বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতানা কামালকে শেষ দেখাও দেখতে পায়নি তার পরিবার

news-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই ঘাতকদের হাতে নিহত হন তার বড় পুত্রবধূ সুলতানা কামাল। বিয়ের মাত্র এক মাসের মাথায় মেহেদির রঙ মুছে যাওয়ার আগেই স্বামী শেখ কামাল, শ্বশুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শাশুড়ি শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ অন্যান্য পরিজনের সঙ্গে নিহত হন তিনি। ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ির দোতলার ঘাতকের বুলেটের আঘাতে রক্তাক্ত অবস্থায় সুলতানা কামালের নিথর দেহটি পড়েছিল অন্য সবার মাঝে। তখনও তার দু’হাতে শোভা পাচ্ছিল সদ্য বিয়ের মেহেদির আলপনা। রক্তের রঙ আর মেহেদির রঙের মাখামাখি হয়ে একাকার হয়ে গিয়েছিল। ১৫ আগস্ট ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটলেও সুলতানা কামালের পরিবার এ খবর প্রথম পান সকালে রেডিওর মাধ্যমে। প্রিয় সন্তান, প্রিয় বোনের মৃতদেহও দেখতে পাননি তার স্নেহময়ী মা-বাবা এবং অন্য ভাই-বোনরা।
সুলতানা কামালের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শহুরে মধ্যবিত্ত পরিবারের সন্তান সুলতানা কামালের পুরো নাম সুলতানা আহমেদ খুকি। বিয়ের পর হয়ে যান সুলতানা কামাল। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বোনদের সবার ছোট এবং ভাই-বোনদের তালিকায় অষ্টম। বাবা দবির উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। মা জেবুন্নেছা বেগম ছিলেন গৃহিণী। বকশিবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে ১৯৫২ সালের ১০ ডিসেম্বর জন্ম নেন সুলতানা কামাল। ১৯৭৫ সালের ১৪ জুলাই শেখ কামালের সঙ্গে তার বিয়ে হয়।
বৃহস্পতিবার রাতে সুলতানা কামালের শাহজাহানপুরের পৈতৃক বাড়িতে বসে তার ছোট ভাই গোলাম আহমেদের সঙ্গে কথা হয়। তিনি জানান, সবার ছোট হওয়ায় তাকে বেশি আদর করতেন বড় বোন সুলতানা। খেলতে যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যেতেন। এমনকি বঙ্গবন্ধু যেদিন তাকে প্রথম দেখেন সেদিনও গণভবনে ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে যান সুলতানা আহমেদ খুকি। আহমেদ জানান, ১৫ আগস্ট সকালে তার চতুর্থ ভাই ফারুক মোহাম্মদ ইকবাল বাসার বাইরে গেলে রেডিওতে শুনতে পান বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে। তিনি দ্রুত বাসায় ফিরে ঘটনাটি জানান। এরপর বাসাতেও সবাই রেডিওতে এ খবর শুনতে পান। কিন্তু আসলে কি হয়েছে তা জানতে জানতে সকাল দশটা বেজে যায়। তার বাবা দবিরউদ্দিন নিজস্ব নেটওয়ার্কে খবর নিয়ে জানতে পারেন বঙ্গবন্ধুসহ বাসার সবাইকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যেই বাসায় খবর আসে ঢাকা মেডিকেলে নিহতদের মৃতদেহ রাখা হয়েছে। মেয়েকে শেষবারের মতো দেখার আশায় সেখানে ছুটে যান তাদের মা। কিন্তু ঢাকা মেডিকেলে গিয়ে শুধু আবদুর রব সেরনিয়াবাত ও শেখ ফজলুল হক মনির পরিবারের মৃতদেহগুলো দেখতে পান তিনি। একটি নিশ্চিত খবরের আশায় পুরো পরিবারের সারাদিন কেটে যায় কিন্তু কেউ তাদের নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।


