বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকে থাকার লড়াইয়ে নামছে চিটাগাং-সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টারস চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খাদের কিনারায় রয়েছে। তামিম ইকবালের চিটাগাং ছয় ম্যাচের পাঁচটিতে হেরে শেষ চারের আগেই বিদায় নেয়ার শঙ্কার মুখে পড়েছে। অন্যদিকে মুশফিকের সিলেট পাঁচ ম্যাচের চারটিতে হেরে ব্যাকফুটে চলে গেছে। বুধবার চিটাগাং ও সিলেট একে অন্যের মোকাবেলা করবে। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দুটির জন্যই ম্যাচটি টিকে থাকার লড়াই।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট সুপার স্টারসের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগাং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম।

সিলেট ও চিটাগাং ম্যাচে জয় পাওয়া দলের শেষ চারের স্বপ্ন কিছুটা হলেও টিকে থাকবে। আর হেরে যাওয়া দলটির শেষ চারে উঠার স্বপ্ন বুধবারই অনেকটা মলিন হয়ে যাবে। ফলে বাঁচা-মরার লড়াইয়ে জিততে মরিয়া তামিম ও মুশফিক উভয়ের দলই।


চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টারস। দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হাসে তামিমের দল। রোমাঞ্চকর লড়াই শেষে সিলেটের বিপক্ষে পাওয়া মাত্র ১ রানের জয়টির পর সর্বশেষ চার ম্যাচেই হেরেছে চিটাগাং।

সিলেট সুপার স্টারস চিটাগাংয়ের বিপক্ষে কিছুটা উজ্জীবিত হয়েই মাঠে নামবে। ঢাকায় টানা চার ম্যাচ হারার পর চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচেই জয় পায় মুশফিকের দল। বুধবার ‘বিগ ম্যাচে’ দলের সেরা তারকা শহিদ আফ্রিদিকে প্রথমবারের মতো পাচ্ছে সিলেট। ফলে পাকিস্তান অধিনায়ককে পেয়ে উজ্জীবিত হয়েই মাঠে নামতে পারবেন মুশফিকরা।

মুশফিকুর রহিম, দিলশান মুনারাবিরা ও রবি বোপারা রয়েছেন দুর্দান্ত ছন্দে। সেই সঙ্গে আফ্রিদি যদি পাকিস্তান জাতীয় দলের সাম্প্রতিক ফর্ম বিপিএলেও অব্যাহত রাখতে পারেন তবে চিটাগাংকে আজ বড় বিপদে পড়তে হতে পারে।

সেই তুলনায় একেবারেই কোনঠাসা অবস্থায় রয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। টানা চার ম্যাচ হেরে শেষ চারে উঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে তামিমদের। আর বুধবার সিলেটের বিপক্ষে হেরে গেলেই বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে বন্দর নগরীর দলটির। ফলে কিছুটা চাপ তো থাকবেই ভাইকিংসের ওপর। তামিমরা কী পারবেন সেই চাপ সামলে ঘরের মাঠের দর্শকদের মুখে হাসি ফোটাতে?

 

সিলেট সুপার স্টারস: দিলশান মুনারাবিরা, মুমিনুল হক, মুশফিকুর রহিম, রবি বোপারা,  সেহান জয়াসুরিয়া, শহিদ আফ্রিদি, নুরুল হাসান, নাজমুল হোসাইন মিলন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও মোহাম্মদ শহীদ।

চিটাগাং ভাইকিংস: তিলকারত্নে দিলশান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, উমর আকমল, চামারা কাপুগেদারা, জিয়াউর রহমান, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও আসিফ হাসান।