শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত পাকিস্তান সীমান্তে ফের গুলি বিনিময়, নিহত ৬

news-image

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের পাকিস্তানি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়েছে। এতে দুই দেশের মোট নিহত হয়েছে ছয়জন। এদের মধ্যে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের একজন নাগরিক। খবর এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউনের। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ভারতের নয়জন এবং পাকিস্তানের তিনজন। পুঞ্চ সেক্টরের ডেপুটি কমিশনার নিসার আহমাদ ওয়ানি জানান, বিকেলে বালাকোট সেক্টরে শেল নিক্ষেপ করা হয়। এ সময় একটি গ্রামের প্রধানসহ পাঁচজন নিহত হয়। এদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। আহত হয় আরো ছয়জন। আহতদের চিকিৎসার জন্য জম্মুতে নিয়ে আসা হয়েছে। এর আগে সকালে সাবজিয়ান সেক্টরের দুটি স্থানে চালানো হামলায় তিনজন আহত হয়েছে। এই সেক্টরে গত এক সপ্তাহ ধরে শেষ নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক পরিবার এখান থেকে অন্যত্র চলে গেছে।

পাকিস্তানি সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসনস (আইএসপিআর) এর পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের কোটলির নাকিয়াল সেক্টরের গালা গ্রামে ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই গুলি করা হয়। এতে মোহাম্মদ শফি নামে একজন নিহত এবং ৩ জন আহত হয়। পুঞ্চের লাইন অব কন্ট্রোল সীমান্তে (এলওসি) এ ধরনের হামলা চলেছে গত এক সপ্তাহ ধরে। ২০০৩ সালের আগস্টে যুদ্ধবিরতির পর এখানে ২৮বার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। প্রতি বছর ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবসে সীমান্ত বাহিনীর মধ্যে সীমান্ত বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণের ঘটনা ঘটে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটলো। সমপ্রতি শেষ হওয়া লোকসভার অধিবেশনে সরকার জানায়, ২০০৩ সালের পর গত ২৬ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে ১৯২ বার যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটিয়েছে পাকিস্তান।

এদিকে শনিবার প্রতিবারের মতো এবার স্বাধীনতা দিবসে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে মিষ্টি খাওয়ানোর ঘটনা ঘটেনি। ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর আগের দিন পাকিস্তানের স্বাধীনতা দিবসে নওয়াজ শরিফকে অভিনন্দন বার্তা পাঠান নরেন্দ্র মোদী। দুই নেতাই তাদের বার্তায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়টি উল্লেখ করেন। এর মধ্যেই সীমান্তে এ ধরনের হামলার ঘটনা ঘটলো।