শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থে আজ স্বপ্নের ম্যাচ

news-image

কনকনে ঠাণ্ডা। দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা অনেক বেশি। পার্থের ঠাণ্ডা আবহাওয়ায় জবুথবু মামুনুল ইসলামরা; কিন্তু মনে আগুন জ্বলছে। সেটা বিরহের নয়, সুখের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য। ক্যারিয়ার কিংবা জীবনের যাই বলুন না কেন বিশ্বকাপ বাছাই পর্বে পার্থে আজ সকারুদের বিপক্ষে সেরা ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ফুটবলারদের স্বপ্নের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তবে এত বড় ম্যাচ বাংলাদেশে দেখা যাবে না। অস্ট্রেলিয়ার ফক্স টিভি খেলাটি দেখাবে।  
ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পার্থে এখন ফুটবল উন্মাদনা। সবুজ গালিচায় পা পড়বে ইউরোপের সেরা ক্লাব মাতানো সকারু তারকাদের। প্রায় দশ বছর পর পার্থে ফুটবল খেলছে অস্ট্রেলিয়া। যে কারণে এই ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনা। হোক না প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ, তাতে কী? টিকিটের জন্য দর্শকদের চাহিদা অনেক। ম্যাচের আগের দিনই ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আর গ্যালারি ভরা দর্শকের সামনে নিজেদের ফুটবলশৈলী দেখাতে প্রস্তুত মামুনুল ইসলামরা।
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপিং চূড়ান্ত হওয়ার পরই অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস-জামাল ভঁূইয়ারা। এর আগে সৌদি আরব, কাতার, কোরিয়ার সঙ্গে খেলেছিল বাংলাদেশ। তবে এই ম্যাচ নিয়েই যেন সর্ব আকর্ষণ। কারণ ফুটবল ইতিহাসে কখনোই এশিয়ার চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়নি বাংলাদেশ। আর আগামী দশ-বারো বছরের মধ্যে সাক্ষাৎ হয় কি-না তা নিয়েও আছে সংশয়। বর্তমান দলের অনেক খেলোয়াড়ই হয়তো অবসরে চলে যাবেন। অস্ট্রেলিয়ার মতো চারবার বিশ্বকাপ খেলুড়ে দেশটির বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত এমিলি-জাহিদরা। গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও একই সুর অধিনায়ক মামুনুলের কণ্ঠে, 'আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য এটা অভিজ্ঞতা অর্জনের ম্যাচ। ৯০ মিনিটের লড়াইয়ে সম্মানজনক ফলাফলের জন্য আমরা নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করব। প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ড্র করায় আমাদের আত্মবিশ্বাসও অনেক ওপরে। এটা আমাদের সবার জন্য জীবনের সেরা ম্যাচ। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা লড়াই করব। আমরা জানি অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তবে বাংলাদেশও লড়াই করবে। দারুণ এক ম্যাচ দেখবে সবাই। আমরা রোমাঞ্চিত, তবে ভীত নই।' 
ভয়টা তো অনেক আগেই চলে গেছে মামুনুলদের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে রানার্সআপ হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দলটি। আর পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। আর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিজেদের সর্বশেষ ম্যাচে কিরগিজদের বিপক্ষে ২-১ গোলের কস্টার্জিত জয় পেয়েছে। সে কারণে বাংলাদেশকে নিয়ে ভীত অস্ট্রেলিয়ান কোচ অ্যাংগে পোস্তেকোগ্গ্নো, 'বাংলাদেশ ম্যাচকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। বিশ্বকাপের অন্যান্য বাছাইয়ে তারা ভালো খেলেছে। তাই ফুটবলে যে কোনো কিছুই সম্ভব। আর আমরা বাংলাদেশের ম্যাচের অনেক ভিডিও দেখেছি। আশা করি ফলটা আমাদের অনুকূলেই আসবে।'
অস্ট্রেলিয়া কোচের মতো বাংলাদেশের কোচ লোডভিক ডি ত্রুক্রইফও জানিয়েছেন, ফুটবলে যে কোনো কিছু সম্ভব। নিষেধাজ্ঞার কারণে আজ ডাগআউটে দাঁড়াতে পারবেন না এ ডাচ কোচ। তাছাড়া সময়টাও ভালো যাচ্ছে না তার। বেতন-ভাতা নিয়ে ফেডারেশনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ত্রুক্রইফের। তবু এসব নিয়ে কোনো মন্তব্য করেননি এ ডাচম্যান। ফুটবলারদের মতো ত্রুক্রইফও অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত। র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ৬১ আর বাংলাদেশ ১৭১তম। পরিসংখ্যানই বলে দিচ্ছে দু'দলের শক্তির পার্থক্য। ত্রুক্রইফও মানছেন দু'দলের ব্যবধান। তবে সকারুদের বিপক্ষে আট-ঘাট বেঁধেই নামবে তার দল_ এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডসের এ কোচ, 'তারা এশিয়ার এক নম্বর দল। ফিফা র‌্যাংকিং ও অন্যান্য পজিশনের বিচারে আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামব। তবে আমাদেরও কিছু কৌশল আছে। প্রতিপক্ষকে আটকানোর জন্য সেই কৌশল আমরা মাঠে প্রয়োগ করব। চেষ্টা করব ৯০ মিনিটের লড়াইয়ে ভালো ফলাফলের। ছেলেরা তরুণ, সবাই নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করবে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য সবাই রোমাঞ্চিত।'
ফুটবলারদের মতো রোমাঞ্চিত বাংলার ফুটবলপ্রেমীরাও। ম্যাচের ফল সবাই ধরে নিয়েছে। ফলাফল যাই হোক না কেন, পার্থের সবুজ গালিচায় যে আজ বাংলাদেশের ফুটবলের বিপ্লব ঘটবে।