রেল নেটওয়ার্কে আসছে আরও ৮ জেলা
বাংলাদেশে ভ্রমণের সবচেয়ে নিরাপদ রুট হলো রেলপথ। বর্তমানে ওই নিরাপদ রুটের আওতায় আছে ৪৪টি জেলা। আরও ৮টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ২০২০ সালের মধ্যে ওই প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শেষ হবে বলে আশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ওই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার ও নড়াইল জেলার মানুষ ট্রেনে নিরাপদ ভ্রমণের সুযোগ পাবেন। এরপর রেলওয়ের মহাপরিকল্পনা অনুযায়ী শেরপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা- এ ৬টি জেলা রেল নেটওয়ার্কে আনার কাজ শুরু হবে। এদিকে রেলওয়ে সূত্র জানিয়েছে, ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর প্রায় ২০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণকাজ সম্পন্ন হয়। এসব রেলপথ দিয়ে পুরোদমে ট্রেন চলাচল করছে। ২০০৯ সালের জুন থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত নির্মাণ করা হয় ১১২ কিলোমিটার নতুন রেলপথ। এ রেলপথগুলো হলো- তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার, সিগন্যালিংসহ টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ২২ কিলোমিটার, লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৪৫ কিলোমিটার এবং ফরিদপুর থেকে পাঁচুরিয়া পর্যন্ত ১০ কিলোমিটার। ২০১৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৯০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়। এছাড়া, ২০৭ কিলোমিটার রেলপথ মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়। এ ২০৭ কিলোমিটার রেলপথ হলো- ঢাকা থেকে জয়দেবপুর ৮৫ কিলোমিটার, দিনাজপুর থেকে পঞ্চগড় ১৬ কিলোমিটার, পার্বতীপুর থেকে কাঞ্চন-পঞ্চগড় এবং কাঞ্চন-বিরল পর্যন্ত ১০৬ কিলোমিটার। এছাড়া, ৭৬৫ কিলোমিটার রেলপথ পুনঃসংস্কার করা হয়। ৬৫টি নতুন ব্রিজ নির্মাণ করা হয় এবং ৩৫৪টি পুনঃনির্মাণ করা হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে অবহেলিত জেলাগুলোকে রেলওয়ে নেটওয়ার্কে আনার পরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে নতুন ৮টি জেলায় নতুন রেলপথ নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এসব জেলার কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। আবার কয়েকটি প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সেগুলোর দরপত্র আহ্বান করা হয়েছে। কালুখালী-ভাটিয়াপাড়া-কাশিয়ানি-টুঙ্গিপাড়া প্রকল্প বাস্তবায়িত হলে গোপালগঞ্জ জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে। ইতিমধ্যে কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনের কাজ উদ্বোধন করা হয়েছে। এছাড়া, কাশিয়ানি-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সেকশনের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্পের কাজের ৬৬.৬৩ ভাগ ভৌত অগ্রগতি হয়েছে। এদিকে খুলনা-মংলা রেলপথ প্রকল্প বাস্তবায়িত হলে বাগেরহাট জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে। খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের সমীক্ষা এবং ডিজাইনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২৬শে মে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। ওদিকে সবচেয়ে আকাঙ্ক্ষিত রেলপথ দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সংলগ্ন গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করা হবে। ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজার জেলা রেলের নেটওয়ার্কের আওতায় আসবে। এবং রাজধানী থেকে সরাসরি কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হবে। ১৮৩৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সিঙ্গেল লাইন নির্মাণ প্রকল্পটি ২০১০ সালের ৭ই আগস্ট একনেকে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-গুনধুম পর্যন্ত মিটারগেজের স্থলে ডুয়েলগেজ লাইন নির্মাণের সিদ্ধান্ত হয়। বর্তমানে প্রকল্পটির ভূমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সরাসরি কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হবে। এদিকে যশোরের নাভারন থেকে সাতক্ষীরা হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ হলে সাতক্ষীরা জেলা রেলের নেটওয়ার্কের আওতায় আসবে। প্রকল্পটির প্রাথমিক সমীক্ষার কাজ সমাপ্ত হয়েছে।
ডিপিপি অনুমোদন এবং সরকারি বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে নির্মাণকাজ শুরু হবে। ওদিকে দর্শনা থেকে দামুড়হুদা হয়ে মুজিবনগর এবং মেহেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে মেহেরপুর জেলা রেলের নেটওয়ার্কের আওতায় আসবে। গত ২০শে মে প্রকল্পটির ডিপিপিটি পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পদ্মা সেতুর সংযোগ প্রকল্প পর্যায়-১ (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলা রেলের নেটওয়ার্কে সংযুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত ২৯শে জানুয়ারি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পর্যায়-২ (ভাঙ্গা-নড়াইল-যশোর) বাস্তবায়িত হলে নড়াইল জেলা রেলের নেটওয়ার্কে সংযুক্ত হবে। এডিবি’র অর্থায়নে প্রকল্পটির কাজ শুরু হবে। বর্তমানে প্রকল্পটির কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ফ্যাসিলিটি স্টাডির কাজ চলছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মানবজমিনকে বলেন, রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এবং এ প্রকল্প বাস্তবায়িত হলে ৮টি জেলার মানুষ কম ভাড়ায় ট্রেনে চলাচলের সুযোগ পাবে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের বিষয়ে রেলপথমন্ত্রী বলেন, দাতা সংস্থাগুলোর কাছ থেকে আমরা কম সুদে ঋণ নেয়ার চেষ্টা করছি। যেসব সংস্থা আমাদের ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আশা করছি সবাই এর বাস্তবায়ন করবে। এছাড়া, আরও যারা রেলের উন্নয়নে অর্থায়ন করতে আগ্রহী তাদের কাছ থেকেও আমরা কম সুদে ঋণ নেবো।











