ট )। তবে সেটা দেশটির অভ্যন্তরীন ব্যাপার। বাইরে থেকে এখনো ঠিক আগের মতনই পর্যটন বান্ধব আর আকর্ষণীয় রয়েছে গ্রীস। চাইলেই তাই চট করে বানিয়ে ফেলতে পারেন আপনি এখন গ্রীসে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু কোথায় কোথায় যাবেন গ্রীস ভ্রমণে? কী কী দেখার আছে? আসুন জেনে নিই এই প্রশ্নগুলোর উত্তর। গ্রীসের যে স্থানগুলো অবশ্যই দেখবেন গ্রীস পৌরাণিক কাহিনী, ইতিহাস আর সৌন্দর্যের মিলমিশ হয়ে সেই সুদূর অতীত থেকে মানুষের মনকে ভরিয়ে দিয়ে আসছে। আর তাই গ্রীস ভ্রমণে এমন হাজারটা স্থান পাবেন যেগুলো একবার করে হলেও দেখে আসা উচিত আপনার। তবে হাতে সময় কম থাকলেও যে স্থানগুলো অবশ্যই ঘুরে আসবেন গ্রীসে সেগুলো হল- ১. অ্যাক্রোপোলিস গ্রীসের স্বর্নালী যুগের অন্যতম ধারক ও বাহক অ্যাক্রোপোলিস শহরটি বর্তমানে জাদুঘর হিসেবে মনোরঞ্জন করে চলেছে লাখো পর্যটকের। সেই ৫ম শতাব্দীর কথা। সেসময় এখানে প্রচুর মানুষ বাস করতো। তবে এখন আর সেসব কিছুই নেই। কেবল রয়ে গিয়েছে বাসিন্দাদের ফেলে যাওয়া ঘর আর স্থাপনা। প্রতি বছরই কয়েক লাখ পর্যটক বেড়াতো আসেন অ্যাক্রোপোলিসে। প্রচুর দালান রয়েছে এখানে। তবে সেগুলোর ভেতরে পার্থেনন, প্রোপিলিয়া, এরেকথিয়ন আর এথেনা নাইকের মন্দির সবচাইতে বেশি জনপ্রিয় ( টপ ট্র্যাভেল লিস্ট )। ২. সান্তোরিনি গ্রীসে গেলে যে স্থানটিতে অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন আপনি সেটি হচ্ছে সান্তোরিনি। প্রায় ৩,৬০০ বছর আগে এক অগ্ন্যুত্পাতের ফলে নিজের বর্তমান অদ্ভূত আকৃতি পেয়েছিল এই স্থানটি। সে তো অনেক আগের কথা। এরপর তাতে মানুষ নিজের হাতের মাধ্যমে এনে দিয়েছে একেবারে ভিন্নরকম আবেশ। সান্তোরিনিতে গেলে যে জিনিসটি আপনাকে সবচাইতে বেশি মুগ্ধ করবে সেটি হচ্ছে এর নীলচে টলটলে পানি আর পানির পাশেই দাঁড়িয়ে থাকা সাদা রংএর বাড়ি-ঘর আর গম্বুজ। সেই সাথে আগ্নেয়গিরির দেখাও পাবেন এখানে আপনি ( টড ট্র্যাভেল লিস্ট )। তবে যদি সান্তোরিনিতে চলেই যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা পর্যন্ত থাকবার। সূর্যের শেষ রেশটা পড়ার সাথে সাথে যে অসাধারণ মায়াবী একটা আবেশ তৈরি করে এটি নিজেকে ঘিরে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবার মতন নয়। ৩. ডেলফি থিয়েটার গ্রীস এর বেশকিছু থিয়েটারের জন্যে পরিচিত। তবে তাদের ভেতরে সবচাইতে বিশাল আর অন্যরকম কোন একটিকে যদি দেখতে যান তাহলে চলে যান ডেলফি থিয়েটারে। প্রাচীন শহর ডেলফিতে অবস্থিত এই থিয়েটারটি নির্মিত হয় ৪র্থ শতাব্দীতে। সেসময় এখানে ছিল প্রায় ৫,০০০ দর্শক বসবার স্থান আর ৩৫ টি সারি ( ট্যুরোপিয়া )। বর্তমানে যার বেশিরভাগটাই রয়ে গিয়েছে। সেসময় নাটক, কবিতা আর অন্যান্য অনুষ্ঠানের জন্যে এ থিয়েটার ব্যবহার করতো সবাই। যার রেশ এখনো ডেলফি থিয়েটারে গেলে অনুভব করতে পারবেন আপনি। তবে এছাড়াও গ্রীস ভ্রমণে দেখে আসতে ভুলবেননা মেটিওরা, মাইকোনোস, লিন্ডোস, মিস্ট্রাস, মাউন্ট এথোস ও সামারিয়া জর্জের মতন স্থানগুলো ( টপ ট্র্যাভেল লিস্ট )। তবে বর্তমানে গ্রীসে ভ্রমণের সময় কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন। আর সেগুলো হল- ১. প্রচুর পরিমাণে ইউরো নিয়ে যাওয়া। কারণ বর্তমানে গ্রীসের প্রত্যেকটি স্থানেই ইউরো চাওয়া হচ্ছে। কোনরকম এটিএম বা কার্ডের ব্যবহার মোটামুটি কমে গিয়েছে। ২. আন্দোলন বা ভীড়মূলক স্থানগুলোকে পাশ কাটানো। কারণ গ্রীসের নানারকম স্থানে ইদানীং জন অসন্তোষ বাড়ছে। আর সেটা খুব দ্রুত কমার কোন সম্ভাবনা নেই। ৩. নিজের দেশের দূতাবাসের স্থান চিনে নেওয়া( অয়েস্টার.কম )। কেবল গ্রীসে ভ্রমণের ক্ষেত্রেই নয়। এটা আপনি যে কোন স্থানে ভ্রমণের সময়েই করতে পারেন। এতে করে যে কোন সমস্যায় আপনি খুব সহজেই সাহায্য চাইতে পারবেন নিজ দেশের দূতাবাসে ।