পরদিন বঙ্গবন্ধুর বাসার কাজের লোক আবদুর রহমান রমা তাদের বাসায় গিয়ে হত্যাকা-ের সবিস্তার বর্ণনা দেন। বঙ্গবন্ধু ছাড়া তার পরিবারের সদস্যদের বনানীতে দাফনের খবর শুনে কয়েকদিন পর সুলতানা কামালের পরিবার বনানীতে গিয়ে কবর জিয়ারত করেন।
ছোটবেলা থেকে বিভিন্ন খেলাধুলায় পারদর্শী পরিবারের সবার আদরের খুকি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সব খেলাতেই জিতে নিতেন প্রথম পুরস্কার। তিনি মুসলিম গার্লস স্কুল, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীই শুধু ছিলেন না, ছিলেন সবার প্রিয় অ্যাথলেট। তিনি একে একে জিতে নেন স্কুল ও কলেজের সেরা খেলোয়াড়ের পুরস্কারসহ ইডেন কলেজের শ্রেষ্ঠ অ্যাথলেট পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ব্লু পুরস্কার, ব্যাডমিন্টন পুরস্কার এবং বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলেটের পুরস্কারও তিনি ঘরে তুলে নেন।
এছাড়া ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সুলতানা কামালকে একুশে পদক, স্বাধীনতা পদক ও ক্রীড়া লেখক সমিতির পুরস্কারেও ভূষিত করা হয়। এসব পুরস্কার তিনি থরে থরে সাজিয়ে রেখেছিলেন শ্বশুরবাড়ি ধানম-ি ৩২ নম্বরের ঐতিহাসিক সেই বাড়িটির দোতলার বিশেষ একটি কক্ষে। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ বাসায় অবস্থানরত পরিবারের সবাইকে হত্যার পর সুলতানা কামালের অর্জনগুলোকেও ভেঙে গুঁড়িয়ে দেয় ঘাতকরা। ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিগত নৈপুণ্য ও অবদানের স্বীকৃতি হিসেবে তার নামে ধানম-িতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’ এছাড়া বকশিবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোয়ার্টারে তারা থাকতেন, সেখানেও গড়ে তোলা হয়েছে ‘সুলতানা কামাল স্মৃতি কমপ্লেক্স।’


আহমেদ জানান, তাদের বোন ও বোনজামাই না থাকলেও প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছেন। তিনি নিয়মিত খোঁজখবর নেন এবং যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। একইভাবে তারাও তাদের পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দু’পরিবারের মধ্যে যাতায়াত ও যোগাযোগ অব্যাহত আছে বলে উল্লেখ করেন সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ। এমনকি শেখ হাসিনা ভারতে থাকার সময়েও তার আত্মীয়-স্বজনকে নির্দেশ দিতেন, তার কাছে যাওয়ার আগে যেন সুলতানা কামালের পরিবারের খবর নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আলাপে জানা যায়, তাদের আদি বাড়ি মাতুয়াইল ইউনিয়নে। তবে বকশিবাজারের কোয়ার্টার ছাড়ার পর তারা শাহজাহানপুরে চলে আসেন। তাদের ভাই-বোনদের মধ্যে সবার বড় এরশাদ মোহাম্মদ রফিক যিনি রফিক মৃধা নামে পরিচিত। পর্যায়ক্রমে রয়েছেন জাহাঙ্গীর মোহাম্মদ জসিম, আলমগীর মোহাম্মদ কবীর, খালেদা বানু, ফারুক মোহাম্মদ ইকবাল, মমতাজ বেগম, গোলাম মোস্তফা খোকন, সুলতানা আহমেদ খুকি এবং গোলাম আহমেদ। এর মধ্যে ফারুক মোহাম্মদ ইকবালকে স্বাধীনতার মাত্র চারদিন আগে বাসা থেকেই রাজাকাররা ধরে নিয়ে যান, যাকে আজও খুঁজে পাওয়া যায়নি। আরেক ভাই আলমগীর মোহাম্মদ কবীরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। দু’বোন নিজেদের পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাবা ১৯৭৫ সালের ১৫ আগস্টের দু’মাস পরই ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। আর মা ২০০০ সালের ২৬ ডিসেম্বর এ পৃথিবী ছেড়ে চলে যান।


সুলতানা কামালের পরিবার হওয়ায় ‘৭৫-পরবর্তী সময়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা জানতে চাইলে আহমেদ বলেন, ১৫ আগস্টের ঘটনার পর অনেকদিন তাদের বাড়ি পাহারা দেয়া হয়েছে। গোয়েন্দারা পেছনে লেগে থাকত। এছাড়া কখনও কোনো অসুবিধা বা ঝামেলায় পড়তে হয়নি। আর শেখ কামালের সঙ্গে মেয়ে বিয়ে দেয়ার পরও কোথাও কখনও বাড়তি সুবিধাও নেননি তারা।
আহমেদ জানান, ১৯৭৫ সালের ১৩ আগস্ট সর্বশেষ বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুলতানা কামাল। রাতে তাকে আনতে যান শেখ কামাল। যাওয়ার সময় সুলতানা কামাল তার মাকে বলেছিলেন, ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু তাদের বাসায় যেতে পারেন। মাকে সেজন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সুলতানা কামাল। কিন্তু সেদিন বেয়াইয়ের বাড়ি বেড়াতে যাওয়া হয়নি বঙ্গবন্ধুর। সকালের আলো ফোটার আগেই খুনিদের হাতে সপরিবারে জীবন দিতে হয়েছে বাঙালির এই মহানায়ককে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে।  

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক