শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগ ও বিচারকদের বিরুদ্ধে বাক্সে ৬০ অভিযোগ

news-image

সুপ্রিম কোর্টে অভিযোগ বাক্স 

সুপ্রিম কোর্টে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স। বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলা সম্পর্কিত অভিযোগ এই বাক্সে দেয়ার জন্য বিচারপ্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি এসকে সিনহার দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগ নেয়া হয়। বাক্স স্থাপনের পর এ পর্যন্ত ৬০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিচারপ্রার্থীরা নিম্ন আদালতের বিচারকদের বিরুদ্ধে ২৫টি অভিযোগ দাখিল করেছেন। ৬টি অভিযোগ রয়েছে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এছাড়া খোদ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ১০টি। একজন বিচারপ্রার্থী অভিযোগ করেছেন দুই বছর আগে আদালতের একটি আদেশের সত্যায়িত নকলের জন্য তিনি আবেদন করেছিলেন; কিন্তু কর্মকর্তাদের সন্তুষ্ট করতে না পারায় তিনি তা পাননি। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন খতিয়ে দেখার পর তার অভিযোগের সত্যতা পায়। পরে সাত দিনের মধ্যে ওই ব্যক্তিকে সই-মুহুরির নকল প্রদানের ব্যবস্থা করে দেন। একইসঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাখিলকৃত অভিযোগগুলোর অধিকাংশই বেনামি। হয়রানির ভয় অথবা নাম-পরিচয় প্রকাশ পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকেই অভিযোগের এ ধরনের বেনামি চিঠি আসছে।
 
বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। দাখিলকৃত ৬০টির  মধ্যে ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে ৩২টি অভিযোগ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, সবগুলো অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অভিযোগ যাচাই-বাছাই করার জন্য গঠন করা হয়েছে একটি কমিটি। কমিটি প্রতিটি অভিযোগের বিষয়ে তাদের মতামতসহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সামনে উপস্থাপন করে। প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগগুলো নিষ্পত্তি করছেন রেজিস্ট্রার জেনারেল। অন্যদিকে বিচারকদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়।
 
কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ বাক্সে যেসব অভিযোগ জমা পড়ছে তার অধিকাংশই বেনামি। অভিযোগকারীর নাম-পরিচয় অভিযোগসম্বলিত চিঠিতে থাকছে না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সুপ্রিম কোর্ট প্রশাসন। কারণ বেনামি চিঠির ভিত্তিতে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তবে যেসব অভিযোগকারী তাদের নাম-পরিচয় প্রকাশ করে সুনির্দিষ্টভাবে অভিযোগ দাখিল করেছেন সেসব অভিযোগের বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হচ্ছে।
 
বিচার বিভাগের নানা সমস্যা সম্পর্কে দেশের যে কোনো নাগরিকের বিশ্লে­ষণধর্মী মতামত প্রেরণের আহ্বান জানানো হয়েছে। এ পর্যন্ত যেসব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে রয়েছে- সময়মত রায় না পাওয়া, মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন এবং নিম্ন আদালতের কর্মচারীর বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়া। আদালত সংশ্লিষ্ট কোন কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এমন অভিযোগগুলো তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে।