পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কিছু উপায়
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চাপ থাকা স্বাভাবিক। তবে নানা কারণে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেকের জন্যই বেশ কঠিন হয়। এখানে মনোযোগ বাড়ানো বা মস্তিষ্ককে সজাগ রাখার কিছু সহজ উপায় তুলে ধরা হলো-
১. দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া
পড়তে পড়তে যখন নিজেকে ক্লান্ত মনে হবে বা পড়াশোনায় যথেষ্ট মনোযোগ দিতে পারছেন না তখন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন। এতে পড়া মনে রাখা সহজ হয়।
টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয় কলেজের ৩০০ ছাত্র-ছাত্রীকে নিয়ে করা এক সমীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। ঐ সমীক্ষার ফলাফলে দেখা যায়, যারা দাঁড়িয়ে পড়াশোনা করেছিলেন, তাদের মনোযোগ ছিল অনেক বেশি। আর যারা বসে পড়াশোনা করেছেন তাদের মনোযোগ তুলনামূলক কম ছিল।
এছাড়া বন্ধুদের সাথে পড়াশোনা বা আলোচনা করলেও বেশি মনে থাকে।
২. পড়াশুনার ফাঁকে ফাঁকে ভিটামিনযুক্ত খাবার গ্রহণ
পড়ুয়াদের যে যথেষ্ট ভিটামিন দরকার সে কথা আর কে না জানে? তবে শুধু জানা নয়, তা কার্যে পরিণত করতে হবে। তাই ছাত্র-ছাত্রীদের চাই যথেষ্ট ভিটামিন, মিনারেল এবং পানীয়। অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার। পড়াশুনার ফাঁকে ফাঁকে আপেল, পাকা টমেটো বা টমেটোর জুসও খাওয়া যেতে পারে।
এছাড়া বিভিন্ন বাদাম, সামুদ্রিক মাছ, শাক-সবজি, ফল, গ্রিন-টিসহ বিভিন্ন চা প্রভৃতি খাবার শরীর এবং মস্তিষ্কের জন্য খুবই উপকারী।
৩. ফাস্টফুড পরিহার
ফাস্টফুডে ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক উপাদান, যা অনেকের ক্ষেত্রেই অ্যালার্জির কারণ হয়ে থাকে। এতে মনোযোগ এবং শরীরে তার প্রভাব ফেলে।
জার্মান খাদ্য বিশেষজ্ঞ ডা. ইয়ুর্গেন শ্লুইটারের মতে, আজকের তরুণদের প্রিয় খাবার ফাস্টফুড এবং পানীয় যা শরীর ও মস্তিষ্কের অনেক ক্ষতি করে। এটি মনে রেখে তাদের সে সব থেকে কিছুটা সাবধান হওয়া উচিত।
৪.ব্রেনের বিশ্রাম
আজকাল দেখা যায় অনেকে পড়ার ফাঁকে একটু বিশ্রামের জন্য ফেসবুকে ঢোকেন বা গেম খেলেন, যাতে আসলে মোটেই বিশ্রাম হয় না। তার চেয়ে বরং কর্মক্ষমতা বাড়ায় সেরকম ছোট এক টুকরো ডার্ক চকলেট মুখে দিয়ে পছন্দের গান শুনতে পারেন। অথবা বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ড দিতে পারেন। সোজা কথা মনোযোগটাকে কিছুক্ষণের জন্য অন্য দিকে ঘুরিয়ে দেওয়া। এতে করে মাথাটা খালি তো হবেই এবং পড়াশোনায়ও মনোযোগ ফিরে আসবে।
৫.খেলাধুলা বা ব্যায়াম
গবেষকরা মনে করেন, শারীরিক পরিশ্রম অর্থাৎ খেলাধুলা বা ব্যায়াম যে কোনো মানুষকে যে কোনো চাপ থেকে সহজে মুক্তি দিতে সাহায্য করে। ব্যায়াম বা খেলাধুলা করার ফলে শরীরে হরমোনের প্রকাশ ঘটে কিছুটা অন্যভাবে। আর স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে মনোযোগেও।











