শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ যোগাযোগ মাধ্যম খুলার উকিল নোটিশের সাড়া দেয়নি সরকার

news-image

ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে পাঠানো উকিল নোটিশে সাড়া দেয়নি সরকার। ৪৮ ঘণ্টার বেঁধে দেয়া সময় পার হয়ে গেলেও আগের নোটিশের কোনো জবাব পাননি এই আইনজীবী। তাই নতুন করে আরো একটি উকিল নোটিশ পাঠানোর চিন্তা করছেন তিনি।

 

 

বন্ধ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে গত বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে ফ্যাক্স যোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশটি পাঠান।

 

 

জানতে চাইলে এই আইনজীবী বাংলামেইলকে বলেন, ‘সাধারণ জনগণের কথা চিন্তা করে, আমাদের তথ্য অধিকার আইনের বিষয়টি মাথায় রেখে আমি গত বুধবার সরকারের প্রতি একটি উকিল নোটিশ পাঠাই, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও এ নোটিশের কোনো জবাব দেয়নি সরকার। এজন্য আমি আবারো নতুন করে, বিবাদীদের সংখ্যা বাড়িয়ে আরো উকিল নোটিশ আগামীকাল পাঠানো।’

 

 

আবারো কেন উকিল নোটিশ পাঠাবেন? এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আগের নোটিশের জবাব না পেয়ে নতুন করে আমি একটি নোটিশ আগামীকাল সোমবার নোটিশ পাঠাবো।

 

 

কারো পক্ষে আইনজীবী হিসেবে নাকি আপনি নিজে নোটিশটি সরকারকে পাঠাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারো পক্ষে ওকালতির জন্য নয় আমি আইন, সমাজ ও তথ্য অধিকারের কথা চিন্তা করে এ নোটিশটি পাঠাচ্ছি।’

 

 

তিনি বলেন, ‘সে নোটিশে বিটিসিআরের চেয়ারম্যানকে নতুন করে বিবাদী করবো।’

এদিকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের তথ্য জানতে একটি চুক্তি করার লক্ষ্য নিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেবে সরকার। বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। ‘নিরাপদ ইন্টারনেট: আগামী প্রজন্ম ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল এ কথা বলেন।

 

 

তারানা হালিম বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী চুক্তির লক্ষ্যে আমি ফেসবুক কর্তৃপক্ষের ওই চিঠি লিখব।’ প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের অপব্যবহারের কারণে শিশু-কিশোররা নানা ধরনের ঝুঁকিতে থাকে, বিশেষ করে মেয়েরা। সমস্যা সমাধানে শিশু-কিশোরদের সঙ্গে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও বেশি করে কাজ করতে হবে।

 

 

তারানা হালিম আরো বলেন, ‘ইন্টারনেটে কিছু লোকজন সাম্প্রদায়িকতা ও উসকানি ছড়াচ্ছে। এসব প্রতিরোধে সরকার কাজ করছে। দেশের বাইরে থেকে যেসব আপত্তিকর উপাদান আসে, সেগুলো যাচাই-বাছাইয়ের জন্যও কাজ চলছে।’

 

 

দেবুল দের আগের পাঠানো সেই নোটিশে বলা হয়, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েচিলেন এই আইনজীবী। কিন্তু তিনি মামলা না করে আবারো একটি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবারের পাঠঅনো নোটিশের জবাব না পেলে তিনি আগামী রোববার উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করবেন বলে বাংলামেইলকে বলেন।

 

 

প্রসঙ্গত, নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। সরকার বলছে, দেশের একটা মানুষও যতোক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

 

 

অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে প্রায় সবাই-ই এসব ব্যবহার করছে। এমনকি সরকারের ঊর্ধ্বতনরাও এ কৌশল অবলম্বনের প্রমাণ পাওয়া গেছে।

 

 

এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন তারা নিরাপদ নন এবং সবাইকে নজরদারিতে রাখা হয়েছে!