একীভূত হতে আলোচনায় রবি-এয়ারটেল
একীভূত হতে আলোচনা শুরু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল। বুধবার রবি ও এয়ারটেল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি দুটির একীভূত হওয়া বিষয়ে আলোচনা শুরুর কথা জানিয়েছে। কিছুদিন ধরেই রবি ও এয়ারটেলের একীভূত হয়ে যাওয়ার বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় রবি এবং এয়ারটেল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা শুরু কথা জানাল। প্রতিষ্ঠান দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনা শুরুর কথা জানালেও দুটি বিজ্ঞপ্তির ভাষা ছিল প্রায় একই।
বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়, 'আজিয়াটা গ্রুপ বারহাদ এবং ভারতী এয়ারটেল লিমিটেড যৌথভাবে ঘোষণা করছে যে, উভয় পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের বাংলাদেশস্থ মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স ব্যবসা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল), ব্যবসা একীভূত করা যায় কি-না তা পর্যালোচনার কাজ শুরু করেছে।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'তবে, এমন কোনো নিশ্চয়তা নেই যে, দুই ব্যবসা প্রতিষ্ঠান একীভূত করার (রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড) পর্যালোচনা প্রক্রিয়াটি সুনিশ্চিত চুক্তিতে পরিণত হবে।'
এ বিষয়ে আরও অগ্রগতি হলে আজিয়াটা ও ভারতী ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পদের হিসাব বিবরণী আদান-প্রদান হয়েছে। দুটি প্রতিষ্ঠান একীভূত হওয়ার পর নতুন নাম কী হবে তা নিয়েও আলোচনা চলছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৯ লাখ ২১ হাজার। এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯০ লাখ ৮০ হাজার। প্রতিষ্ঠান দুটি একীভূত হয়ে একটি প্রতিষ্ঠানে পরিণত হলে এর গ্রাহক সংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৭০ লাখ ১ হাজারে, যা গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে থাকা আরেক অপারেটর বাংলালিংকের চেয়ে বেশি। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৬ হাজার।











