শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত আর্জেন্টিনার মুখোমুখি নড়বড়ে মেক্সিকো

news-image

প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আগামীকাল মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল  আটটায় শুরু  খেলাটি। গত ম্যাচে বলিভিয়াকে সাত গোলে উড়িয়ে দেয়া আর্জেন্টাইনদের মোকাবেলা করতে স্বাভাবিকভাবেই চিন্তিত মেক্সিকোর কোচ রিকার্ডো ফেরেত্তি। মিগুয়েল হেরেরা বরখাস্ত হওয়ার পর অন্তর্বতীকালীন কোচ হিসেবে মেক্সিকোর দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছেন ফেরেত্তি। দুর্বল ত্রিনিনাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও অবশ্য ৩-৩ গোলে ড্র করে হার এড়িয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কোচটি।  দুর্দান্ত ফর্মে থাকা মেসি-অ্যাগুয়েরোদের মোকাবেলায় আত্মবিশ্বাসকেই একমাত্র অস্ত্র মানছেন তিনি।
 
৬১ বছর বয়সী কোচটি জানান, ‘স্বাভাবিকভাবেই আমাদের কিছু বিষয় উন্নতি করতে হবে। তবে সাধারণভাবে আমরা মানিয়ে নিয়েছি। ত্রিনিনাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে খেলাটি জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়তো।’ গুরুত্বপূর্ণ কনকাকাফ কনফেডারেশন্স কাপের প্লে-অফ খেলায় আগামী মাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মেক্সিকো। আগামীকালকের ম্যাচটিই হবে তাদের জন্য নিজেদের শাণিয়ে নেয়ার শেষ সুযোগ। 
চিলির কাছে কোপা আমেরিকার শিরোপা হারানোর পর গত প্রীতি ম্যাচে বলিভিয়াকে হারিয়ে দুর্দান্তরূপে ফিরে  এসেছে আর্জেন্টিনা। জোড়া গোল পেয়েছেন দলের প্রধান তিন স্তম্ভ লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো এবং লাভেজ্জি। মেক্সিকোর বিপক্ষে ইতিহাসও কথা বলছে মেসিদের পক্ষে। সর্বশেষ তিন বারের দেখায় তিনটিতেই মেক্সিকোকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তাই আগামীকালকে তাদের বিপক্ষে বড় জয় প্রত্যাশা করতেই পারেন আর্জেন্টাইন ভক্তরা।
 
দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা না করলেও সেরা খেলোয়াড় মেসির টানা খেলা নিয়ে কিছুটা চিন্তিত আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে চারবারের বর্ষসেরা তারকাকে বেঞ্চে বসিয়ে রেখে শুরুর একাদশ সাজানোয় ভক্তদের সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। 
নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে মার্টিনো বলেন, ‘ যৌক্তিকভাবেই টিকিট কাটা লোকজন মেসিকে দেখতে চায়। আয়োজকদের অবস্থাও একই রকম। তবে তাকে নিয়ে আমাদের যথার্থভাবে চিন্তা করতে হবে। সে অনেকগুলো ম্যাচ খেলেছে। সৌভাগ্যবশত বলিভিয়ার বিপক্ষে খেলায় অল্প সময়েই নিজেকে প্রমাণ করেছে।’
 
অবশ্য মেসি ভক্তদের হতাশ করছেন না মার্টিনো।  আগামীকালকে বার্সেলোনা তারকাকে খেলানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেককেই খেলানোর চিন্তা-ভাবনা আছে। তবে আমি এখনও আমার দল চূড়ান্ত করিনি।’-সকারওয়ে