সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদ উৎসবে মাতোয়ারা দেশ

news-image

মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। শান্তি, সৌম্য আর ভ্রাতৃত্বের অমর বাণী শোনাতে বছর ঘুরে শারদ উৎসবে স্বর্গলোক থেকে মর্তে আবারও আসছেন মহামায়া, আনন্দদায়িনী, পরমা প্রকৃতি মা দুর্গা। সঙ্গে নিয়ে আসছেন লক্ষ্মী, সরস্বতী, গনেশ আর কার্ত্তিককে। ঘরে ঘরে উঠেছে আনন্দের ঢেউ। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি চিরায়ত সাংস্কৃতিক উৎসব। শরৎকালে বাংলার প্রতিটি ঘরে, পাড়ায়, মহল্লায় দুর্গাপূজার আমেজ পরিলক্ষিত হয়। সার্বজনীন এই উৎসবে শিশু, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, নারী ও পুরুষ সবাই মেতে উঠেন পরমানন্দে। এই মহান উৎসবটি ধর্মানুরাগী ভক্তদের হৃদয়ে যেমন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায় তেমনি বাঙালি সর্বসাধারণের মনে-প্রাণে আনন্দ আর উল্লাসের অনুভূতি যোগায়। 
হিন্দু ধর্ম ও তার অনুসারীদের হাজার বছরের বিশ্বাস অনুযায়ী, দেবী কোন বাহনে চড়ে মর্ত্যলোকে আসবেন ও ফিরে যাবেন তার ওপরই নির্ভর করে বাঙালির জীবনাচরণ ও প্রকৃতি। বিশুদ্ধ পঞ্জিকা (১৪২২ বঙ্গাব্দ) মতে এবার দেবী আসছেন ঘোটকে চড়ে। ফিরে যাবেন দোলায় করে। দেবালয় থেকে দেবী দুর্গার আগমনের মূলমন্ত্র হচ্ছে শত্রুর বিনাশ ও সৃষ্টির পালন। অসুর বিনাশ করে তার ভক্তদের কল্যাণ সাধন।

দেবী দুর্গাকে সবাই মা দুর্গা, পার্বতী, মহামায়া, কৈলাশী, দুর্গতিনাশিনী, চণ্ডী, বাসন্তী, পরমা প্রকৃতি, নারায়ণী, ভদ্রকালী, হৈমবতী, ঈশ্বরী, বৈষ্ণবী, মাহেশ্বরী ইত্যাদি নানা নামে অভিহিত করেন। দুর্গা শব্দের অর্থ ‘দ’ দিয়ে দুর্গতি নাশ, ‘ ু’ দিয়ে রোগ শোক নাশ, ‘গ’ দিয়ে অসুর নাশ এবং ‘আ-কার’ দিয়ে শত্রুকে নাশ। যখনই দুঃখে-ক্লেশে-বিপদে-আপদে স্বর্গের দেবতা ও মর্তের মনুষ্য সমাজ মূহ্যমান হয়েছেন, এ থেকে পরিত্রাণের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, তখনই পরিত্রাতা রূপে আভির্ভূত হয়েছেন দুর্গতি হারিণী শ্রী শ্রী দুর্গা দেবী। আধ্যাত্মিক ভাবনা দুর্গা কাঠামোতে অন্তর্নিহিত। দুর্গার দশহাত দশদিক রক্ষা করার প্রতীক, দেবী ত্রিনয়নীর একটি নয়ন চন্দ্র স্বরূপ, একটি সূর্যস্বরূপ এবং তৃতীয়টি অগ্নিস্বরূপ। তার ত্রিনয়নের ইঙ্গিতেই নিয়ন্ত্রিত হয় ত্রিকাল। দেবী সিংহবাহন তামসিক পশুশক্তির অধিপতি পশুরাজ সিংহ। মহিষাসুর হলেন দেহস্থ প্রবল রিপুর প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য-এর ঘনীভূত মূর্তি মহিষাসুর। শিব হলেন সর্বপুরি অধিষ্ঠিত শিব মঙ্গল ও স্থিরত্বের প্রতীক। দেবীর ডানপাশে ওপরে লক্ষ্মী হলেন-ধনশক্তি বা বৈশ্য শক্তির, গণেশ-ধনশক্তির বা শূদ্র শক্তির, সরস্বতী-জ্ঞানশক্তি বা ব্রহ্মণ্য শক্তির, কার্তিক ক্ষত্রিয় শক্তির প্রতীক। দুর্গা দেহ দুর্গের মহাশক্তি। সাধক সাধনাকালে সেই শক্তিকে জাগ্রত করেন। সেই শক্তি যখন জাগ্রত হয় তখন দেহস্থিত রিপুসমূহ তাকে পরাজিত করে বশীভূত করার জন্য উদ্যোগী হয়। 


