অটোরিকশার ভাড়া নিয়ে অরাজকতা, হিউম্যান হলারে ভাড়া বাড়ানোর চেষ্টা
চট্টগ্রামে মিটারে আগ্রহ নেই চালকদের, প্রশাসনও নীরব
সিএনজিচালিত অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা আগামী ১ নভেম্বর থেকে। কিন্তু তার আগেই চট্টগ্রাম নগরে ভাড়া নিয়ে অরাজকতা শুরু করেছে অটোরিকশাচালকরা। নানা অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া নেওয়ার কারণে সাধারণ যাত্রীরা অনেকটা জিম্মি হয়ে পড়েছে। অটোরিকশার কোনো চালক মিটারে চলে না। কিন্তু এই অরাজকতা বন্ধে প্রশাসনের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। নগরের চকবাজার থেকে আন্দরকিল্লা এলাকার দূরত্ব দুই কিলোমিটার। সরকার নির্ধারিত সিএনজিচালিত অটোরিকশার বর্তমান সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা। কিন্তু এই দূরত্বের জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা করে।
নিউ মার্কেট থেকে দেওয়ানহাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। মিটারে ৩২ টাকা ৬৪ পয়সা ভাড়া হলেও চালকরা নিচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। মুরাদপুর থেকে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। এই দূরত্বের ভাড়া ৬৩ টাকা ২০ পয়সা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। ঈদুল আজহার সরকারি ছুটির সময় থেকে এই অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হলেও তা এখনো কমেনি। বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার আগেই ৫০ থেকে ১০০ শতাংশ বেশি ভাড়া নিচ্ছে অটোরিকশাচালকরা।
শুক্রবার সকাল ১০টার দিকে নগরের ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা শফিক আহমেদের সঙ্গে কথা হয় আন্দরকিল্লা এলাকায়। অটোরিকশায় করে চকবাজার থেকে এসেছিলেন তিনি। জানতে চাইলে শফিক বলেন, অটোরিকশাচালকরা ভাড়া হাঁকে ৮০ টাকা। ৭০ টাকার কমে কেউ আসতে চাচ্ছিল না। প্রায় ১৫ মিনিট ধরে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে দরকষাকষি করে শেষ পর্যন্ত ৭০ টাকা দিয়ে আসতে হলো। শফিককে নিয়ে আসা অটোরিকশার চালক রফিক আহমেদ বলেছিলেন, 'গ্যাসের দাম বেড়ে গেছে। আগে ৮০ থেকে ১০০ টাকা দিয়ে গ্যাস নিয়ে এক হাজার ২০০ টাকা আয় করতাম। এখন ২০০ টাকা বেশি লাগছে গ্যাসে। তাই ঈদের দু-এক দিন থেকে আমরা ভাড়া বেশি নিচ্ছি।'
বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজের পূর্ব ফটকে কথা হয় অটোরিকশাচালক মো. হারুনুর রশিদের সঙ্গে। তিনি বলেন, 'গ্যাসের দাম বাড়ার কারণে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। মালিককে ৬০০ টাকা দিতে হয়। ২০০ টাকার গ্যাস। চা-নাশতা ২০০ টাকা। এভাবে ১০০০ টাকা খরচ হয়ে যায়। আমাদের আর কী থাকে?' এরপর সাড়ে ৪টার দিকে গনি বেকারিসংলগ্ন কাজেম আলী স্কুলের সামনে দাঁড়ানো নম্বরবিহীন একটি অটোরিকশার চালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, 'প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা মালিককে দিতে হয় সমিতির জন্য। মালিককে প্রতিদিন ৬০০ টাকা ভাড়া দিই। খরচ পোষায় না। তাই যার কাছ থেকে যা পাই তা ভাড়া নিই। ঢাকায় তো ১০০ টাকার নিচে কোনো ভাড়া নেই।'
যাত্রী সেজে নিউ মার্কেটের ভাড়া জানতে চাইলে জামালখান মোড়ে নম্বরবিহীন একটি অটোরিকশার চালক খোরশেদ আলম বলেন, ৮০ টাকা। বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, '৭০ টাকার কম যেতে পারব না। দৈনিক ৪০০ টাকার গ্যাস নিতে হয়। মালিককে দিতে হয় ৬০০ টাকা। ১ নভেম্বর থেকে ৯০০ টাকা দিতে হবে। সব কিছুর দাম বেড়েছে। ভাড়া বেশি না নিয়ে কী করব?'
