রাজধানীতে দুই শিশুকে ধর্ষণ
রাজধানীর উত্তর বাড্ডায় পাঁচ বছরের এক শিশু ও দক্ষিণখানে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার ও মঙ্গলবার এ দুটি ঘটনা ঘটে। পৃথক দুটি ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতা দুই শিশুকে ঢাকা ডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। উত্তর বাড্ডার সাঁতারকূল এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। গতকাল সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী হারুণ নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে নির্যাতিতা শিশুর পিতা বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। নির্যাতিতা শিশুকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শিশুর পিতা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই শিশু প্রতিবেশী হারুণের কক্ষ থেকে বের হয়ে জানায় তার পেট ব্যথা করছে। এ সময় তার প্যান্টে রক্ত দেখতে পান তার মা। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন হারুণকে তার কক্ষে আটক করে রাখে। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুল জলিল বলেন, ধর্ষক হারুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি। গ্রেপ্তারৃকত হারুন উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার ২০ নম্বর বাসায় থাকতো। সে একটি মোড়ক তৈরির কারখানায় কাজ করে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার অবনিয়া গ্রামে। তার পিতার নাম মো. সেলিম। অন্যদিকে, নির্যাতিতা শিশু তার মা-বাবার সঙ্গে ওই বাসায় থাকে। তার পিতা একজন গাড়িচালক। মা দর্জির কাজ করেন। গত ১০ মাস ধরে তাদের বাসার পাশে থাকে হারুণ।
এদিকে, সোমবার সন্ধ্যায় ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা শিশুর স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় শিশুর পিতা-মাতা বাসায় ছিলেন না। এই সুযোগে আশরাফুল ইসলাম বাসায় ঢোকে ওই শিশুকে ধর্ষণ করে। নির্যাতিতা শিশুর পিতা জানান, পৌনে ৮টার দিকে বাসায় ফিরলে আশরাফুলকে বাসার সামনে দেখতে পান তিনি। বাসায় ঢুকেই বুঝতে পারেন তার কন্যা নির্যাতনের শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশুকে নিয়ে ঢামেক হাসপাতালে যান। রাত ৯টার দিকে ওই শিশুকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। শিশুর পিতা আরও জানান, বিষয়টি জানার পর আশপাশের লোকজন আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নির্যাতিতার পিতা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম দক্ষিণখানে হলানে নিপা গার্মেন্ট সংলগ্ন একটি বাসায় থাকে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলা সদরের উত্তরচর ভাসানিয়া গ্রামে। তার পিতার নাম মোতালেব। উল্লেখ্য, তার আগে, ৬ই আগস্ট মিরপুরে ও চকবাজারে ধর্ষণের শিকার হয় সাত ও ১২ বছর বয়সী দুই শিশু। ২১শে জুলাই লালবাগে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়। ৩০শে জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে উত্তরায় এক কিশোরীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ওইদিন রায়েরবাজারে একটি শিশু এবং ১লা আগস্ট মিরপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়।











