ফের সক্রিয় মানব পাচারকারী চক্র
আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। সাম্প্রতিক সময়ে এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হওয়ায় সাময়িকভাবে গা ঢাকা দিয়েছিল চক্রটি। কিন্তু চক্রের গডফাদার এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকায় নতুন করে তৎপরতা শুরু করেছে তারা। দুই-এক সপ্তাহের মধ্যেই কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন রুট দিয়ে পাচার হতে পারে মানুষ। বিশেষজ্ঞরা এমন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে মানব পাচারের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ রিপোর্টে যেসব নাম এসেছে তাদের ধরা হয়নি। এমনকি দৃশ্যমান কোন ব্যবস্থাও নেয়া হয়নি এসব চক্রের সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দুই একজন ফিরে আসার খবর শোনা যাচ্ছে। তবে দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে কক্সবাজারের মানব পাচারকারীরা বেশ কিছুদিন অন্যত্র লুকিয়ে থাকার পর আবারও এলাকায় ফিরতে শুরু করেছে। চিহ্নিত এসব মানব পাচারকারীদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। দুর্ধর্ষ এসব মানবপাচারকারীরা এলাকায় ফিরে আসায় এতোদিন যারা মানব পাচার প্রতিরোধে কাজ করছিল তারাও রয়েছেন আতঙ্কে। গতমাসে এলাকায় ফিরে এসে একটি চক্র প্রকাশ্যে সভা করেছে বলেও জানা গেছে। যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে পাচারকারীরা।
সূত্র আরও জানায়, এলাকায় ফিরে ফের লোক সংগ্রহে সক্রিয় হচ্ছে তারা। রাতের আঁধারে কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের আশু মাঝির ঘাট মানব পাচার রুট হিসেবে নিয়মিত ব্যবহার হয়। প্রশাসনের দুর্বল নজরদারি ও নানা কারণে ঘাটটি মানব পাচারের নিরাপদ রুট। পোকখালীর আশু ঘাটটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় পুলিশ ও কোস্টগার্ডের তেমন কোন অভিযান নেই বলেও অভিযোগ রয়েছে। এশিয়া অঞ্চলের অভিবাসীদের অধিকার রক্ষায় কর্মরত সংস্থা কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক হারুন-আল-রশিদ বলেন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এ চক্রের সঙ্গে প্রভাবশালী যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও বাংলাদেশে অদৃশ্য কারণে কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ফলে নির্ভয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি উচ্চপর্যায় থেকে অভিযুক্ত ব্যক্তিকে যখন নির্দোষ দাবি করা হয় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানব পাচার বন্ধের বিষয়টি বাংলাদেশের ওপরই নির্ভর করে। তারমতে, থাইল্যান্ড এবং মালয়েশিয়া যদি পাচাররোধে ব্যবস্থা নেয়ও, তারপরও সাগরে মানুষ নেয়া বন্ধ হবে না। কারণ বাংলাদেশ হচ্ছে সোর্স কান্ট্রি। সোর্স ওপেন রেখে অবৈধ সমুদ্রযাত্রা বন্ধ করা সম্ভব নয়। হয়তো ওইসব দেশে মানুষ উঠতে পারবে না, কিন্তু ঠিকই সাগরে মানুষ নিয়ে যাবে দালালরা। তিনি বলেন, অবস্থা বিবেচনায় মনে হচ্ছে দুই এক সপ্তাহের মধ্যেই আবারও অবৈধ সমুদ্রযাত্রা শুরু হবে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে যথেষ্ট সজাগ নয়। এমনকি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নেয় না অনেক ক্ষেত্রে। একইসঙ্গে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো বাংলাদেশেও গণকবর থাকতে পারে বলে মন্তব্য করেছেন হারুন-আল-রশিদ। তিনি বলেন, যেসব কেস স্টাডি করা হয়েছে তাতে দেখা যায়, কোন কোন ক্ষেত্রে পাচারকারীরা পাচারের শিকার মানুষদের থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া নেয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও গণকবর রয়েছে। এসব গণকবরগুলো খুঁজে বের করে তা উদ্ধারের দায়িত্ব সরকারের বলে তিনি মন্তব্য করেন। গতমাসের শেষের দিকে মালয়েশিয়া পেরেলিস প্রদেশে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় নতুন করে এক গণকবরের সন্ধান পাওয়ায় বাংলাদেশে গণকবর থাকার বিষয়টি আলোচনায় আসে। ওই আলোচনা শুরু হওয়ার পর আজও কোন অনুসন্ধান চালানো হয়নি। হারুন-আল-রশিদ বলেন, সমুদ্র উপকূলে স্যান্ডেল, বস্তা, ট্রলার পড়ে থাকলেও সেখান থেকে কাউকে আটক বা উদ্ধার করা যায়নি। তাহলে লোকগুলো গেল কোথায়? এখনও অনেকই নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও তাদের খোঁজ নেই। সেক্ষেত্রে সহজেই অনুমান করা যায় বাংলাদেশেও গণকবর রয়েছে। এ ছাড়া ভালভাবে অনুসন্ধান করলে মালয়েশিয়াতে আরও গণকবর পাওয়া যাবে বলে জানান। কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক বলেন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে প্রভাবশালীদের বিরুদ্ধে সে দেশের কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও বাংলাদেশে নেয়া হয়নি। ওই সব গণকবরে বেশিরভাগই বাংলাদেশী অথচ এখান থেকে যারা পাচার করেছে তাদের হোতারা রয়েছে নিরাপদে। মানব পাচার প্রতিরোধে যে পরিমাণ আঞ্চলিক সহযোগিতা দরকার তাও করা হয়নি।
মানব পাচারকারীদের সক্রিয় হয়ে ওঠার ব্যাপারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর বলেন, এ ব্যাপারে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। দিনক্ষণ ঠিক করে বলা মুশকিল যে, এই সপ্তাহে বা আগামী সপ্তাহে মানব পাচার হবে। তবে সাময়িকভাবে অনেকেই গা ঢাকা দিয়েছে। তাদের সবাইকে শনাক্ত করে আইনি প্রক্রিয়া আনা হয়নি। নির্মূলও করা হয়নি। এখন সরকারের দিক থেকে হোক বা এনজিওদের পক্ষ থেকেই হোক নিয়মিত মনিটরিং রাখতে হবে। তা না হলে যখন আলোচনা থেকে একটু একটু করে সরে যাবে তখন দেখা যাবে আবারও মানব পাচার শুরু হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে কনক্রিট কোন ইনফরমেশন নেই তবে শুরু হওয়াটা অস্বাভাবিক নয়। এ ব্যাপারে কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বলেন, এর আগে তোড়জোড় শুরু হলে অনেকই গা ঢাকা দেয়। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। দুই একজন ফিরে আসছে তবে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, আসামিদের ধরতে এবং তৎপরতা ঠেকাতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া ওদিকে (মালয়েশিয়া-থাইল্যান্ড) রেড এলার্ট জারি রয়েছে। ফলে মানব পাচারকারীদের সক্রিয় হওয়ারও কোন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, মানব পাচারকারী ও ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে আমার কোন আপোস নেই। তাদের কেউ কেউ ফিরে এসে এলাকায় সভা করার বিষয়টি ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।









