শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারই উম্মত আজ এত হৃদয়হীন কেন

news-image

শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের ভালোবাসা ও তাদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে তা মেনে চললে এ নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকা সম্ভব হতো। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, এক বেদুইন নবী (সা.)-এর কাছে এসে বলল, আপনারা শিশুদের চুমু দেন আমরা তো তাদের চুমু দেই না। উত্তরে নবী (সা.) বলেন, আল্লাহতায়ালা তোমার অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নিয়ে গেলে আমি তার কি করতে পারি। (বুখারি) একদা নবী (সা.) ঈদের নামাজ আদায়ের জন্য গৃহ থেকে বের হলেন একটু গিয়ে দেখলেন এক শিশু মলিন বেশে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। নবী (সা.) তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদছে কেন? শিশুটি জবাবে বলল, আমার বাবা-মা বেঁচে নেই আমি অসহায়, ঈদে আমার কোনো পোশাক নেই, আমি দুঃখে কাঁদছি। নবী (সা.) শিশুটিকে কোলে তুলে নিয়ে ঘরে ফিরে এলেন, তাকে গোসল করিয়ে নতুন পোশাক দিলেন এবং বললেন, আজ থেকে আমি বিশ্ব নবী মোহাম্মদ (সা.) তোমার বাবা, আয়েশা (রা.) তোমার মা, ফাতেমা (রা.) তোমার বোন। নবীজির আদর পেয়ে শিশুটি তার দুঃখ ভুলে গেল। ছোট শিশু উমায়েরের একটি ছোট পাখি ছিল। একবার সে বসেছিল তার কাছে পাখিটি ছিল না। নবীজি (সা.) তার কাছ দিয়ে অতিক্রম করছিলেন এবং বললেন হে উমায়ের তোমার পাখিটি কোথায়? ব্যক্তিগত, পারিবারিক ও দ্বীনি শত ব্যস্ততার মধ্যেও নবী (সা.) শিশুটির পাখির বিষয়টি স্মরণ রেখেছেন বলে শিশুটি অবাক হল। নবী (সা.)-এর দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসাইনকে (রা.) নবী (সা.) কত আদর করতেন তা ইতিহাস খ্যাত। নবীজি ঘোড়ার মতো হামাগুড়ি দিয়ে চলতেন আর নাতিরা নবী (সা.)-এর পিঠ মোবারকে আরোহণ করতেন। অনেক অসহায় পরিবার অভাবের তাড়নায় শিশুদের বাসাবাড়িতে, গ্যারেজে, শিল্পকারখানার কাজে নিয়োজিত করছে। ছোট মানুষ, কাজে তার কিছু ভুল হওয়া অস্বাভাবিক নয়। সামান্য ভুলের জন্য মালিক পক্ষ অনেক সময় তাদের সঙ্গে নির্দয় আচরণ করেন। আপনার ছোট শিশুটির কথা একটু ভাবুন, তাকে কি এ ধরনের কাজে নিয়োজিত করবেন? আর সেই বা এ বয়সে কতটুকু দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে? আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন- কেউ তার অধীনস্থকে (চাকর) অন্যায়ভাবে একটি বেত্রাঘাত করলেও কিয়ামতের দিন তার থেকে তার বদলা নেয়া হবে (তাবরানি)। আবু বকর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (সা.) বলেছেন- অধীনস্থদের (চাকর) প্রতি ক্ষমতার অপব্যবহারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না (ইবনে মাজাহ)। মনিব যা খায়, যে ধরনের পোশাক পরে দাস-দাসিদের একই ধরনের খাওয়া ও পোশাক প্রদানের নির্দেশ ইসলাম দিয়েছে। নবী (সা.) বলেছেন- তোমাদের কারও খাদেম তার জন্য খাবার নিয়ে এলে তাকে তার সঙ্গে বসিয়ে খাবার খাওয়াতে না পারলে (কমপক্ষে) এক বা দুই লোকমা যেন তার মুখে তুলে দেয়। কারণ সে কষ্ট করে তার জন্য খাবার প্রস্তুত করে এনেছে (বুখারী)। দাস-দাসি কোনো ভুল করলে ক্ষমা করা উত্তম। আল্লাহ বলেছেন- ক্ষমা প্রদর্শন কর, ভালো কাজের আদেশ দাও, জাহেলদের থেকে বিমুখ থাক (সূরা আরাফ-১৯৯)। হজরত আনাস (রা.) শিশু বয়সে নবী (সা.)-এর খাদেম নিযুক্ত হন। তিনি দশ বছর নবী (সা.)-এর খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি বলেন, এ দীর্ঘ সময়ে নবী (সা.) কখনও হে আনাস তুমি এটা করলে না কেন? বা ওটা এরকম করলে কেন? বলেননি। তিনি আরও বলেন, একদা নবী (সা.) একটি কাজে আমাকে এক জায়গায় পাঠালেন। যাওয়ার পথে শিশুরা খেলছে দেখে আমি তাদের খেলা দেখতে লাগলাম এবং কাজের কথা ভুলে গেলাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলে হঠাৎ আমার মাথায় কারও হাতের স্পর্শ পেয়ে আমি পিছনে তাকিয়ে দেখি নবী (সা.) আমার মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গিয়ে বললাম- আমি এখনি যাচ্ছি। নবী (সা.) মুচকি হেসে বললেন- তিনি নিজে গিয়ে ওই কাজটি সেরে এসেছেন, তিনি আমাকে একটু রাগও দেখালেন না। আল্লাহ পাক বলেন, অতএব তুমি ইয়াতিমদের প্রতি নির্দয় আচরণ করো না এবং প্রার্থনাকারীকে ধমক দিওনা (সূরা আদ-দোহা ৯-১০)। শিশু ও সন্তানদের প্রতি আমাদের কর্তব্যও রয়েছে। শিশু মার্তৃগর্ভে আসার পর মায়ের চিন্তা-চেতনায় সততা ও ধর্মীয় ভাবধারা প্রাধান্য পাওয়া উচিত, কারণ তার চিন্তা-চেতনা সন্তানের ওপর প্রভাব ফেলে। সন্তান পুত্র বা কন্যা যাই হোক ভিন্ন দৃষ্টিতে দেখা নিষেধ। নবী (সা.) বলেছেন- যার কন্যা সন্তান রয়েছে সে তাকে প্রোথিত করেনি, অবহেলা করেনি, পুত্র সন্তানকে তার ওপর প্রাধান্য দেয়নি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন (আবু দাউদ)। সন্তানকে দ্বীনি জ্ঞান, নৈতিকতা, সততা শিক্ষা দেয়া প্রত্যেক অভিভাবকের অবশ্য কর্তব্য। সাইদ ইবনুল আস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেন- পিতা সন্তানকে যা দান করে এর মধ্যে সর্বোত্তম দান হল উত্তম শিক্ষা ও উত্তম প্রশিক্ষণ (মেশকাত)। শিশুরা অনুকরণ প্রিয় তাই পিতা-মাতা ও মুরুব্বিদের নিজেদের সুন্দর আচরণ করতে হবে তবেই সন্তান তা শিখবে। হজরত আবদুল কাদের জিলানি (র.) প্রথম দিন মক্তবে গিয়ে মুখস্থ কোরআন ওস্তাদকে শুনিয়ে দিতে লাগলেন, ওস্তাদ তা শুনে অবাক হয়ে ভাবলেন সে কোথায় তা শিখল? জানা যায়, তার মায়ের কোরআনের আঠার পারা মুখস্থ ছিল। তার মা তা বেশি বেশি তিলাওয়াত করতেন, তা শুনে শুনে তার মুখস্থ হয়ে গেছে। শিশুকে সৎ উপদেশ দেয়া প্রয়োজন, লোকমান হেকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন কোরআনের ভাষায় তা বর্ণনা করা হয়েছে- হে প্রিয় বৎস আল্লাহর সঙ্গে শিরক করো না নিশ্চয়ই শিরক বড় জুলুম।

নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিবে না, অহংকার করে জমিনে চলবে না, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। নিম্ন স্বরে কথা বলবে, গাধার মতো জোরে চিৎকার সবচেয়ে অপছন্দনীয়। (সূরা লোকমান-১৩ এবং ১৬-১৯) পরিবারকে সুন্দরভাবে পরিচালনা ও সন্তানকে মানুষ করার জন্য নবী (সা.) গুরুত্ব দিয়েছেন, তিনি (সা.) বলেন- যে লোক (পরকালে) প্রতিদান পাওয়ার আশায় পরিবার-পরিজনের জন্য ব্যয় করে তা তার জন্য সাদকাহ হিসেবে গণ্য হবে (বুখারি মুসলিম)। অনেক শিশুকে দেখা যায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত, কেউ টোকাই সেজে বাসা-বাড়িতে চুরিতে লিপ্ত হয়। জানাজা বা ভিড়ের মধ্যে বড়দের পাশে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল, টাকা-পয়সা হাতিয়ে নেয়। এ বিষয়ে অভিভাবক অনেকাংশে দায়ী। আগেই বলা হয়েছে শিশুরা অনুকরণ প্রিয়। নাটক সিনেমা তাদের বেশি প্রভাবিত করে, এ জন্য পাখি জামা, ঝিলিক জামার জন্য আত্মহত্যার ঘটনাও ঘটেছে। নাটক-সিনেমায় ধূমপান, মদপানের দৃশ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃশ্য, শিশুদের ধূমপান, নেশা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নিয়ে যায়। এ বিষয়ে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে। আবদুল্লা ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.)কে বলতে শুনেছি- সাবধান! তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ অধীনস্থদের সম্পর্কে (আখিরাতে) জিজ্ঞাসা করা হবে। দেশের শাসককে তার দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষকে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন গৃহিণী তার স্বামীর সংসারে সন্তানাদি দেখাশুনার জন্য দায়িত্বশীল তাকে ওই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। চাকরকে তার মনিবের সম্পদ রক্ষা ও অন্যান্য দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেককেই অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে (বুখারি)। তাই আসুন আমরা শিশুদের প্রতি সদয় হই। ঝুঁকিপূর্ণ ও অনৈতিক কাজে তাদের নিযুক্ত না করি, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তাদের আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করার পথ সুগম করি।


লেখক : অধ্যক্ষ, ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা৭