শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের স্বাধীনতা রুখতে ষড়যন্ত্র হচ্ছে : প্রধান বিচারপতি

news-image

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও চাঞ্চল্য রুখতে ষড়যন্ত্র চলছে। আমি দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগে চাঞ্চল্য ফিরে আসায় এবং বিচারকরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারছেন বলেই তা ব্যাহত করতে এই ষড়যন্ত্র চলছে বলে তিনি উল্লেখ করেন। : গতকাল সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা এ কথা বলেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাবধান থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা ছাড়া সঠিক বিচার করা সম্ভব নয়। হত্যা মামলার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা নিজে ময়না তদন্তের প্রতিবেদন তৈরি না করে ডোমদের কাছ থেকে জেনে তা তৈরি করে থাকেন।

আবার অনেক সময় জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরই গ্রীভিয়াস সার্টিফিকেট দিয়ে থাকেন, যা তারা দিতে পারেন না। কেননা পরবর্তীতে ওই আঘাতের চিহ্ন পরিবর্তিত হতে পারে, যা দিয়ে মামলা চালাতে জটিলতা দেখা দেয়। এতে করে বিচারপ্রার্থীরা যেমন সঠিক বিচার থেকে বঞ্চিত হন। তেমনি বিচারকদেরও বিচারকার্যে নানা সমস্যা পোহাতে হয়। এ সময় নাবালিকাদের বয়স প্রমাণের ক্ষেত্রে চিকিৎসকদের আরও মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, মামলার দীর্ঘসূত্রতা কমাতে আগামীতে তদন্তাধীন কোন মামলা হাইকোর্টের স্থগিতাদেশ দেয়া হবে না। শাস্তিমূলক অপরাধ হলে প্রতিটি থানায় মামলা নিতে পুলিশ সুপারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, এতে করে আদালতে সময় বাচবে। বিচারপ্রার্থীরাও বিচার পাবে।

পাশাপাশি দ্রুত পাবলিক সাক্ষী গ্রহণ করে আদালতে দাখিলের তাগিদ দেন তিনি। গভীর রাতে হাউজি, জুয়া ও কুপন খেলা বন্ধে যদি কেউ হাইকোর্টে রিট করে সুবিধা নিতে চায়, সে ক্ষেত্রে তিনি নিজে অবগত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাসও দেন প্রধান বিচারপতি। এছাড়াও আগামীতে পাবলিক সাক্ষীদের টিএ-ডিএ প্রদানের পাশাপাশি নারী সাক্ষী ও বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। : প্রধান বিচারপতি বলেন, গত বছর দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল সে কারণেই মামলা জটের সৃষ্টি হয়েছে। এ সমস্যা সত্ত্বেও ২০ থেকে ৩০ ভাগ মামলার নিষ্পত্তি করা হয়েছে। মামলা জটের কারণে বিচার প্রার্থীরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। আমরা চেষ্টা করছি মামলা জট কমিয়ে আনার। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মামলা জট ৪০ থেকে ৫০ ভাগ কমিয়ে আনা যাবে। : নাটোর জেলা আইনজীবী সমিতি এ সংবর্ধনার আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ অনেকে। এছাড়া বিচার বিভাগ, প্রশাসক ও আইন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে রবিবার বিকেলে তিনি নাটোর সার্কিট হাউজে যান। পরে তিনি উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যার পর স্থানীয় সার্কিট হাউজে নাটোরের বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। :