মাধুরীর চেয়েও ভালো , কেমন আছেন শখ
অনেক দিন থেকেই কোনো হিট ছবি নেই। সালমান খানের বিপরীতে 'প্রেম রতন ধন পায়ো' দিয়ে আলোচনায় ফিরতে চান সোনম কাপুর। সে লক্ষ্যে এখন পর্যন্ত সফল। ছবি মুক্তি না পেলেও তিনি সন্তুষ্ট করতে পেরেছেন সালমানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বজরঙ্গি ভাইজান' বলেছেন, "মাধুরী 'হাম আপকে হ্যায় কৌন'-এ যা করেছেন, এ ছবিতে সোনম এর চেয়ে অনেক ভালো করেছে। এটা হয়তো আমি মজা করে বলছি। কিন্তু ছবি মুক্তির পর আপনারা দেখতে পাবেন সে (সোনম) আসলে কতটা উন্নতি করেছে।"
সহ-অভিনেতার এমন দরাজ প্রশংসা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সোনম জানিয়েছেন এ উন্নতির জন্য তিনি অনেক দিন ধরেই কঠোর পরিশ্রম করছিলেন। বিশেষত নিজের ফিটনেস নিয়ে। জানা গেছে এ ছবির জন্য অভিনেত্রী তাঁর ব্যক্তিগত ট্রেনার রাধিকা কার্লের অধীনে জিমে অনেক বেশি সময় দিয়েছেন। ভিন্ন ধরনের ব্যায়ামের সঙ্গে অনুসরণ করেছেন ডায়েট চার্ট। জিম আর সারা দিনের কাজের মধ্যে প্রতি দুই ঘণ্টা পর পর খাবার খেয়েছেন সোনম। যার মধ্যে সবই ছিল ডাল, সবজি, ফল, চিকেনসহ উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার।
কেমন আছেন শখ
মডেলিং-টিভি নাটকে এসেই বাজিমাত। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সম্প্রতি একটু কমই দেখা যাচ্ছে পর্দায়। কী করছেন, কেমন আছেন আনিকা কবির শখ?
আট বছর আগের কথা। নাচ নিয়ে রঙিন স্বপ্ন দেখত মেয়েটি। হঠাৎ প্রস্তাব পেল মডেলিংয়ের। আগপাছ ভেবে করেই ফেলল। প্রথম কাজেই সবার নজরে পড়ে যায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আট বছর ধরে ভক্ত-দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন আনিকা কবির শখ । 'আট বছর চলে গেছে! আমার তো বিশ্বাসই হয় না। চাওয়া-পাওয়ার হিসাবও কোনো দিন করিনি। আজও করব না। সবাই এত ভালোবাসে, আপন মনে করে-এটাই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।'
আট বছর পরে এসে নিজেকে কোথায় আবিষ্কার করছেন শখ? পৌঁছাতে পেরেছেন কি লক্ষ্যে? 'না। কারণ আমার কোনো লক্ষ্যই ছিল না।' জানালেন শখ। অনেকটা শখেই কাজ শুরু করেছিলেন। কিন্তু এই অঙ্গন থেকে চাওয়া-পাওয়ার হিসাব করেননি। যা পেয়েছেন সেটাই মাথা পেতে নিয়েছেন। এখন কী নিয়ে ব্যস্ত? "দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে কাজ করছি। আরটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে পল্লব বিশ্বাসের 'রিলেশন'। এ ছাড়া সাগর জাহানের দুটি ধারাবাহিকের কাজ চলছে। আগামী মাস থেকে বাংলা ভিশনে প্রচার শুরু হবে 'মিলার বারান্দা'। এখানে আমার বোনের চরিত্রে আছেন রিচি সোলায়মান। দুই বোনের গল্প নিয়েই 'মিলার বারান্দা'। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে করছি 'এই কূলে আমি আর ওই কূলে তুমি'। খুব ভালো কাজ হচ্ছে।"
শখের সর্বশেষ চলচ্চিত্র 'অল্প অল্প প্রেমের গল্প'। নিলয়ের সঙ্গে ছবিটি একশ্রেণির দর্শকের কাছে বেশ সমাদৃতও হয়েছিল। কিন্তু এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। নতুন চলচ্চিত্রে কাজ করার কোনো খবর আছে? "প্রথম চলচ্চিত্র 'বলো না তুমি আমার' করেছিলাম কিছু বুঝে ওঠার আগেই। এখন কাজ করলে বুঝেশুনে করতে চাই। ভালো গল্প ও ভালো পরিচালকের ছবিতে সুযোগ পেলে অবশ্যই করব।'
সম্প্রতি ইমনের সঙ্গে 'ভুলবো না তোমায়' টেলিফিল্মে কাজ করলেন। এটাই তো আপনাদের দুজনের প্রথম কাজ? 'হ্যাঁ, খুবই মজার একটা ব্যাপার। দুজনে এতবার মঞ্চে নেচেছি, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছি কিন্তু একসঙ্গে অভিনয় করা হয়নি। চমৎকার চারটি দিন কাটিয়েছি। ইমন যে এতটা হেল্পফুল এবং গুডহার্টেড সহশিল্পী, আগে জানতাম না।' নতুনদের অভিনয়-দক্ষতা নিয়ে অনেকেই আজকাল প্রশ্ন তোলেন। আপনার কী মনে হয়? নতুনরা কেমন করছে? 'আগে টিভি চ্যানেল কম ছিল। প্রতিযোগিতা কম ছিল। সবাই শিখে আসত। আজকাল ওই সুযোগটা নেই বা থাকলেও নিতে চাচ্ছে না। আমি নাচের মেয়ে, অনেকে সরাসরি সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছে। তাদের পক্ষে তো শুরুতেই পাকা অভিনয় সম্ভব নয়। নতুনদের সময় দিতে হবে।' আপনার নিজেকে নিয়ে কী মূল্যায়ন? 'প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম অভিনয় না জেনে। এর পর থেকে প্রতিনিয়ত শিখছি। আরো ভালো করতে চাই।'











