রাশিয়ার দৌঁড় কতোদূর
সিরিয়ায় গৃহযুদ্ধ গত ৪ বছর ধরে। কিন্তু মাথা ব্যথা এখন বিশ্বের পরাশক্তির। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হয়ে উঠছেন পরাশক্তিগুলোর শক্তির কেন্দ্র। তারা সবাই চায় সিরিয়ায় নিয়ন্ত্রণ বজায় রাখতে। কিন্তু কেন? এর বিশ্লেষণ করেছেন ফিন্যান্সিয়াল টাইমসের পররাষ্ট্র বিষয়ক ভাষ্যকার গিদোইয়োন র্যাচম্যান। তার মতে, একীভূত বিশ্বে একটি দেশ আক্রান্ত হলে সবাইকে তার সুফল কিংবা কুফল ভোগ করতে হবে।
ছায়াযুদ্ধ ভাল নয়: গিদোইয়োন র্যাচম্যান ইতিহাস বিশ্লেষণ করে বলেন, ১৯৩০ সালে স্পেনের গৃহযুদ্ধ বাইরের বিশ্বকে স্পর্শ করেছিল। নািস জার্মানি জাতীয়তাবাদীদের এবং সোভিয়েত ইউনিয়ন সমর্থন দিয়েছিল রিপাবলিকানদের। সেখানে যুদ্ধ করতে বিদেশিরাও জড়ো হয়েছিলেন। সেই ছায়াযুদ্ধ এখন দেখা যাচ্ছে সিরিয়ায়। দেশটিতে এখন সরকার পক্ষকে রাশিয়া এবং বিরোধী পক্ষকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধ এখন বাইরের বিশ্বের যুদ্ধ হিসেবে দেখা দিয়েছে। অর্থাত্ সিরিয়ার আগুনে এখন জ্বলছে পরাশক্তিগুলো। বাইরের বিশ্বের এই যুদ্ধ সিরিয়া যুদ্ধকে দীর্ঘস্থায়ী, রক্তাক্ত, মর্মান্তিক এবং সর্বোপরি বিপজ্জনক করে তুলছে। আর সমাপ্তিটাও অত্যন্ত কঠিন হবে। সিরিয়ার অভ্যন্তরেই সমস্যার সমাধান হলে এই চার বছরে অনেক আগেই সমাধান হতো। সিরিয়ার সরকার এবং মানুষ পুনর্গঠনের কাজে হাত দিতে পারতো। কিন্তু গৃহযুদ্ধে বাইরের বিশ্বের হাত পড়ায় গৃহযুদ্ধের আগুনে আরো পেট্টোল ঢেলে দিল। এখন যদি আন্তর্জাতিক বিশ্বের মধ্যে সমাধান হয় তাহলেই সিরিয়া সংকটের সমাধানের মুকুট উন্মোচিত হবে।
প্রথমদিকে সিরিয়া সংঘাতের কারণে বিরোধী ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত তৈরি করেছে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে আগে এটা ততোটা সংশ্লিষ্ট না থাকলেও এখন দুই পক্ষই বিমান হামলা চালাচ্ছে। আর এই ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। গিদোইয়োন র্যাচম্যান মনে করেন, এসব যুদ্ধ নিয়ন্ত্রণ করা খুব কঠিন। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র ১৯৮০ সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ছায়াযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু এরপর কি ঘটলো? সেখানে জঙ্গিদের উত্পত্তি হলো। আর ফল এখনো দুই দেশকে ভোগ করতে হচ্ছে। একইভাবে সিরিয়া সংঘাত যে কিভাবে বর্তমান অবস্থায় আসলো তা বোঝা খুব কঠিন কিছু নয়। সৌদি আরব স্পষ্টভাবে জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছে। দেশটি সিরিয়ায় একটি জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। রাশিয়াও একই হুমকির সম্মুখীন হচ্ছে। কারণ সেখানেও মুসলমানদের সংখ্যা বাড়ছে। ইউক্রেন সংঘর্ষ ছাড়াও তারা আরো একটি বড় যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু এসব হুমকি থাকা সত্ত্বেও বাইরের বিশ্ব আবার সিরিয়ায় নাক গলাচ্ছে। কারণ তারা মনে করে, সিরিয়া থেকে সরে গেলে বিরোধীদের আধিপত্য বাড়বে। সিরিয়ায় মূল যুদ্ধ সুন্নী এবং শিয়াদের মধ্যে। আসাদ শিয়াদের দ্বারা সমর্থিত, বিশেষ করে ইরান এবং ইরাক। আর আসাদবিরোধীরা সুন্নিপন্থী সৌদি আরব, উপসাগরীয় দেশ এবং তুরস্কের দ্বারা। আর এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সংগ্রাম মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে। কিন্তু এর চেয়েও বেশি কিছু। তা হলো ভূ-রাজনৈতিক এবং আদর্শিক যুদ্ধে রুপান্তরিত হচ্ছে। রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে ইউক্রেনের ভবিষ্যত্ ইস্যুতে একটি যুদ্ধে জড়িয়ে আছে।
