ক্রিকেটার শাহাদতের বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় (পেস বোলার) শাহাদত হোসেনের বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের এই গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে শাহাদত বলেছেন, হ্যাপী তাঁর বাসা থেকে পালিয়ে বের হয়ে গেছে। এ ঘটনায় গতকাল তিনি মিরপুর থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক বলেন, গতকাল রাত ৮টার দিকে কালশী এলাকা থেকে পল্লবী থানা পুলিশ হ্যাপী নামে এই গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে। তার চোখের পাশে আঘাতের ফোলা চিহ্ন রয়েছে। শাহাদতের বাসায় মারধর করা হয় বলে মেয়েটি জানিয়েছে। এ ঘটনায় শাহাদত ও তাঁর স্ত্রীকে আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জানতে চাওয়া হলে গতকাল রাতে ক্রিকেটার শাহাদত বলেন, হ্যাপী তাঁর বাসায় কাজ করত। তাকে মারধর বা নির্যাতনের অভিযোগ সত্য নয়। তিনি জানান, গত শনিবার বিকেলে মেয়েটি তাঁর বাসার সামনে পড়ে গিয়ে আঘাত পায়। এরপর তার চিকিৎসা ও দেখভাল করা হয়। শাহাদত বলেন, 'আজ (গতকাল) সকালে যখন আমি প্রাকটিসের জন্য বাসা থেকে বের হই, তখন হ্যাপী বাসাতেই ছিল। এরপর ১০টার দিকে বাসায় ফিরে জানতে পারি হ্যাপী বাসা থেকে বের হয়ে কোথায় গেছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর থানায় কাজের মেয়ে হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করি।' শাহাদত দাবি করেন, সকালে তাঁর স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। ওই ফাঁকে দরজা খুলে মেয়েটি বাসা থেকে বের হয়ে যায়।
নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন শাহাদত। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, হ্যাপী নামের ওই শিশু মেয়েটিকে গুরুতর আহতাবস্থায় কালশী এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে সেখানে থেকে মেয়েটিকে উদ্ধার করে পল্লবী থানায় আনা হয়। সন্ধ্যার পর ওই মেয়েটিকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।
–











