শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামনে আজ জর্দান

news-image

স্ট্রেলিয়া ম্যাচের শিক্ষা হলো- আজ জর্দানের বিপক্ষেও রক্ষণাত্মক খেলো। বড় স্বপ্ন দেখলে যে চূড়ান্ত ভরাডুবির করুণ কাহিনী রচিত হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে! পার্থে ম্যাচ খেলে ফেরার পর প্রতিদিন অস্ট্রেলিয়া ম্যাচের শিক্ষা আর অভিজ্ঞতার রচনা প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। রচনায় বাংলাদেশের ফুটবল মহিমান্বিত হচ্ছে, চারবারের বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে চূড়ান্ত রক্ষণাত্মক খেলা এবং মাত্র ৫ গোলে হারের পর মুখ লুকানোর কিছু নেই। কিন্তু বিশ্বকাপের অভিজ্ঞতাহীন জর্দানের বিপক্ষে? কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক দুজনেই জর্দানকেও অস্ট্রেলিয়ার কাতারে তুলে ধরে রক্ষণাত্মক ফুটবল কৌশলের কথা বলে গেছেন।

সামনে আজ জর্দান

তাহলে কি আবার সেই পার্থের ফুটবল দেখা যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে? অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯/১০ জনে মিলে ডিফেন্স আগলে দৃষ্টিকটু ফুটবল খেলছে। বল বাংলাদেশিদের পায়ে পড়লেও কয়েক সেকেন্ডের বেশি রাখতে পারেনি। দুই দলের গুণগত পার্থক্য বিচার করলে যেকোনো বাংলাদেশি বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন। অন্তত নিখাদ ফুটবলানুরাগীর জন্য ওটা মোটেও উপভোগ্য ম্যাচ ছিল না। বাংলাদেশ কোচ লোডউইক ডি ক্রুইফের ফুটবলীয় বিশ্লেষণে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে জর্দানের মানের খুব বেশি হেরফের নেই। তাই ডাচ কোচের যাবতীয় কৌশল রক্ষণকে ঘিরে, 'জর্দান র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও তারা সব দিক থেকে খুব কঠিন প্রতিপক্ষ। জর্দানের ফুটবলাররা খুব ভালো। শারীরিকভাবে, মানসিকভাবে এবং পেশাদারিতে তারা অনেক এগিয়ে। তাই কালকের ম্যাচটিও আমাদের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বড় পরীক্ষাও। তাই আমাদের কৌশলের বড় একটা অংশই হলো রক্ষণ সংগঠন।' কালকের প্র্যাকটিসেও স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশের রক্ষণভাগে বাড়ছে একজন- ইয়াসিন, নাসিরুল ইসলাম, তপু বর্মন, আশরাফ মাহমুদের সঙ্গে যোগ হচ্ছেন আতিকুর রহমান। অস্ট্রেলিয়া ম্যাচে শুরুর ঝড় দেখার পর পাঁচ ডিফেন্ডারে ফিরে যাচ্ছেন কোচ, 'অস্ট্রেলিয়ার ম্যাচে দেখেছি বাঁদিকে কিছু সমস্যা হয়েছিল শুরুতে। সেদিক দিয়েই বেশি আক্রমণে উঠেছে প্রতিপক্ষ। বদলি নামানোর পর দ্বিতীয়ার্ধে এই সমস্যা কেটে যায়।' আসল ঘটনা হলো, প্রথমার্ধে খেলাটাই হয়েছে বাংলাদেশের ডি-বক্সের আশপাশে। অস্ট্রেলিয়াকে আক্রমণে উঠতে হয়নি, পুরো মাঠ ছেড়ে সবাই মিলে ডিফেন্স করে প্রতিপক্ষকে শুরু থেকেই আমন্ত্রণ জানিয়েছে নিজেদের রক্ষণে। উপায়ও ছিল না, বল পায়ে রেখে দ্রুতগতির মাঠের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারেনি বাংলাদেশি ফুটবলাররা।

তবে অস্ট্রেলিয়ার সঙ্গে কখনো জর্দানকে একই কাতারে ফেলা যাবে না। ব্যাপক পার্থক্য ঘরানার দিক থেকে, একজন রোমানিয়ায় লিগ খেলা ফুটবলার বাদ দিলে জর্দানের বাকি ফুটবলাররা লিগ খেলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই বিশ্বকাপ বাছাইয়ে তারা খেলেছে দুটো ম্যাচ, কিরগিজস্তানের সঙ্গে ড্রয়ে শুরুর পর হারিয়েছে তাজিকিস্তানকে। তাজিকদের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরোয়ার্ডও আসেননি ঢাকায়। তাই মানের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে একটু পিছিয়ে থাকবে জর্দানিরা। অবশ্য কোচ পল পুটের চিন্তায় ধার আছে, ২০১৩ সালে বুরকিনা ফাসোকে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তুলে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিলেন এই বেলজিয়ান কোচ। সেই ফুটবল রূপকথার জন্ম দেওয়া এ কোচ জর্দান ফুটবলের সংস্কার শুরু করেছেন, 'জর্দানের দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি। সামনে আজ জর্দান আমি কিছুদিন ধরে জর্দানের দায়িত্ব নিয়েছি। একটি দলকে ভালো জায়গায় নিতে হলে অনেক কিছুরই দরকার, সেই কাজই শুরু করেছি।' দেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আহমদ নাওয়াজ বলেছেন, 'বাংলাদেশকে সম্মান করি। এখানে এসেছি আমরা ৩ পয়েন্টের জন্য। মাঠেই সব কিছুর প্রমাণ হবে।' তবে ম্যাচের দিন বৃষ্টি হলে তাদের একটু সমস্যা হবে। কাল সন্ধ্যায় বৃষ্টির কারণে তাদের মাঝপথে প্র্যাকটিস শেষ করে দিতে হয়েছে।