দুর্গা পূজার হাজার বছরের ইতিহাস:
ইতিহাসের পাতা ঘেটে দেখা যায়, প্রায় পাঁচ হাজার বছর আগে পাঞ্জাবের হরপ্পা ও সিন্ধুর মহেঞ্জদারোতে দুর্গা দেবীর পূজা হতো। পঞ্চদশ শতকে তৎকালীন শ্রী হট্ট (বর্তমান সিলেট) এলাকার রাজা গণেশ চন্দ্র প্রথম প্রতিমা স্থাপন করে দুর্গা পূজা শুরু করেন। এছাড়া, ষোড়শ শতাব্দীতে রাজশাহী অঞ্চলে রাজা কংশ নারায়ণ দুর্গাপূজা শুরু করেন। অষ্টাদশ শতকে নদীয়ার রাজা কৃষ্ণ চন্দ্র দুর্গাপূজা করেন। এভাবে দীর্ঘদিন ধরে দুর্গাপূজা ছিল রাজা, জমিদার, জোতদার, মহাজন, প্রতাপশালী ও বিত্তবানদের দখলে। কিন্তু কালক্রমে দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপালসহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। 
dorga poja=2


সনাতন ধর্মের ইতিহাস বলে, দুর্গাপূজা বসন্তকালীন পূজা। কিন্তু ত্রেতা যুগে শ্রী রাম চন্দ্র রাবনের সঙ্গে সম্মুখযুদ্ধে জয়লভের আশায় শরৎকালে দেবীর অকাল বোধন করেছিলেন। সেই থেকে দুর্গা পূজা শরৎকালে পালিত হয়ে আসছে। রীতি অনুযায়ী আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এবার ১২ই অক্টোবর শুভ মহালয়া, ১৮ই অক্টোবর শ্রী পঞ্চমী তিথিতে সায়ংকালে দেবীর বোধন, ১৯শে অক্টোবর ষষ্ঠীবিহিত পূজা, ২০শে অক্টোবর মহাসপ্তমী বিহিত পূজা, ২১শে অক্টোবর মহাষ্টমীবিহিত পূজা, ২২শে অক্টোবর মহানবমী বিহিত পূজা ও একই দিনে দশমী বিহিত পূজা সমাপনান্তে দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে।
সারা দেশে ২৯ হাজারের বেশি পূজামণ্ডপ, রাজধানীতে ২২২: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি পূজামণ্ডপে মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে এ সংখ্যা ২২২। পরিষদের সভাপতি কাজল দেবনাথ মানবজমিনকে বলেন, সারা দেশে ২৯ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তুতিও চলছে জোরেশোরে। তিনি বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের একাধিক বৈঠক হয়েছে। পূজায় নিরাপত্তার ব্যাপারে তারা আমাদের আস্বস্থ করেছেন। আশা করি আনন্দময় পরিবেশে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, এবার ঢাকা মহানগরীতে ২২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নিরাপত্তার ব্যাপারে খুবই তৎপর। আশা করি নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির, কলাবাগান খেলার মাঠ, রমনা কালীমন্দির, খিলক্ষেত পূজা উদযাপন পরিষদ, মিরপুর-২ এর কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে এবারও বিশাল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বরাবরের মতো ভিন্ন আঙ্গিকে পূজার আয়োজন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