মুরাদপুর এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষায় থাকা তৌকির উদ্দিন নামের একজন অভিযোগ করে বলেন, 'মিটারে যেতে চাইলে চালকরা মিটার নষ্ট বলে অজুহাত দেখায়। তাই বাধ্য হয়ে মিটার ছাড়া অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হয় আমাদের।' নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম সার্কেলের সহকারী পরিচালক শহীদুল আজম বলেন, 'বর্ধিত ভাড়া কার্যকর শুরু হবে ১ নভেম্বর থেকে। কিন্তু অটোরিকশার চালকরা এখন থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ আসছে। আমি নিজেও একজন ভুক্তভোগী। অফিস থেকে বাসায় ফেরার পথে লোকাল সিএনজি (জনপ্রতি) অটোরিকশায় আগে ১০ টাকা দিতাম। এখন ১৫ টাকা নিচ্ছে।'
শহীদুল আজম বলেন, এর আগেও দুবার চট্টগ্রাম নগরে মিটার অনুযায়ী ভাড়া নেওয়ার জন্য নির্দেশ ছিল। সব গাড়িতে মিটার লাগানো হলেও চালকরা মিটারে যাত্রী পরিবহন করছে না। বর্ধিত ভাড়া কার্যকরের আগে মিটার অনুযায়ী চলার জন্য কঠোর নির্দেশনা থাকবে। অন্যথা হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির মহাসচিব বেলায়েত হোসেন বেলাল অভিযোগ করে বলেন, 'অটোরিকশাচালকরা ভাড়ার নামে ডাকাতি করছে। কম দূরত্বে (দুই থেকে তিন কিলোমিটার) ৮০ থেকে ১০০ টাকার কমে যায় না। কয়েক দিন ধরে তারা অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছে।'
নম্বরবিহীন অটোরিকশার বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, 'প্রশাসনকে মাসোহারা দিয়ে নগরে সাত থেকে আট হাজার অটোরিকশা চলছে নম্বর ছাড়া। এসব গাড়ি শুধু অতিরিক্ত ভাড়া নিচ্ছে তা নয়, সাধারণ যাত্রীদের জন্য এসব নিরাপদ নয়। কারণ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে গাড়ি খুঁজে পাওয়া যাবে না। অটোরিকশায় বর্ধিত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) মাসুদ উল হাসান। গতকাল শনিবার তিনি কালের কণ্ঠকে বলেন, '১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত ভাড়া মিটার অনুযায়ী না নিলে অটোরিকশাচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
২০০১-০২ অর্থবছরে চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। ২০০৫ সালের ২৬ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএ থেকে ১৩ হাজার অটোরিকশা নিবন্ধন নেয়। বিআরটিএ ও পুলিশের একাধিক কর্মকর্তা জানান, আরো সাত থেকে আট হাজার নিবন্ধনবিহীন (নম্বরবিহীন) অটোরিকশা নগরে চলছে। সব মিলিয়ে ২০ হাজারের বেশি সিএনজি অটোরিকশা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর সরকার সিএনজি/পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলারের ভাড়া পুনর্নির্ধারণ করে, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্নির্ধারিত ভাড়া হলো প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, যা বর্তমানে ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা, যা এখন সাত টাকা ৬৪ পয়সা। বিরতিকালের ভাড়া (প্রতি মিনিটে) এক টাকা ৪০ পয়সার পরিবর্তে দুই টাকা।
হিউম্যান হলারে ভাড়া বাড়ানোর চেষ্টা
যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা, সতর্ক পুলিশ
