বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির মুখে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

news-image

দেশে সক্রিয় জঙ্গিদের হুমকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে ব্লগার ও প্রকাশকদের বিরুদ্ধে অব্যাহত সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন গতকাল এ আহ্বান জানান। তিনি বলেন, ‘এ বছর ৫ বাংলাদেশী লেখক ও প্রকাশক এবং দুই বিদেশী নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া অনেকের ওপর হামলা হয়েছে, হুমকি দেয়া হয়েছে।

যেসব গোষ্ঠী এগুলো করছে তারা মনে করে স্বেচ্ছাচারী সহিংসতার মাধ্যমে নিজেদের দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেয়ার অধিকার তাদের রয়েছে।’ জেইদ আরও বলেন, আরও হত্যাকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ নেয়া জরুরি প্রয়োজন। দ্রুত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং লেখক, প্রকাশক ও অন্যরা যারা হামলার হুমকিতে রয়েছেন তাদের সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার মাধ্যমে এটা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক ৫ জন লেখক, প্রকাশক এবং দুই বিদেশী নিহত হওয়া ছাড়াও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পেয়েছেন। এছাড়া লেখকদের টার্গেট করে ফেসবুকে হিটলিস্ট প্রকাশ করা হয়েছে। হুমকি পাওয়া অনেকে আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন। সাম্প্রতিক এসব ভয়াবহ হত্যাকাণ্ড এবং লেখক প্রকাশকদের বিরুদ্ধে হুমকির দ্ব্যর্থহীন নিন্দা জানানোর জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান জেইদ। তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং মানবাধিকার রক্ষাকারীরা নিরাপত্তার শঙ্কা ছাড়াই তাদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার যেন চর্চা করতে পারে তা রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘মানুষকে যখন সহিংসতা বা হত্যাকাণ্ড দিয়ে হুমকি দেয়া হচ্ছে তখন তাদের কার্যকর সুরক্ষা দেয়া হলো রাষ্ট্রের দায়িত্ব।’

 

সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
 


সামপ্রতিক আলোচিত সব খুনের তদন্তে ‘তথ্য দিয়ে’ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম ই টডের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় কর্মসূচিগুলোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেখানে সহিংস-চরমপন্থা মোকাবিলায় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সচিবালয়ে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আসাদুজ্জামান খান কামাল ও উইলিয়াম ই টুড। 100139_f8

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য এবং কিছু বিষয় শেয়ার করে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সহায়তা দিতে চায়।’ বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানাতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যসহ দেশের সমপ্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে তারা (বার্নিকাট ও টড) শোক জানাতে এসেছিলেন। হত্যাকাণ্ডগুলোর পর সারা দেশে সরকার যে নিরাপত্তা জোরদার করেছে মার্কিন প্রতিনিধিরা তাতে সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশে দুইজন বিদেশী নাগরিককে গুলি করে হত্যার প্রেক্ষিতে এক মাসের বেশি সময় ধরে পশ্চিম ও পূর্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে নিরাপত্তা সতর্কতা (এলার্ট) জারি রেখেছে এবং তা নিয়মিত আপডেট করে চলেছে- সে বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশ্বের প্রায় সব দেশেই এমন সতর্কতা জারি করা হয়, এটা স্বাভাবিক। যারা সতর্কতা জারি করেছে তারা তাদের নাগরিকদের জন্য এটি করেছে। এখানে অতিরিক্ত কিছু নেই।