ইতিমধ্যে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। এবারও প্রতিমা তৈরিতে ব্যতিক্রম কিছু থাকবে বলে জানালেন চারুকলার শিক্ষার্থীরা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা এলাকায় এবার ব্যক্তিগত ও সংগঠন পর্যায়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাতদিন চলছে প্রতিমা, পূজামণ্ডপ ও প্যান্ডেল নির্মাণের কাজ। পূজা সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব বেশি দিন বাকি নেই, তাই রাত-দিন কাজ করতে হচ্ছে।dorga poja
পুরান ঢাকায় বইছে আনন্দের জোয়ার: এদিকে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও জমজমাট পূজার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন পুরান ঢাকার পূজারিরা। সংস্কৃতি ও ধর্মীয় উৎসব পালনে পুরান ঢাকার ঐতিহ্য সেই বৃটিশ ঔপনিবেশিক শাসনামল থেকে। আর তা যদি হয় দুর্গাপূজার মতো সার্বজনীন উৎসব তাহলে তো কথাই নেই। সরজমিন পুরান ঢাকার শাখারীবাজার, তাঁতীবাজার, ঠাটারীবাজার, ওয়ারী, সূত্রাপুর,  কোতোয়ালিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আনন্দের বন্যা বইছে এসব এলাকার বিভন্ন বয়সী নারী-পুরুষের মাঝে। এই এলাকার বিভিন্ন দেব-দেবীর মন্দির, অলিগলি, রাস্তা, খেলার মাঠ এমনকি বাড়ির উঠানেও তৈরি হচ্ছে পূজার প্যান্ডেল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি। পূজার আয়োজনে থাকছে প্রতিযোগিতার আমেজ। আয়োজকরা বলছেন দুর্গাপূজার আয়োজনের ব্যাপক প্রস্তুতির কথা। তাদের দাবি পুরান ঢাকার পূজার প্রস্তুতি শুরু হয় পূজার ২-৩ মাস আগ থেকেই। সেই হিসেবে আয়োজনও থাকে ব্যাপক। ভিন্ন আঙ্গিকের প্রতিমা নির্মাণ, বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্যান্ডেল, পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শনী, দুর্গা দেবীর চলচ্চিত্র প্রদর্শনী, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতাসহ বিচিত্র ও বৈচিত্র্যময় আয়োজন থাকে পুরান ঢাকার পূজামন্ডপগুলোতে। এ উপলক্ষে সপ্তাহজুড়ে থাকবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। আয়োজকরা জানান, কোনো কোনো পূজার খরচ সর্বনিম্ন ৩লাখ থেকে ১০ লাখ, কখনও কখনও তা ২০ থেকে ২৫ লাখ ছাড়িয়ে যায়। দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামে পুরান ঢাকায়। এবার পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারে ২০টির বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে। এলাকা ঘুরে দেখা গেছে, রাত-দিন ব্যস্ত প্রতিমা কারিগররা। চলছে তুলির শেষ আঁচড় এখানকার কয়েকজন প্রতিমা নির্মাণকারী জানালেন প্রতিমা নির্মাণে এবার তারা ৩০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে এবারও থাকছে রমাকান্ত নন্দী লেন কমিটি, তাঁতীবাজার ব্যবসায়ী সমিতি, শঙ্খমিত্র সংঘ, গোয়ালনগর সার্বজনীন পূজা কমিটি, নতুন কুঁড়িসংঘ, নববাণী সংঘসহ বিভিন্ন ক্লাব ও সমিতিসহ অনেক সংগঠন। পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে পূজাতো আছেই। 
থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে ২৮ হাজারের বেশি মণ্ডপের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে পুলিশ পূজার পূর্ববর্তী, পূজা চলাকালীন এবং পূজা পরবর্তী সময়ে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনে পূজামণ্ডপগুলোতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৪ঠা অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবারও পূজার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি থাকবে। মণ্ডপগুলোর নিরাপত্তায় প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে। ৬ই অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান দুর্গাপূজা উপলক্ষে গৃহীত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সভাকে অবহিত করেন। আইজিপি বলেন, প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোন মহল যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বিস্তার ঘটায় দেশে প্রতিনিয়ত পূজামণ্ডপের সংখ্যা আগের তুলনায় বাড়ছে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 
poja-2