সরকার বাস-মিনিবাসের ভাড়া বাড়ালেও হিউম্যান হলারের বাড়ায়নি। কিন্তু চট্টগ্রাম নগরীতে হিউম্যান হলারেও ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে। এদিকে বর্ধিত বাসভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। তবে পুলিশ বলছে, বিশৃঙ্খলা ঠেকাতে তারা সতর্ক। বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া আদায় শুরু হয়েছে চট্টগ্রামেও। গতকাল শনিবার নগরীর কিছু রুটে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া আদায় করা হয়। তবে বেশির ভাগ রুটে ওই ভাড়া নেওয়া শুরু হবে আগামী ৫ ও ১০ অক্টোবর। গত বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও ওইদিন চট্টগ্রামে তা কার্যকর করেনি মালিক সংগঠনগুলো।
অপরদিকে সরকার বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করলেও চট্টগ্রাম নগরীতে হিউম্যান হলারে মালিক সংগঠনগুলো নিজেদের মতো করে ভাড়ার তালিকা করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে হিউম্যান হলারের ভাড়া বাড়ানোর কথা সরকারি প্রজ্ঞাপনে নেই। তাই প্রশাসন এসব যানবাহনের নতুন ভাড়ার তালিকা করবে না। অন্যদিকে মালিক সংগঠনগুলো ৫ ও ১০ অক্টোবর থেকে মিনিবাসের ভাড়া হিউম্যান হলারে আদায়ের পরিকল্পনা করছে। এ নিয়ে যাত্রীদের সাথে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। তবে বিশৃঙ্খলা ঠেকাতে নগরীতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। নগর পুলিশের উপ-কমিশনার (যানবাহন-উত্তর) মাসুদ উল হাসান গতকাল শনিবার দুপুরে বলেন, 'সরকার বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে। বর্ধিত ভাড়া অনুযায়ী ইতোমধ্যে রুটগুলোতে ভাড়ার তালিকা করে তা পরিবহন মালিক সংগঠনগুলোকে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে হিউম্যান হলারের ভাড়া নির্ধারণ করা ছিল না। তাই হিউম্যান হলারের ভাড়া বাড়বে না। চট্টগ্রামে যেহেতু অনেক হিউম্যান হলার চলাচল করে তাই সরকারের কাছে আমরা নির্দেশনা চাইব। যদি নির্দেশনা পাই তাহলে হিউম্যান হলারের ভাড়ার তালিকা আমরা করে দেব।'
বিশৃঙ্খলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, 'মালিক সংগঠনগুলো ৫ ও ১০ অক্টোবর থেকে বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া কার্যকর করবে বলে জানিয়েছে। ভাড়া নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।' বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ নুর হোসেন বলেন, 'বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে গত ১ অক্টোবর থেকে। চট্টগ্রামে মালিক সংগঠনগুলো কার্যকর করেছে কি না তা আমাদের জানার বিষয় নয়। বিআরটিএ-পুলিশ যৌথভাবে বাস-মিনিবাসের ভাড়ার তালিকা করে তা সংশ্লিষ্ট পরিবহন মালিকদের দেওয়া হয়েছে। তবে হিউম্যান হলারের ভাড়ার বিষয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।'
সিটি বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ শনিবার দুপরে বলেন, 'আজ (গতকাল) সকাল ৯টায় নগরীর বহদ্দারহাটে আনুষ্ঠানিকভাবে বাস-মিনিবাসে বর্ধিত ভাড়া আদায় শুরু হয়েছে। আমাদের সংগঠনের অধীনে ৪০০ বাস-মিনিবাস রয়েছে। এসব গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না।' চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, 'আগামী ১০ অক্টোবর থেকে আমাদের সংগঠনের অধীনে যেসব গাড়ি রয়েছে সেগুলোতে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া আদায় শুরু হবে। তালিকার বাইরে কোনো যাত্রীর কাছ থেকে আমরা কোনো টাকা নেব না।'