এই বৃষ্টি আশীর্বাদ হয়ে আসতে পারে স্বাগতিকদের জন্য। বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম যে কন্ডিশনে খেলার জন্য তৈরি, 'আন্তর্জাতিক ফুটবলে যেকোনো অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। এখানে কোনো অজুহাত খাটে না। যেমন অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ অপরিচিত কন্ডিশনে খেলতে হয়েছে।' সেই প্রতিকূল পরিবেশে খেলে আসার পর আজ অনুকূল পরিবেশে নামবেন মামুনুলরা। তবে জয়-পরাজয়ের বাইরে গিয়ে অধিনায়ক ভালো ফুটবল খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন, 'অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আমরা বেশ পরিশ্রম করছি। দেশের মাঠে কিছু একটা করার জন্য তৈরি। আমার মনে হয়, শেষ কয়েকটা ম্যাচ আমরা ভালো খেলেছি। ফল হয়তো পক্ষে আসেনি। তবে ভালো ফুটবল খেলেছি। নিজেদের মাঠে খেলা, দেশের সমর্থকরা মাঠে থাকলে খেলার আরো উন্নতি হবে। আমরা অনুপ্রাণিত হব।'

গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় তুলনামূলক সহজ দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিরগিজস্তানের সঙ্গে হারের পর ড্র করেছে তাজিকিস্তানের সঙ্গে। তারপর পার্থের ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে। চতুর্থ ম্যাচে ঢাকায় শক্তিশালী দলের বিপক্ষে। কিরগিজ ও তাজিকদের বিপক্ষে লড়াইয়ের আগে জয়ের প্রত্যাশা থাকলেও আজ বিকেল ৫টায় শুরু জর্দানের ম্যাচে সেরকম কিছু নেই। মোটা দাগে প্রত্যাশা, কম গোল খাওয়া। মামুনুল ইসলাম উদাহরণ দিয়েই দুই দলের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছেন এভাবে, 'আর্থিক লড়াইয়ে সালাম ভাই (সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী) যখন আকাশে আমি তখন মাটিতে। জর্দান-বাংলাদেশের ফুটবলের ব্যবধানও এই রকম। তাই বড় প্রত্যাশার সুযোগ নেই।'

আপাতদৃষ্টিতে সুযোগ না থাকলেও সম্ভাবনা একদম নাকচ করে দিতে চান না দুই ম্যাচের সাসপেনশন কাটানো বাংলাদেশের ডাচ। ফুটবলে যেকোনো কিছু হয়; এই থিওরিতে ক্রুইফ আক্রমণের কথাও ভাবছেন এক-আধটু। পার্থের মতো প্রথমদিকে গোলের ঝড় বইয়ে না গেলে বাংলাদেশও সাহসী হয়ে উঠবে। আক্রমণে উঠবে। আর ভাগ্য তো সব সময় সাহসীদের পক্ষেই থাকে। ২০১১ সালে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে যেমন ফিরতি ম্যাচে দশরথ স্টেডিয়ামে নেপাল চমকে দিয়েছিল জর্দানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। বাংলাদেশও নিশ্চয়ই ভেতরে ভেতরে সেই চমকের প্রত্যাশা করছে।

* প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল

* র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৭৬) চেয়ে ৮৬ ধাপ এগিয়ে জর্দান (৯০)

* বিশ্বকাপ বাছাইয়ের 'বি' গ্রুপে এর আগের দুই ম্যাচে ১ জয় ১ ড্রয়ে জর্দানের পয়েন্ট ৪, অন্যদিকে ৩ ম্যাচে বাংলাদেশের ১ ড্র, ২ হার- পয়েন্ট ১।

* সর্বশেষ ম্যাচ আম্মানে কিরগিজস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জর্দান, পার্থে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে।

* দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এর আগে নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে জর্দান। বিশ্বকাপ বাছাইয়ে আম্মানে নেপাল ৯-০ গোলে হারলেও ১-১ গোলে ড্র করে নিজেদের মাঠে, শ্রীলঙ্কা জর্দানের বিপক্ষে একমাত্র ম্যাচটিতে হেরেছে ২-১ গোলে।

* এখনো বিশ্বকাপে খেলতে পারেনি জর্দান, ২০১৪ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ অর্জন উরুগুয়ের বিপক্ষে প্লে-অফ খেলা।

* এশিয়ান কাপে দুইবার কোয়ার্টার ফাইনালে খেলেছে জর্দান, ২০০৪ ও ২০১১ সালে।

* র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ৩৭তম স্থানে ছিল জর্দান, ২০০৪ সালে। বাংলাদেশের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ অবস্থান ১১০, ১৯৯৬ সালে।