২শ’ বছরের বেশি পুরনো পূজা: ঢাকা মহানগরীর সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠিত হয় শাঁখারীবাজার ২৫ নম্বর বাড়িতে। ঠিক কবে থেকে দুর্গাবাড়িতে দুর্গাপূজা শুরু হয় তা এলাকাবাসী নির্দিষ্ট করে কেউই বলতে পারেননি। তবে তারা দাবি করছেন বংশ পরম্পরায় দুর্গাবাড়িতে ২শ’ বছরের বেশি সময় ধরে পূজা চলে আসছে। কেউ কেউ বলেন, আড়াইশ বছর ধরে। এলাকার অশীতিপর বৃদ্ধ শম্ভু সরকার মানবজমিনকে বলেন, আমি সেই ছোটবেলা থেকেই দুর্গাবাড়িতে পূজা দেখে আসছি। বাপ-দাদাদের মুখে শুনেছি ব্রিটিশ আমল থেকে দুর্গাবাড়িতে পূজা হচ্ছে। ষাটোর্ধ্ব চণ্ডী বাবু বলেন, শুনেছি বহুকাল ধরে দুর্গাবাড়িতে পূজা হচ্ছে। দুর্গাবাড়ির গৃহকর্ত্রী শ্রী মতি সমাপিকা ধর মানবজমিনকে বলেন, সাত পুরুষ ধরে দুর্গাবাড়িতে নিয়মিত দুর্গা পূজা হয়। আমি এ সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত এ বাড়িতে পূজা হয়নি- এমন দেখিনি। শুনেছি আমার দাদা শ্বশুর উমেশ চন্দ্র ধর নিয়মিত পূজা করতেন। পরে আমার শ্বশুর শ্রী সত্যেন্দ্র চন্দ্র ধরকে নিয়মিত এ পূজা করতে দেখেছি। এক সময় আমার স্বামী স্বর্গীয় সুরেশ্বর চন্দ্র ধর নিয়মিত পূজা করতেন। তিনি স্বর্গবাসী হওয়ার পর এখন করছি আমি। তিনি জানান, দুর্গাবাড়িতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় মহালয়ার (অমাবশ্যা) আগ থেকে। ‘জিদ’ পূজার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ঘটের সামনে ফুল, বেলপাতা, ফল দিয়ে মা দুর্গাকে আহ্বান করা হয়। জিদ পূজার দিন থেকে শুরু করে সারা রাত উপবাস থেকে পরদিন সকালে উপবাস ভেঙে জিদ পূজার সমাপ্তি ঘটে। এরপর মহালয়ার দিন দশভূজা দেবী দুর্গাকে মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। প্রতিপদে ঘট স্থাপন করে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, ও পঞ্চমীতে প্রতিদিন মায়ের ঘটে পূজা করা হয়। তিনি বলেন, ষষ্ঠিতে ঢাকঢোল শঙ্খ বাজিয়ে অধিবাস পূজা (আমন্ত্রণ) করে সেই ঘট স্থাপন করা হয় মায়ের মন্দিরে। এরপর সপ্তমী, অষ্টমী ও নবমীতে মায়ের সামনে ২১টি ঘট স্থাপন করে প্রতিদিন মায়ের পুজো দেয়া হবে। দশমীবিহিত পূজা সমাপন করে দুর্গাপূজার ১০ দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। আজ পর্যন্ত এ পূজার নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে জানান সমাপিকা ধর।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা