শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছিন্নতাবোধের বিপরীতে

news-image

লন্ডন শহরে তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। রাস্তার পাশে বিশাল এক বিলাসবহুল বাড়ির পেছনের দরজাটি খুলে যাচ্ছে। সেখানে এক ছায়ামূর্তির আবির্ভাব। পরনে তার ধোপদুরস্ত অভিজাত পোশাক। এদিক ওদিক তাকিয়ে সে ভালো করে দেখে নিল রাস্তাটায় কেউ আছে কি-না। কেউ নেই, নিশ্চিন্ত হয়ে সে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য? আর কিছুই নয়, একটু সান্ধ্য-ভ্রমণ!  মুখচোরা লাজুক এই ব্যক্তিটিই হলেন বিখ্যাত রসায়নবিদ হেনরি ক্যাভেন্ডিশ [১৭৩১-১৮১০]। তিনি লোকজনের সঙ্গে বেশি মিশতে পারতেন না; সংকোচ বোধ করতেন। তা নারী হোক আর পুরুষ, এড়িয়ে চলতেন। এমনকি বাড়ির বাবুর্চি ও কাজের লোকদেরও। তাই রোজ সকালে সেদিন কী কী খেতে চান, তা একটি কাগজে লিখতেন। তারপর সবার চোখ এড়িয়ে কাজের লোকদের থাকার ঘরে সেটি ফেলে দিয়ে আসতেন। হাইড্রোজেন গ্যাস, নাইট্রিক এসিড আবিষ্কার করেছেন, এমনকি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মিলিয়ে তিনিই প্রথম জলের গঠন দেখান। 


ক্যাভেন্ডিশের মতো সমাজে অনেক মানুষ আছেন যারা একা থাকতে পছন্দ করেন। একা থাকলেও একাকিত্ব যেন তাদের ছোঁয় না। কেউ কেউ একা থাকার মাঝেই যেন শান্তি আর মুক্তি খুঁজে পান, খুঁজে পান পরম প্রকৃতিকে। কিন্তু এমন তো সবাই হতে পারে না। সময় পাল্টায়, সমাজও। সেই সঙ্গে আমরা। কত কাজ, ব্যস্ততা এখন আমাদের। পড়াশোনা, ক্যারিয়ার, অফিস, পরিবার, সাংসারিক, সামাজিক নানা দায়িত্ব। তাই কখনও কখনও আমাদের হাঁপিয়ে উঠতে দেখা যায়। আফসোস করে, অনেককেই বলতে শুনি, 'নিজের জন্য যদি একটু সময় পেতাম! একটুু একা থাকতে পারতাম!' আর যদি কখনও পেরে যাই, তবে সেটা ভীষণ উপভোগ্য করার চেষ্টা করাই উত্তম। হ্যাঁ, দুর্লভ সেই একাকিত্বের সময়টাকে আনন্দময় করে তোলা যায় নানাভাবেই। কিন্তু জীবন সবসময়ই এভাবে চলে না। ব্যক্তিস্বাধীনতার জয়গান শোনানো এ সময়ে, প্রায়ই এলিয়েনেশন বা বিচ্ছিন্নতাবোধ আমাদের পেয়ে বসে। সব আছে, সবাই আছে, আমিও আছি সবার মাঝেই; তারপরও আমি একা। এই অনুভূতি কি একাকিত্বের, কিন্তু আমি তো একা নই? কেন এমন লাগে? সবই চলছে নিয়মমতো। যেমন চলে। কিন্তু তারপরও কোথায় যেন, এক বিষাদের বাঁশি বাজে। যার সুর কেবল, আমিই শুনতে পাই। আর কেউ পায় না। এই অনুভূতি কাউকেই যে ঠিক বোঝানোও যায় না। নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন লাগে। কাছের প্রিয় মানুষগুলো থেকে, প্রকৃতি থেকে, সমাজ থেকে_ এমন কি শেষ পর্যন্ত নিজেই যেন নিজের কাছ থেকে দূরে ক্রমে দূরে সরে যেতে থাকি। আমাদের চারপাশের গড়ে ওঠা জগৎটাকে তখন খুব পর আর অচেনা লাগতে থাকে। নিজেকে প্রত্যাখ্যাত, প্রতারিত, বাতিল আর প্রয়োজনীয় মনে হয়। তখন নিজের ভেতর লুকিয়ে থাকা প্রচণ্ড একাকিত্বের দানব যেন আমাদের টুঁটি চেপে ধরে। আমরা ক্রমে বিষণ্ন, অবসাদগ্রস্ত, ক্লান্ত আর নিরুপায় হয়ে যেতে থাকি। এই যে মানুষের নিজস্ব আবেগীয় অনুভূতি থেকে দূরে চলে আসা একেই বলা হয়ে থাকে বিচ্ছিন্নতা বোধ। ইংরেজিতে যাকে বলা হয় এলিয়েনেশন, আইসোলেশন, ডিটাচমেন্ট ইত্যাদি। সে যাই হোক, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে হয়েছে বিস্তর গবেষণা। এখনও হচ্ছে। বিচ্ছিন্নতাবোধের এই অনুভূতি মানুষের মনোজগতের এমন দুর্বল এক অবস্থা যার দ্বারা যে কেউ, যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। আক্রান্ত মানুষটির জন্য তখন একঘেয়ে বিষণ্নতা আর অন্তহীন নিঃসঙ্গতা ছাড়া যেন আর কিছুই অবশিষ্ট থাকে না। মনের সঙ্গে সঙ্গে তখন তা শরীরের জন্যও প্রচণ্ড ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কখনও কখনও তা ডেকে আনে মৃত্যু!
একটা সময় এর পেছনে কিছু সাধারণ সমস্যা বা কারণ খোঁজা হতো। সেগুলো এখনও আছে, দেখতে কেউ অসুন্দর হলে বা তার শরীরের কোনো ত্রুটি থাকলে সে একা বোধ করে। ছোট ছেলেমেয়েদের বেলায় বাবা-মা আলাদা থাকলে। কেউ কাছের প্রিয়জন হারালেও একা লাগে। তরুণরা যখন কর্মজগতে প্রবেশ করতে যায়, কিন্তু ভালো কাজ পায় না, বা বেকার থাকে আবার ভালো লাগার মানুষটিকে নিজের করে নিতে পারলেও এই মানসিক বিপর্যয় আসে। তবে এখনকার সমাজে ক্রমাগত পরিবর্তন, অস্থিরতা, যান্ত্রিকতা, জীবনযাপনের ইচ্ছামতো স্বাধীনতা যেমন উন্নত সমাজে তেমনি এমনকি প্রাযুক্তিক উন্নয়নের সঙ্গে তুলনামূলকভাবে শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আমাদের মতো সমাজেও এ অবস্থা দেখা যাচ্ছে আশঙ্কাজনকভাবেই। 
মানুষের এই মানসিক বিপর্যয় যেন আমাদের মনে করিয়ে দেয় অনেক দিন আগের কার্ল মার্ক্সের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, 'পুঁজিবাদী অর্থনীতিতে শ্রমিকের কোনো মূল্য নেই, আছে তার শ্রমের মূল্য। এখানে শ্রমিকের কোনো স্বতন্ত্রতা নেই, নেই কোনো পরিচয়। সে পরিচালিত হয় মালিক দ্বারা।' বিচ্ছিন্নতাবোধের শিকার মানুষগুলোরও হয় ঠিক এমন অবস্থা। আমার আমিকে সে হারিয়ে ফেলে কোথায় যেন। অনেকটা যন্ত্রের মতো বেঁচে থাকে। ক্রমে এ বেঁচে থাকা তার কাছে অসহ্য লাগে। অজান্তেই কমতে থাকে জীবনীশক্তি। কমিয়ে আনে আয়ু। এমনকি ডাক্তারের শরণাপন্ন হতে গেলেও, শারীরিক অসুস্থতা বা রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি নিয়েই আমরা বেশি ভাবি। কিন্তু হয়তো একবারও আমাদের এই বিচ্ছিন্নতা, একা থাকা, একা লাগার মতো ব্যাপারগুলো মাথায় আসে না। অথচ এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা প্রায়ই ভুলে যাই, আমাদের সহজাত প্রবণতার কথাগুলো, আমরা ভুলে যাই আমরা আসলে একা থাকতে পারি না। আমরা আদর চাই, যত্ন চাই, চাই আপনজনের মনোযোগ। আর এ ব্যাপারগুলোর যখন অভাব ঘটে তখনই সবার মাঝে থেকেও আমরা একা অনুভব করি। সদাচঞ্চল সমুদ্র কিনারে বিচ্ছিন্ন নির্জন কোনো দ্বীপে বিধ্বস্ত লাইট হাউসের মতো একাই যেন দাঁড়িয়ে থাকি। এমনকি যাঁরা একা বাস করছেন আপাতদৃষ্টিতে নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে না তাদের ক্ষেত্রেও বিষয়টি সত্য। এটিও নেতিবাচক প্রভাব ফেলতে পারে শরীরে। কেননা কিছুটা হলেও তো আমরা সামাজিক প্রাণী। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিকভাবে চাপ নেওয়ার ক্ষমতা তখনই বেশি ভালোভাবে কাজ করে যখন আমরা যৌথভাবে বা সমষ্টিগতভাবে থাকি। বন্ধু ও পরিবারের লোকজনদের সঙ্গে আনন্দে থাকি ও সুন্দর যোগাযোগ বজায় রাখি। যদি বা কখনও সেটা অস্বস্তিকরও মনে হয় তারপরও সেটা বজায় রাখার চেষ্টা করে যাওয়া উচিত। পরিবার ও বন্ধুরা মিলে যদি চেষ্টা করি আমাদের পাশে একাকী হয়ে পড়া কারও পাশে থাকার। যদি একটু সচেতন হই সম্পর্কগুলো জিইয়ে রাখার। কাছে-দূরের মানুষগুলোর খোঁজখবর নেওয়ার। তবে জীবনকে হয়তো আরও অর্থবহ করে তোলা যায়। চেষ্টা করা যায় মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে আরও একটু মিলেমিশে ভালো থাকার!