রাসেল ভাইয়া তোমাকে ওরা মারবে না এরপরই গুলি- সব শেষ
তখন সতের বছরের তরুণ মহিত। পুরো নাম আফম মহিতুল ইসলাম। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির রিসিপশনিস্ট ছিলেন তিনি। কিশোর মহিত পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতৃস্নেহ। এমনকি বেগম মুজিবের কাছ থেকে পেয়েছেন মাতৃস্নেহ। বাড়িতে ফিরে বঙ্গবন্ধু মনভোলানো মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকতেন। সেদিন (১৯৭৫ সালের ১৫ আগস্ট) বঙ্গবন্ধু রাত ৮টার দিকে বাড়িতে ফেরেন। মহিতকে চুল ধরে টান দিয়ে আদর করেন। চলে যান নিজের শয়নকক্ষে। রাত ১২টার পর বঙ্গবন্ধুর বাড়ির একটা গাড়ি নিয়ে বনানী-কলাবাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন মহিত। ফিরে আসেন রাত ২টায়। কখন যে ঘুমিয়ে পড়েন তা বুঝতে পারেন না মহিত। গভীর রাতে বঙ্গবন্ধুর টেলিফোন। ‘মুহিত, পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন লাগা’। কিশোর মহিত শত চেষ্টা করেও কাউকে পাননি। তখন স্বয়ং বঙ্গবন্ধু টেলিফোনের রিসিবার নিজে হাতে নিলেন। বললেন, ‘হ্যালো। আমি রাষ্ট্রপতি শেখ মুজিব বলছি।’ এরপর জীবিত মুজিব কিশোর মহিতের সামনে সেই সাদা পাঞ্জাবি আর চশমা পরলেন। হেঁটে গেলেন দোতলায়। এরপর নিজের (মহিত) চোখের সামনে বঙ্গবন্ধু থেকে ছোট্ট রাসেলকে তারই চোখের সামনে একে একে খুন করল ঘাতকরা। নারকীয় হত্যাযজ্ঞের একজন প্রত্যক্ষদর্শী মহিত শোনালেন ইতিহাসের সেই জঘন্যতম মর্মান্তিক কাহিনী। যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার বাদীও। যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মহিত যা বলেন তার হুবহু নিচে তুলে ধরা হল।
মহিতের চোখে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : ‘যার নির্দেশে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মায়ের স্নেহ দিতেন, বঙ্গবন্ধু বাবার স্নেহ দিতেন, ছোট্ট রাসেল আমাকে খেলার সাথী মনে করতেন, তাদের হারিয়ে স্বাভাবিকভাবেই তো ভালো থাকার কথা নয়। বিশেষ করে আগস্ট মাস এলে আমি কেমন যেন বিমর্ষ হয়ে যাই। যখনই ওই ঘটনা মনে পড়ে, তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও নিজের চোখের সামনে জাতির জনকের নির্মম হত্যাকাণ্ড দেখেছি। আমি মুক্তিযোদ্ধা হয়েও তার প্রতিকার করতে পারিনি। আল্লাহপাকের কাছে আমার একটা চাওয়া ছিল, যদিও আমি অস্ত্রের মাধ্যমে কোনো প্রতিকার করতে পারিনি। কিন্তু বিচার পদ্ধতিতে এই হত্যাযজ্ঞের বিচার আমি আদালতে চাইতে পেরেছি। দেশবাসীর দোয়ায়, আমার মনিরামপুরবাসীর দোয়ায় আমি মামলা করতে সক্ষম হয়েছি। মামলার বিচার হয়েছে। আদালত থেকে যে রায় হয়েছে, তার আংশিক কার্যকরও করা হয়েছে। বাকি ঘাতকরা বিদেশে পালিয়ে আছে। আমি মনে করি, পালিয়ে থেকে খুব একটা লাভ হবে না। সরকারের কাছে আমার আবেদন, অবিলম্বে যেসব খুনি বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে আনা হোক। এই হত্যাযজ্ঞের পেছনে যে শিকড়, যারা নেপথ্যে ছিল, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হোক।
