শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে দাদাদের দাদাগিরি

news-image

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র বাঁচাতে হবে, এ যুক্তিতে গেল বছর থেকে হঠাৎ করেই যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকে পড়েন দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা। কিন্তু গোড়াতেই নানা বৈষম্য ও সমালোচনাও মুখে পড়ে বিতর্কিত হয়ে পড়ছে এ উদ্যোগ।  

সিনেমার পাত্র-পাত্রী, শুটিং লোকেশন এমনকি নির্মাতার নাম নিয়েও বৈষম্যের শিকার হচ্ছেন দেশিয় নির্মাতারা। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠছেন দেশিয় নির্মাতারা। দীর্ঘদিন ধরে বাংলাদেশি গণমাধ্যমগুলো এ ব্যাপারে সরব হলেও, নিশ্চুপ ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সম্প্রতি, ভারতীয় নির্মাতা আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার পর, হঠাৎ সরব হয়ে উঠেছেন বাংলাদেশি দুজন পরিচালক ও প্রযোজক। বিষয়টিকে যৌথ প্রযোজনার স্বপ্নে ফাটল হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সম্প্রতি যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘হিরো ৪২০’ ও মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক’ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি নির্মাতা আর প্রযোজনা প্রতিষ্ঠান দুটি।

ঘটনা অনুসন্ধানে জানা যায়, প্রায় সপ্তাহ খানিক আগে কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ এর দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের প্রথম দিন থেকেই সেখানে অব্স্থান করছেন ছবিটির বাংলাদেশি পরিচালক সৈকত নাসির। এতে তার সঙ্গে কাজ করছেন কলকাতার সুজিত মণ্ডল। শুরু থেকেই বলা হচ্ছিলো এ ছবিতে দুই দেশের শিল্পী ও কলাকুশলীর সমান গুরুত্ব পাবে। কিন্তু হঠাৎই মুখ খুললেন, ‘দেশা-দ্য লিডার’খ্যাত নির্মাতা সৈকত নাসির। তিনি বললেন, ‘এখানে এসে বেশ কিছু অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছে। যা আমি আগে বিভিন্ন জনের মুখে শুনেছি।’

দুই দেশের দুই নির্মাতার সঙ্গে খোকা ৪২০’র শিল্পীরা

তিনি অভিযোগ করে বলেন, ‘ছবির প্রচারের ক্ষেত্রে কলকাতায় বাংলাদেশি পরিচালকের নাম কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নাম ব্যবহার করা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম কোন জায়গাতেই বাংলাদেশি পরিচালক, প্রযোজক কিংবা (নুসরাত ফারিয়া ব্যাতীত) অভিনয়শিল্পীর নাম নেই।’ বিষয়টা ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠানও নির্মাতাদের কৃপণতা হিসেবেই দেখছেন সৈকত নাসির। ইতিমধ্যে এ নিয়ে  ‘হিরো ৪২০’ এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছে অভিযোগও করেছেন তিনি।

সৈকত নাসির আরো বলেন, ‘শুটিংয়ের শুরু থেকেই ছবিটি পরিচালনার সঙ্গে রয়েছি। পরিচালক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধাও পাচ্ছি। দিন-রাত খাটছি ভালো একটি ছবির জন্য। কিন্তু তার স্বীকৃতি না পেলে, খারাপই লাগে। ’

এদিকে বিষয়টি সর্ম্পেক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি বাংলামেইলকে বলেন, ‘কলকাতায় আমাদের নাম উল্লেখ্য না করলে, আমরাও তাদের নাম উল্লেখ করবো না। ’

যৌথ প্রযোজনার আরেক ছবি ‘ব্ল্যাক’। ছবিটি নির্মাণের জন্য কলাকাতার প্রযোজনা সংস্থা ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড’ ও বাংলাদেশি প্রযোজক কিবরিয়া লিপুর মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তাতে বলা হয়েছিলো, যৌথ প্রযোজনার নীতিমালা মেনে নির্মাণের পর দু’দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হবে। সে অনুযায়ী ২৭ নভেম্বর ছবিটির মুক্তি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সেন্সর জটিলতার কারণে শেষ মুহূর্তে এসে মুক্তি তারিখ পিছিয়ে ৪ ডিসেম্বর নির্ধারণ করেন ছবির বাংলাদেশি প্রযোজক। অন্যদিকে চুক্তির তোয়াক্কা না করেই গতকাল কলকাতায় মুক্তি পায় ‘ব্ল্যাক’।

কলকাতার গণমাধ্যমে প্রকাশিত ‘ব্ল্যাক’ ছবির বিজ্ঞাপন, যেখানে বাংলাদেশি পরিচালক ও প্রযোজকের নাম নেই। 

 এদিকে বাংলাদেশের আগেই কলকাতায় মুক্তি দেয়ায়, চুক্তিভঙ্গের অভিযোগে তুলেন ‘ব্ল্যাক’ এর বাংলাদেশি প্রযোজক কিবরিয়া লিপু। এমন কি ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে আবেদনও করেন তিনি। কিন্তু সেদিনই কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি পেয়ে যাওয়ার কারণে লিপুর আবেদনটি গ্রহণ করেননি বিচারপতি সৌমেন সেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী কলকাতায় টিকিট বিক্রি ও লাভের একটা অংশ পৃথকভাবে গচ্ছিত রাখতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড’কে নির্দেশ দেয় আদালত। 

বাংলাদেশি প্রযোজক কিবরিয়া লিপু অভিযোগ করে জানান, ‘ব্ল্যাক’ ছবিটি একতরফা ভাবে কলকাতায় মুক্তি দেয়া হয়েছে। ফলে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন। এ ক্ষেত্রে লিপুর যুক্তি হলো, কলকাতায় কোন ছবি মুক্তি পেলে, তা এক সপ্তাহের মধ্যে পাইরেটেড হয়ে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে যায়।

চুক্তির শর্ত অনুযায়ী কোনও এক পক্ষ কোনও চুক্তি ভঙ্গ করলে আর্থিকভাবে ক্ষতি মেটাতে বাধ্য থাকবে অপর পক্ষ। তাই আদালত চুক্তির সেই অংশের কথা মাথায় রেখে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড’কে ব্যবসার একটা অংশ সুরক্ষিত রাখতে নির্দেশ দিয়েছে। 

এ প্রসঙ্গে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড’এর কর্ণধার রানা সরকার কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘দু’দেশে একসঙ্গেই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু তাদের সেন্সর সনদ পেতে দেরি হয়। ফলে আমাদেরও ছবি-মুক্তির তারিখ পিছিয়ে দিতে বলা হয়। কিন্তু আমাদের এখানে সবকিছু তৈরি ছিল। আর সে দেশে পাইরেসি আটকানো তো আমার পক্ষে সম্ভব নয়।’