যন্ত্রে পরীক্ষা হবে গাড়ির ফিটনেস
যন্ত্রের মাধ্যমে গাড়ির ফিটনেস পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। ফিটনেস প্রদানে স্বচ্ছতা ও সক্ষমতা বাড়াতে যন্ত্রের সাহায্যে যাচাইয়ের এই উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ভিআইসি (ভেহিকল ইন্সপেকশন সেন্টার) স্থাপন করা হচ্ছে। নভেম্বরে বিআরটিএ’র মিরপুর অফিসে প্রথমটি চালু হতে পারে। এর সুফল পেলে পর্যায়ক্রমে ঢাকার ইকুরিয়া, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়ও স্থাপন করা হবে বলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন। মোটরযানের ফিটনেস প্রদানে অনিয়ম চলছে দীর্ঘদিন ধরে। গাড়ি না দেখেই ফিটনেস সনদ দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গাড়ির ছবি তুলে রাখার বাধ্যবাধ্যকতা চালু করে বিআরটিএ। কিন্তু একজন মোটরযান পরিদর্শক স্বচক্ষে দেখে ফিটনেস প্রদানের পরও অনিয়ম কমেনি। এ অবস্থায় আউটসোর্সিংয়ে গাড়ির ত্রুটি যাচাই এবং ফিটনেস সনদ দেয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। আবার এমন চিন্তাও রয়েছে, গাড়ির ডিজিটাল নম্বরপ্লেটের মতো সেনাবাহিনীর সহায়তায় ফিটনেস যাচাই করা যায় কিনা। তবে বেসরকারি প্রতিষ্ঠানকে দিলে ওই প্রতিষ্ঠানের দেশজুড়ে সক্ষমতা ও জনবল আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিআরটিএ’র চলতি বছরের জুলাই পর্যন্ত হিসাব অনুযায়ী, সারা দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার ৮৫৮। এর বিপরীতে বিআরটিএ’র জনবল কাঠামো আছে ৫৭৩ জন। এর মধ্যে সদর কার্যালয়ে আছে ১৫১ জন। বাকি ৪২২ জন রয়েছেন মাঠ পর্যায়ে। কিছু জনবল কম আছে বলে সূত্র বলছে। সংস্থাটির হিসাবেই সারা দেশে ৩ লাখের উপরে ফিটনেসবিহীন যানবাহন রয়েছে। ফিটনেসবিহীন গাড়ির তালিকা করা হয়েছে বিআরটিএ প্রতিষ্ঠার পর রেজিস্ট্রার্ড গাড়ির ফি নবায়ন না করার হিসাবে। অর্থাৎ যেসব গাড়ি বছর ঘুরে ফি দিচ্ছে না সেগুলোকেই ফিটনেসবিহীন বলা হচ্ছে। এগুলোর একটা বড় অংশ এখন অস্তিত্বহীন। আর বছর শেষে ফি দিলেই মেলে ফিটনেসের সনদ। মোটরযান পরিদর্শকরা গাড়ির মান যাচাই করেন খালি চোখে, অনেকটা অনুমাননির্ভর। নেই যন্ত্রপাতির ব্যবস্থা। আবার গাড়ি না দেখেও সনদ দেয়ার অভিযোগ আছে। তাই ত্রুটিপূর্ণ গাড়িও ফিটনেস সনদ নিয়ে চলতে পারছে। এসব অনিয়ম ছাড়াও জনবল সংকট, স্থান সংকুলানের অভাবসহ নানা সীমাবদ্ধতার কারণে বিআরটিএ’র ফিটনেস প্রদানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বাস্তবতায় কোরিয়ান প্রতিষ্ঠান কোইকার সহায়তায় অচল ৫টি ভিআইসি সচলের উদ্যোগ নেয় বিআরটিএ। ঢাকার মিরপুরসহ ৫টি স্থানে ভিআইসি স্থাপনে সুফল পেলে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, পাবনা, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুষ্টিয়া, সিলেট, রংপুর, দিনাজপুর, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি এই ১৫টি জেলায় নতুন ভিআইসি এবং মোটর ড্রাইভিং টেস্টিং অ্যান্ড ট্রেনিং সেন্টার (এমডিটিটিসি) স্থাপনের উদ্যোগ নিয়েছে বিআরটিএ।
কয়েকজন ম্যাজিস্ট্রেট তাদের অভিযান পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ফিটনেস সনদ থাকা গাড়ি দেখলেও অবাক হতে হয়। খালি চোখেই দেখা যায় গ্লাস, সিটকভার, বডির বেশির ভাগই নষ্ট। এছাড়া, কালো ধোঁয়া বের হয়। রাস্তায় গাড়ি থামিয়ে রেডিয়েটরে পানি দিতে হয়। বিআরটিএ’র পরিসংখ্যান মতে, বর্তমানে ৬১ হাজারের বেশি রেজিস্ট্রার্ড বাস-মিনিবাস রয়েছে। ট্রাক রয়েছে ১ লাখ ১১ হাজার ৬৮৯। সিএনজি অটোরিকশা-অটোটেম্পোসহ তিন চাকার রেজিস্ট্রার্ড যানবাহন রয়েছে দুই লাখ ৩৪ হাজার ৪১টি। সূত্র জানায়, কোরিয়ান প্রতিষ্ঠান কোইকার সহায়তায় অচল ৫টি ভিআইসি সচলের উদ্যোগ নেয় বিআরটিএ। এই উদ্যোগটি ১৯৯৭ সালে নেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই কোইকা এবং বাংলাদেশ সরকারের সহায়তায় ডাটা বেইজ এবং ফিটনেসবিহীন গাড়িকে কিভাবে আরও আধুনিক উপায়ে যাচাই করা যায় এই দুটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে কোইকা ২৪ কোটি ৫০ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ২ কোটি ৮৪ লাখ টাকা দেবে। বিআরটিএ’র সূত্র জানায়, ফিটনেস প্রদানে স্বচ্ছতা ও সক্ষমতা বাড়াতে যন্ত্রের সাহায্যে যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ভিআইসি (ভেহিকল ইন্সপেকশন সেন্টার) স্থাপন করা হচ্ছে। নভেম্বরে বিআরটিএ’র মিরপুর অফিসে প্রথমটি চালু হচ্ছে। এর সুফল পেলে পর্যায়ক্রমে ঢাকার ইকুরিয়া, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়ও স্থাপন করা হবে।
এ বিষয়ে বিআরটিএ’র সচিব মুহাম্মদ শওকত আলী মানবজমিনকে বলেন, এখনও তো মেন্যুয়ালি গাড়ির ফিটনেস করা হচ্ছে। তাই যন্ত্রপাতির মাধ্যমে কিভাবে যাচাই করা যায় তা নিয়ে বিআরটিএ কাজ করছে। আশা করি, আগামী নভেম্বরে বিআরটিএ’র মিরপুর অফিসে প্রথম ভেহিকল ইন্সপেকশন সেন্টারটি চালু করা সম্ভব হবে।











