গুম হওয়া ৮ ব্যক্তির বিষয়ে তদন্তের আহ্বান জাতিসংঘের
র্যাবের হাতে গুম হওয়া ৮ ব্যক্তির বিষয়ে তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ‘দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড ডিজ-অ্যাপিয়ারেনসেস’ এক চিঠিতে এ আহ্বান জানায়। জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে পৌছানো চিঠিতে বলা হয়েছে- ২০১৩ সালের ডিসেম্বরে র্যাব ৮ ব্যক্তিকে তুলে নিয়ে যায়। তারপর দেড় বছর কেটে গেছে অথচ তারা কোথায়, তা এখনও অজানাই রয়ে গেছে। গুম হওয়া ওই ব্যক্তিরা কোথায় আছেন, তাদের অধিকার রক্ষার বিষয় ও তাদের পরিণতি কি হয়েছে তা স্পষ্ট করতে সরকার যথাযথ অনুসন্ধান চালাবে বলে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ আশা প্রকাশ করে। গত ৫ই আগস্ট ৫ সদস্যের ওয়ার্কিং গ্রুপের এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর গত ৩রা জুলাই জাতিসংঘের ওই অঙ্গ সংস্থা জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে চিঠিটি পাঠায়। সরকারের জবাব পাওয়ার পর আগামী মাসের মাঝামাঝি সময়ে জেনেভায় ওয়ার্কিং গ্রুপটি ফের বৈঠকে বসবে বলে জানা গেছে। জেনেভা থেকে চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌছেছে কি-না, কিংবা পৌছালে তার পরবর্তী অ্যাকশন কি হয়েছে গতকাল সে সম্পর্কে খোঁজ নিতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এমন চিঠি এলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেই। স্পর্শকাতর ওই বিষয়টি নিয়ে কথা না বাড়িয়ে ওই কর্মকর্তা বলেন, র্যাব সংক্রান্ত বিষয়াবলি দেখভাল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে খোঁজ নেয়া যেতে পারে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠিটি এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে পৌঁছেনি। জেনেভায় জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইংরেজি দৈনিক নিউএইজ এ নিয়ে একটি রিপোর্ট করেছে।
‘ইউএন কলস ফর গভর্নমেন্ট ইনভেস্টিগেশন অব এইট ডিজঅ্যাপিয়ারেনসেস’ শিরোনামে ডেভিড বার্গম্যান ও মুকতাদির রশিদের ওই রিপোর্টে বলা হয়েছে ২০১৩ সালের ২৮শে নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর দু’সপ্তাহে ঢাকা ও এর আশপাশ থেকে তুলে নেয়া হয় ১৯ জনকে। এর বেশির ভাগই বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতাকর্মী, না হয় তাদের কোন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত। তুলে নেয়া ১৯ জনের মধ্যে রয়েছেন গুম হওয়া ওই ৮ জন। পরিবারের সদস্য ও নিরপেক্ষ প্রত্যক্ষদর্র্শীদের দেয়া তথ্য অনুযায়ী, ওই ৮ জনের মধ্যে ৬ জন হলেন আসাদুজ্জামান রানা, জাহিদুল ইসলাম তানভীর, মো. মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, আবদুল কাদের ভূঁইয়া ও সাজেদুল ইসলাম। ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর রাতে তারা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বাইরে দাঁড়িয়েছিলেন। এ সময় তাদেরকে তুলে নিয়ে যায় র্যাব। অন্য দু’জন হলেন মো. কাওসার ও আদনান চৌধুরী। পরের দিন ৫ই ডিসেম্বর ভোরের দিকে শাহিনবাগের কাছের বাসভবন থেকে তাদেরকে তুলে নেয়া হয়। সেখানকার প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, এতে র্যাব জড়িত ছিল। রিপোর্টে আরও বলা হয় ৫ সদস্যের জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের সভাপতি এরিয়েল দুলিৎস্কি বর্ণনা করেছেন যে, ৮ গুমের বিষয়টি মে মাসে বিশেষজ্ঞরা বিবেচনায় নিয়েছেন এবং ২০১৫ সালের ৩রা জুলাই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে প্রেরণ করেছেন। দৃশ্যত, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ ওই দু’সপ্তাহ সময়কালে গুম হওয়া অন্য ১১ জনের বিষয়ে সরকারের কাছে তদন্তের আহ্বান জানায়নি। এসব গুম এমন এক সময়ে ঘটেছে যখন বাংলাদেশের রাজনীতি বিএনপি ও জামায়াতে ইসলামীর বিক্ষোভ-প্রতিবাদে ছিল উত্তাল।
তারা আন্দোলন করে সরকারকে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য চাপ প্রয়োগ করছিল। এ সময় যানবাহনে পেট্রলবোমা মেরে বেসামরিক লোকজন হত্যার জন্য দায়ী করা হয় বিরোধীদের। এসব গুমের দু’এক সপ্তাহ পরেই সরকার ২০১৪ সালের ৫ই জানুয়ারি বিতর্কিত নির্বাচন করে। সব বিরোধী দল ওই নির্বাচন বর্জন করে। গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, আমার ভাইকে দেড় বছরের বেশি সময় আগে তুলে নিয়েছে র্যাব। এখনও সে নিখোঁজ। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের চেয়ার এরিয়েল এই সাজেদুল ইসলামের কথা উল্লেখ করেছেন তার চিঠিতে। সানজিদা আরও বলেন, আমার ভাইকে ফেরত দিতে বা তার ভাগ্যে কি ঘটেছে তা জানাতে সরকারকে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের যেকোন চাপকে আমি স্বাগত জানাই। এতটা সময়ে পুলিশ কোন মামলাও করেনি অথবা কোন যথাযথ তদন্তও করে নি। ১৯টি গুমের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জড়িত এর স্বপক্ষে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ধারাবাহিকভাবে ওই প্রত্রিকায় প্রকাশিত হয় বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।