এই অঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস একটি জটিল স্তর হিসেবে দেখা দিয়েছে। তাত্ত্বিকভাবে হয়তো বলা যেতে পারে, এই আইএসই বাইরের বিশ্বকে একত্রিত করবে। আর এর প্রমাণ হলো, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রাশিয়া আইএসের ওপর হামলা না করে সিরিয়ার আধুনিক বাহিনী তথা আসাদবিরোধীদের ওপর হামলা চালাচ্ছে। এই আসাদবিরোধীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার জোটে যোগ দিতে পারে ইরাক। রাশিয়া ইরাকের সম্মতি ছাড়া সিরিয়ায় যুদ্ধ করতে পারবে না। কারণ ইরাক হয়েই রাশিয়াকে তার সৈন্যদের জন্য রসদ সরবরাহ করতে হবে। যুক্তরাষ্ট্র গত ৫ সেপ্টেম্বর ইরাককে রাশিয়ার সামরিক বিমান প্রতিরোধের আহবান জানিয়েছিল। কিন্তু সেই আহবান প্রত্যাখ্যান করা হয়। কিন্তু কেন? এ প্রসঙ্গে সিএনবিসিতে প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র বিষয়ক সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড এল ফিলিপস বলেন, ইরাকের শিয়াপন্থী সরকার এখন যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের দিকেই ঝুঁকে পড়ছে। কারণ ইরানের কুর্দি বাহিনী ইরাকের আনবার এবং পশ্চিমা প্রদেশে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সরকারকে টিকে থাকতে হলে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে ইরানের রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমর্থন দরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের দূরত্ব বাড়ছে তার আরেকটি প্রমাণ গত সপ্তাহে ইরাক রাশিয়া, সিরিয়া এবং ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত হয়েছে। এই চুক্তি সম্পর্কে ইরাক সরকার যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিল। অথচ এই আবাদিকে প্রধানমন্ত্রী হতে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাকে নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে মূল ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের। আর সাদ্দামের পতনের কারণেই ক্ষমতার দরজা খুলে যায় শিয়াদের জন্য।
রাশিয়া এখানে কেন: সিরিয়ার লাটাকিয়ার দক্ষিণ থেকে ২৫ কিলোমিটার দূরে বিমান ঘাঁটি গড়ে তুলেছে রাশিয়া। ‘রাশিয়া আসাদের সমর্থনেই মূলত এই হামলা চালাচ্ছেন। তিনি চান পশ্চিমা বিশ্ব আসাদের সঙ্গে সমঝোতায় আসুক। না কি রাশিয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবেশ করার একটি পথ তৈরি করছে? না কি সুন্নিপন্থী বিদ্রোহীদের দমন করে ইরানের স্বার্থই বজায় রাখতে চাইছে এই অঞ্চলে? এমনও হতে পারে রাশিয়া আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটে যোগদানের জন্যই জটিল এই যুদ্ধে জড়িয়ে পড়েছে? এরকম নানা প্রশ্ন আছে। এর উত্তর দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক টিম লিস্টার। তিনি ইতিহাস ঘাটেন। তার মতে, এই অঞ্চলে রাশিয়ার মিত্র খুবই কম। সিরিয়া এবং ইরানই কেবল আছে। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে মিসর রাশিয়ার অন্যতম মিত্র ছিল। কিন্তু কয়েক দশক আগেই সেই মিসরও হাতছাড়া হয়ে গেছে। আর তাই সিরিয়ার আসাদ সবসময়ই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো শান্তি প্রক্রিয়ায় ভেটো দিয়েছেন। ৪০ বছর আগে বাশারের বাবার কূটনৈতিক এবং সামরিক সরঞ্জামের যোগানদাতা ছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯৬৭ সালে ইসরাইল বিরোধী যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলার জটিল সব অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল। সিরিয়ায় আছে রাশিয়ার দুটি বন্দর। ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনীর জন্য সুবিধা সিরিয়া ছাড়া আর কেউ দিতে পারবে না। সিরিয়ায় হামলা করার মাধ্যমে এবং ইরাক, ইরানকে সঙ্গে নিয়ে আসতে সক্ষম হয়ে রাশিয়া একটা কূটনৈতিক অভ্যুত্থান ঘটালো বলেই মনে করেন টিম লিস্টার।
টিকতে পারবে রাশিয়া?: গত ৩০ সেপ্টেম্বর সকাল। রাশিয়ার তিন তারকা জেনারেল বাগদাদে মার্কিন দূতাবাসে আসলেন। এসে তিনি জানালেন, রাশিয়া কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়ায় বিমান হামলা চালাতে যাচ্ছে। আমেরিকার সামরিক বাহিনীর উচিত সিরিয়ার আকাশপথ থেকে তাত্ক্ষণিকভাবে সরে যাওয়া। ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই সেই হামলা শুরু হয়। রাশিয়া গত শুক্রবার জানিয়েছে, তারা আইএসের ৬০টি ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ৩০০ জঙ্গিকে হত্যা করেছে। যদিও রাশিয়ার এই মতের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র। এখন দুই দেশের মধ্যে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি চলছে। যুক্তরাষ্ট্র তো বলেছে, রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার ঠাণ্ডা যুদ্ধের পর এই প্রথম বিশ্ব আবার দুই দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনেকের মতে, রাশিয়া একটি জটিল যুদ্ধে জড়িয়ে পড়লো। কিন্তু দীর্ঘমেয়াদী এবং জটিল যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য কি রাশিয়ার আছে? এ সম্পর্কে নিউইয়র্ক ইউনিভার্সিটির রাশিয়া বিষয়ক এক বিশেষজ্ঞ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার মতো সামর্থ্য রাশিয়ার নেই। কারণ রাশিয়াকে বিমান নিয়ে আসতে ইরাক এবং ইরানের আকাশপথ ব্যবহার করে। আর নৌপথে আসতে হবে ক্রিমিয়া হয়ে যে পথে আসতে ১০ দিন লাগে। কিন্তু এসব পথ কতদিন রাশিয়া ব্যবহার করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি আঘাত হানে তাহলে গতানুগতিকভাবে রাশিয়া সম্মুখীন হয় অর্থাত্ স্থলপথে পায়ে পা দিয়ে যুদ্ধ করে তাহলে রাশিয়ার হার নিশ্চিত। যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্রও অত্যাধুনিক। তাছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার চেয়ে সামরিক ক্ষেত্রে ১০ গুণ বেশি ব্যয় করে। এমনকি বর্তমান সময়ে চীনও রাশিয়ার চেয়ে সামরিক ব্যয়ে এগিয়ে আছে। অনেকের মতে, বর্তমান যুগে পায়ে পা দিয়ে যুদ্ধ করলেই চলে না। আধুনিক সময়ের যুদ্ধে ভৌগোলিক এবং রাজনীতিও জড়িত।











