বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কর্মসংস্থানে শীর্ষে চট্টগ্রাম

news-image

৯০ শতাংশ হোল্ডিং কর বাকি পৌরসভাগুলোতে
 

মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ৯৫ লাখ বাংলাদেশি প্রবাস জীবন কাটাচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বিদেশের মাটিতে গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। মোট প্রবাসীর ২৬.২৪ শতাংশ বা ২৫ লাখই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দ্বিতীয় সর্বোচ্চ সিলেট বিভাগের ১৮ শতাংশ বা ১৭ লাখ বাংলাদেশি প্রবাসে অবস্থান করছেন। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগ থেকে বিদেশে গেছেন ১২ শতাংশ বা ১১ লাখ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো আবুল বাসার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

আবুল বাসার  বলেন, জনশ্রুতি আছে যেসব পরিবার অপেক্ষাকৃত গরিব, সেসব পরিবার থেকে বিদেশ যাওয়ার সংখ্যা এবং প্রবণতা বেশি। কিন্তু তাত্ত্বিকভাবে গবেষণা করতে গিয়ে দেখা গেছে, যেসব পরিবারের জমির পরিমাণ ৫০ ডেসিমল বা তার বেশি, সে ধরনের প্রায় ৭০ শতাংশ পরিবারের সদস্যরা প্রবাসে যান। দেশে গরিবের যে সংজ্ঞা, সেখানে এই ৫০ ডেসিমল পরিবার পড়ে না। তাই শুধু গরবি পরিবারের সদস্যরাই বিদেশ যান, এ তথ্যটি সঠিক নয় বলে জানান আবুল বাসার। বিআইডিএসের গবেষণায় দেখা গেছে, উত্তরাঞ্চলের রংপুর বিভাগ থেকে সবচেয়ে কম মানুষ কর্মসংস্থান কিংবা পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যান। এই হার মাত্র ৩ শতাংশ। রাজশাহী বিভাগ থেকেও বিদেশে যাওয়ার প্রবণতা কম। এই হার মাত্র ৫ শতাংশ। গবেষণায় সরকারের কাছে সুপারিশে বিআইডিএস বলেছে, সরকার যদি নিজ উদ্যোগে মানুষদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করে, তাহলে সবার আগে গরিব জনগোষ্ঠী ও দুর্বল এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিআইডিএস।

 

বিআইডিএসের আরেক গবেষণায় দেখা গেছে, স্বল্পোন্নত ৪৮টি দেশের মধ্যে এশিয়ার তুলনায় আফ্রিকার দেশগুলোতে মূলধন বিনিয়োগ বেশি হয়। আফ্রিকার দেশগুলোর তুলনায় বাংলাদেশসহ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলো অপেক্ষাকৃত সরাসরি বৈদেশিক বিনিয়োগ, উন্নয়ন সহযোগীদের ঋণ এবং সরকারিভাবে ঋণ কম পায়। বাংলাদেশসহ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোতে কেন মূলধন প্রবাহ কম আসে সে বিষয়ে গবেষণা করতে গিয়ে বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মনজুর হোসাইন দেখিয়েছেন, এর পেছনে মূলত চারটি কারণ দায়ী। সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা, আর্থিক খাতে অস্থিরতা, প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা এবং রাজনৈতিক অস্থিরতা।

 

গবেষণায় দেখা গেছে, মূলধন প্রবাহ আফ্রিকার দেশগুলোতে বেশি যাচ্ছে-কারণ ওই সব দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি। তুলনা করলে এশিয়ার দেশগুলোতে ওই রকম প্রাকৃতিক সম্পদ নেই। সে কারণে বৈদেশিক বিনিয়োগও কম হয়। এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোতে সবসময় রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে। আর্থিক খাতও ভঙ্গুর অবস্থায়। সামষ্টিক অর্থনীতি এখনো শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারেনি। এসব কারণেই বৈদেশিক বিনিয়োগ, অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স বা ওডিএ কম আসে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে।

বিআইডিএস বলছে, বাংলাদেশে এফডিআই দেড়শ কোটি ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গত বছর এফডিআই এসেছে ১৫৩ কোটি ডলার। আগের বছর এসেছিল ১৫৯ কোটি ডলার। এ ছাড়া উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ আসছে ৩০০ কোটি ডলারের মতো। দেশের ৩২৬টি পৌরসভার রাজস্ব এবং খরচ নিয়ে করা আরেক গবেষণায় দেখা গেছে, পৌরসভাগুলোতে ৯০ শতাংশই হোল্ডিং কর অপরিশোধিত থাকে। হোল্ডিং কর সঠিকভাবে আদায় হয় না। বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মোহাম্মদ ইউনূস পৌরসভা নিয়ে করা গবেষণায় দেখিয়েছেন, অদক্ষতা এবং দুর্নীতি এ দুটি কারণে পৌরসভাগুলোতে হোল্ডিং কর সঠিকভাবে আদায় হয় না। ছয় হাজার ৬৩৪ পরিবারের ওপর জরিপ করে এই গবেষণাটি করেন ড. মোহাম্মদ ইউনূস।

গবেষণায় দেখা গেছে, ক ক্যাটাগরির পৌরসভায় ১৩ হাজার ১৩৩ টাকা হোল্ডিং কর অনাদায়ী থাকে। খ ক্যাটাগরিতে থাকে তিন হাজার ৬৩১ টাকা। আর গ ক্যাটাগরিতে দুই হাজার ৭৯১ টাকা। হোল্ডিং কর না দেওয়া প্রসঙ্গে পৌরসভার বাসিন্দারা জানিয়েছেন, সড়ক বাতি, বর্জ্য অপসারণ, পানিসহ পৌরসভার অন্যান্য সেবা যদি সঠিকভাবে তাঁরা পেতেন, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কর আদায় করতেন। কিন্তু সেসব সেবা পাওয়া যায় না।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে