শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিপজ্জনক দুই লেভেল ক্রসিং

news-image

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এবং চট্টগ্রাম-সিলেট রেলপথের খড়মপুরের লেভেল ক্রসিংয়ে রেলগেট নেই। ফলে কলকাতা-ঢাকা-আগরতলা পথের যাত্রীবাহী বাসসহ বহু যান ঝুঁকি নিয়ে এই দুই লেভেল ক্রসিং অতিক্রম করছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের আখাউড়া অঞ্চলে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ ৩৩টি লেভেল ক্রসিং আছে। আখাউড়া-আশুগঞ্জ ও আখাউড়া-মুকুন্দুপুর পথের ৪৫ কিলোমিটারে এগুলোর অবস্থান। রেলওয়ে এবং সড়ক ও জনপথের (সওজ) রশি টানাটানির কারণে এসব ক্রসিংয়ে গেট নির্মাণ হচ্ছে না।
রেলওয়ের আখাউড়া জংশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০১০ সালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অতিক্রম করে সুলতানপুর-আখাউড়া স্থলবন্দর সড়কটি তৈরি করা হয়। সড়কটি ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক নামেও পরিচিত। এ সড়কের দুটি লেভেল ক্রসিং রেলওয়ের ১৮৯০ সালের আইনের ১২৮ ধারা অনুযায়ী অবৈধ। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে এখন বড় বিপদ দুটি লেভেল ক্রসিং। এ দুই ক্রসিংয়ে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ঝরছে প্রাণ।
কলকাতা-ঢাকা-আগরতলা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের তত্ত্বাবধায়ক মামুন মিয়া বলেন, লেভেল ক্রসিং পার হওয়ার সময় আতঙ্কিত হয়ে এপাশ-ওপাশ তাকান। কলকাতার বাসচালক প্রশান্ত কুমার দাস বলেন, দুই লেভেল ক্রসিং পার হওয়ার সময় বুক ধড়ফড় করে। এ রকম সড়কে এমন বিপদ দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর দপ্তর (ঢাকা) সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পৌরসভা ও ইউনিয়ন পরিষদ রেললাইনের ওপর দিয়ে যেসব সড়ক নির্মাণ করেছে, তার সব কটিই অবৈধ।
রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, রেলওয়ে আইনের ১২৮ ধারায় বলা আছে, রেললাইন নির্মাণের ১০ বছরের মধ্যে এ লাইন অতিক্রম করে কোনো সড়ক নির্মাণ করা হলে ওই স্থানে লেভেল ক্রসিং নির্মাণ করবে রেলওয়ে। তবে ওই সময়ের পর নির্মাণ হলে সেখানে সড়ক নির্মাণকারী সংস্থা বা প্রতিষ্ঠান লেভেল ক্রসিং নির্মাণসহ দায়িত্বরত গেটম্যানের বেতন-ভাতার ব্যবস্থা করবে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আশুগঞ্জ সেকশনের কোড্ডা এলাকার দুটি রেলপথ অতিক্রম করে সড়ক নির্মাণ করেছে সওজ। জারুলতলা, ভাতশালা, চানপুর, সোতাহা, রামরাইল এলাকার রেলপথ অতিক্রম করা রাস্তাটি এলজিইডির। শিমরাইলকান্দি, কান্দিপাড়া রাস্তা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। দাড়িয়াপুর, বড় হরণপুরের রাস্তাটি সওজের। তালশহরের লেভেল ক্রসিংয়ের রাস্তা এলজিইডির।
রেলওয়ের প্রকৌশল বিভাগ (ঢাকা) সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে গেট নির্মাণ করতে সংশ্লিষ্ট বিভাগকে নিয়মিত চিঠি দেওয়া হচ্ছে। সর্বশেষ গত ৭ মে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর (ঢাকা-২) দপ্তর থেকে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা ও আখাউড়ার খড়মপুরের দুটি লেভেল ক্রসিংকে বৈধ করতে এক কোটি ৮০ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা-২) মো. আরমান হোসেন বলেন, আখাউড়া অঞ্চলের কোড্ডা ও খড়মপুর লেভেল ক্রসিং খুব গুরুত্বপূর্ণ। এগুলোর ঝুঁকিও বেশি। সওজকে প্রকল্পের অর্থ দিতে বলা হয়েছে। সেখান থেকে অর্থ দেওয়া হলে এই দুই লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা হবে।
সওজ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, ‘রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর একটি চিঠি পেয়েছি। চিঠিতে প্রাক্কলন নেই। সরেজমিনে তথ্য সংগ্রহ শেষে প্রতিবেদন পাঠানো হয়েছে।’