হিউম্যান হলারের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, 'আজকে (গতকাল) ডিসি ট্রাফিক আমাদেরকে জানিয়েছেন হিউম্যান হলারের নতুন করে ভাড়ার তালিকা দেওয়া হবে না। আমাদের প্রশ্ন ২০১১ সালে প্রশাসন হিউম্যান হলারের ভাড়ার তালিকা করে দিতে পারলে ২০১৫ সালে দিতে পারবে না কেন? ভাড়ার তালিকা না দিলে আমরা আন্দোলনে যেতে পারি।' এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (যানবাহন-উত্তর) মাসুদ উল হাসান বলেন, '২০১১ সালে ভাড়ার তালিকা সঠিক কিংবা ভুল হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলব না। তবে সরকারের নির্দেশনা ছাড়া হিউম্যান হলারের ভাড়ার তালিকা হবে না।'
চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব গোলাম রসুল বাবুল বলেন, 'আমাদের ফেডারেশনের সাথে ৬টি সংগঠন রয়েছে। এসব সংগঠনে ৮০০ বাস-মিনিবাস ও ৪০০ হিউম্যান হলার রয়েছে। বাস-মিনিবাসের ভাড়া কার্যকর করব ৫ অক্টোবর থেকে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আমরা যাত্রীদের কাছ থেকে কম ভাড়া নেব। হিউম্যান হলারের ভাড়া মিনিবাসের ভাড়ার মতো নেওয়ার চেষ্টা করছি।'
বিআরটিএ ও মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম মহানগরে ৮০০ থেকে ১ হাজার বাস-মিনিবাস রয়েছে। ৮০০ থেকে ৯০০ হিউম্যান হলার (১৪ থেকে ১৮ আসন) রয়েছে। বর্তমানে মিনিবাস ও হিউম্যান হলারে যাত্রীদের কাছ থেকে ওঠানামা (প্রথম দুই কিলোমিটার) ৫ টাকা করে আদায় করা হচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটার বাসভাড়া ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়। হিউম্যান হলারের ভাড়া বাড়ানো হয়নি। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও মিনিবাসের ৫ টাকা। এ সম্পর্কিত প্রজ্ঞাপন পাওয়ার পর চট্টগ্রাম মহানগরে বিআরটিএ ও পুলিশ প্রশাসন যৌথভাবে ভাড়ার তালিকা করে।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে ৮ থেকে ১০টি বাস-মিনিবাস ও হিউম্যান হলারের মালিক সমিতি রয়েছে। এসব মালিক-সমিতির মাধ্যমে নগরে প্রায় ১৮০০ গাড়ি আছে। নগরের বাস-মিনিবাসের জন্য ১০টি রুট এবং হিউম্যান হলারের জন্য ১৪টি রুট রয়েছে। প্রতিদিন ৮ থেকে ১০ লাখ যাত্রী যাতায়াত করে এসব গণপরিবহনে। গত ১ অক্টোবর থেকে বর্ধিত ভাড়া আদায়ের সরকারি নির্দেশনা ছিল। ইতোমধ্যে মালিক-সমিতিগুলোকে বাস-মিনিবাসের ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কিছু সড়কে বর্ধিত ভাড়া কার্যকর শুরু করা হলেও দেখা গেছে অধিকাংশ গাড়িতে ভাড়ার তালিকা নেই। যাত্রীদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। তবে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় যাত্রী কম ছিল। চলতি সপ্তাহ থেকে বর্ধিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে তা নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মিনি বাসের (৩১ আসন) ভাড়ার মতো হিউম্যান হলারেও আদায় করা হবে বলে পরিবহন মালিকরা জানান।