১৯৭৫ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধুর বাড়িতে আমার রাতে ডিউটি ছিল। সৌভাগ্যবশত বলেন আর দুর্ভাগ্যবশত বলেন, সেদিন আমারই ডিউটি ছিল। আমি আটটার সময় চলে আসি। বঙ্গবন্ধুর চিরচরিত একটা স্বভাব ছিল, সবাইকে তিনি নিজ সন্তানের মতো আদর করতেন। তার আলাদা ভঙ্গি ছিল। মুচকি হেসে কিংবা চুলে আলত করে হাত বুলিয়ে টান দিয়ে আদর করতেন। সেদিনও একইভাবে আদর করলেন। সাধারণত বঙ্গবন্ধু ১২টার দিকে ঘুমিয়ে যেতেন। তখন আমার বয়স ১৭ কি ১৮। আড্ডা দেয়ার স্বভাব ছিল বেশ। বঙ্গবন্ধুর বাড়িতে একটা ইমার্জেন্সি গাড়ি ছিল। বঙ্গবন্ধু ঘুমিয়ে পড়ার পর ওই গাড়ি নিয়ে আমি বনানীতে এক বন্ধুর বাসায় যাই আড্ডা দিতে। পরে সেখান থেকে কলাবাগানে আসি। সেখানেও আড্ডা দিয়ে রাত ২টার সময় বঙ্গবন্ধুর বাড়িতে ফিরে আসি। বাড়ির গেটে পুলিশ ও আর্মির সেন্ট্রিরা ছিল। তাদের সঙ্গে গল্প করে আমাদের জন্য নির্ধারিত বিছানায় শুতে গেলাম। টেলিফোনের কাছে টেলিফোন মিস্ত্রি ছিল। তাকে ইমার্জেন্সি ডিউটির জন্য রাখতাম। আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক মনে নেই।
হঠাৎ টেলিফোন মিস্ত্রি এসে আমাকে ডেকে তোলে। বলে, ‘রাষ্ট্রপতি স্যার আপনাকে ডাকছেন।’ তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি। তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠায় কোথায় ডাকছে ঠিক বুঝতে পারছিলাম না। ওপরে ডাকছে না নিচে ডাকছে। তখন কটা বাজে তাও বুঝে উঠতে পারিনি। চারদিকে বৈদ্যুতিক আলো জ্বলছে। ও আবার এসে বলল, রাষ্ট্রপতি স্যার আপনাকে নিচের টেলিফোনে ডাকছেন। আমি টেলিফোন রিসিভ করলাম। বঙ্গবন্ধু আমাকে বললেন, ‘সেরনিয়াবাতের (আবদুর রব সেরনিয়াবাত) বাসায় আক্রমণ করছে। পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন লাগা।’ আমার কাছে যতগুলো পুলিশের নম্বর ছিল সবগুলো লাগানোর চেষ্টা করছিলাম। কিন্তু কেউ রিসিভ করছিল না। পরে গণভবনের এক্সচেঞ্জের যে অপারেটর তাকে লাগালাম। হয়তো সে ঘুমিয়ে ছিল, তাই ঘুমের ঘোরে সে আমার টেলিফোন ধরে শুধু ‘হ্যা-‘হ্যা’ ধরনের শব্দ বলছিল।
এরপর বঙ্গবন্ধু নিজে নিচে চলে এলেন। বঙ্গবন্ধু দেখলেন, আমি একের পর এক টেলিফোনে চেষ্টা করে যাচ্ছি। তবে একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন, ‘কিরে, তোরে বলেছিলাম না, পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন লাগাতে। লাগালি না?’ আমি বঙ্গবন্ধুকে বললাম, ‘স্যার। আমি তো চেষ্টা করছি, কাউকেই পাচ্ছি না। তখন তিনি আমায় বললেন, ‘দে, আমার কাছে ফোন দে।’ বঙ্গবন্ধু আমার হাত থেকে রিসিভার নিয়ে নম্বর ঘুরিয়েই বলতে থাকেন, ‘আমি রাষ্ট্রপতি শেখ মুজিব বলছি।’ ঠিক তখনি এক ঝাঁক গুলি আমাদের অফিস কক্ষের দক্ষিণ জানালার গ্লাস ভেঙে অফিসের দেয়ালে লাগে। ঠিক সেই মুহূর্তে একটা ভাঙা গ্লাস আমার ডান হাতের কনুইয়ের কাছে এসে বিঁধে রক্ত ঝরতে থাকে। এই সময় জানালা দিয়ে বৃষ্টির মতো গুলি আসতে থাকে। বঙ্গবন্ধু আমার টেবিলের পাশে শুয়ে পড়েন এবং আমার হাত ধরে টেনে শুতে বলেন। আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে গুলি বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন, সঙ্গে আমিও উঠলাম। ওপর থেকে কাজের ছেলে সেলিম ওরফে আবদান বঙ্গবন্ধুর পাঞ্জাবি ও চশমা নিয়ে এলো। এ সময় বঙ্গবন্ধুর পরনে ছিল হাফ হাতার গেঞ্জি ও সাদা প্রিন্টের লুঙ্গি। তিনি আমার অফিস কক্ষে দাঁড়িয়ে পাঞ্জামি ও চশমা পরলেন।
বারান্দায় এসে তিনি বলেন, ‘আর্মি সেন্ট্রি, পুলিশ সেন্ট্রি, এত গুলি চলছে, তোমরা কি কর?’ এরপর তিনি ওপরে উঠে গেলেন। সেই সময় শেখ কামাল নিচে বারান্দায় এসে বললেন, ‘আর্মি, পুলিশ ভাই আমার সঙ্গে আসুন।’ তার এই কথা বলার সঙ্গে সঙ্গে ৩-৪ জন কালো ও খাকি পোশাক পরা লোক উগ্র মূর্তিতে অস্ত্রসহ সামনে এসে দাঁড়াল। আমি ও ডিএসপি নুরুল ইসলাম সাহেব কামাল ভাইয়ের পেছনে দাঁড়িয়েছিলাম। তখন ডিএসপি সাহেব আমাকে পেছন দিকে টান দিয়ে অফিস কক্ষের মধ্যে নিয়ে আসেন। অফিস কক্ষ থেকে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছিলাম। আবারও গুলির শব্দ শুনলাম। এই সময় কামাল ভাই গুলি খেয়ে লাফ দিয়ে আমার পায়ের কাছে এসে পড়েন। কামাল ভাই তখন চিৎকার করে বলেন, ‘আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল।’ তার এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আবারও খুনিরা গুলি করা শুরু করল। আবারও কামাল ভাইয়ের শরীরে গুলি লাগে। আর একটি গুলি লাগে আমার হাঁটুতে। তখন আমি বুঝতে পারলাম, যারা গুলি করছে এরা সবাই আর্মির লোক। ডিএসপি সাহেব আমাকে পেছনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে বের করে নেয়ার চেষ্টা করেন। তখন আর্মির মেজর বজলুল হুদা আমার চুল টেনে ধরার চেষ্টা করেন। তার সঙ্গে অস্ত্রসহ কয়েকজন আর্মির লোক ছিল। বজলুল হুদা আমাদের নিয়ে গেটের সামনে দাঁড় করান। এ সময় হঠাৎ একজন আর্মির লোক, এসবির পুলিশ অফিসারকে গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি গুলি খেয়ে পড়ে যান। কয়েকজন আর্মি আমাদের সামনে ফায়ার করতে করতে দোতলায় উঠতে থাকে। কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর উচ্চকণ্ঠ শুনতে পেলাম। আর মহিলাদের আর্তচিৎকার আর আহাজারি। এরপর ওপর থেকে শেখ নাসেরকে এনে আমাদের সঙ্গে দাঁড় করায় খুনিরা। তার হাতে গুলির জখম ছিল, রক্ত ঝরছিল। তখন নাসের স্যার বলতে থাকেন, ‘স্যার। আমি তো রাজনীতি করি না। ব্যবসা বাণিজ্য করে খাই। খুলনায় থাকি। ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছি।’
পাশে দাঁড়ানো এক আর্মি বলতে থাকেন, ‘শেখ মুজিব ইজ বেটার দ্যান নাসের।’ যে অস্ত্রধারী লোকটি শেখ নাসেরকে নিয়ে এসেছিলেন, তিনি বলেন, ‘ঠিক আছে, আপনাকে কিছু বলব না। আপনি ওই রুমে গিয়ে বসুন।’ এই কথা বলে শেখ নাসেরকে আমাদের রুমের এটাচ বাথরুমে নিয়ে ওরা গুলি করে। যখন ওই অস্ত্রধারী লোকটি আমাদের লাইনের দিকে ফিরে আসছিলেন, বাথরুম থেকে শেখ নাসের এ সময় ‘পানি’ ‘পানি’ বলে চিৎকার করতে থাকেন। আরেকজন আর্মির লোক বলে, ‘যা ওকে পানি দিয়ে আয়।’ অস্ত্রধারী ওই লোকটি তখন শেখ নাসেরকে নিয়ে যায়। পানি না দিয়ে ওরা ফের গুলি করে। এর মধ্যে শিশু শেখ রাসেলকে ওপর থেকে নিচে নিয়ে আসে অস্ত্রধারীরা। নিচে এসেই আমাকে রাসেল জড়িয়ে ধরে বলে, ‘ভাইয়া, ওরা আমাকে মারবে না তো?’ আমার তখন ধারণা হয়েছিল, বিশ্বাস করেছিলাম, খুনিরা হয়তো মাসুম বাচ্চা শিশু রাসেলকে মেরে ফেলবে না। এমন ধারণার বশেই আমি রাসেলকে বলি, ‘না, ভাইয়া তোমাকে কেউ মারবে না।’ রাসেলের সঙ্গে আমার এমন কথোপকথন চলাকালীন একজন আর্মির লোক রাসেলকে জোর করে আমার কাছ থেকে নিয়ে যায়। রাসেল তখন মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। রাসেলকে পুলিশ বক্সের মধ্যে রাখা হয়েছিল। তখন রাসেল বলছিল, ‘আমি মার কাছে যাব। মায়ের কাছে যাব।’ ওপর থেকে একজন ঘাতক এসে বলল, ‘যা, ওকে ওর মায়ের কাছে নিয়ে যা।’ এই কথা শোনার পর আমার মনে হল, হয়তো বেগম মুজিব বেঁচে আছেন। রাসেলকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওরা তাকে ওপরে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনি। যে রাসেল আমার সঙ্গে এত দুষ্টামি করত, সেই রাসেল আমার সামনে থেকে হেঁটে গেল। একটা নিস্তব্ধ পাথর মনে হল সরে যাচ্ছে। শেখ রাসেলের হত্যাকাণ্ড ছিল ওই বাড়ির শেষ হত্যাকাণ্ড। তখন গেটের সামনে বজলুল হুদার কাছে মেজর ফারুক কি যেন জিজ্ঞাসা করে। বজলুল হুদাকে বলতে শুনি ,‘অল আর ফিনিশড।’
সেদিন রাতে বঙ্গবন্ধু, বেগম মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, শেখ নাসের ও এসবির একজন পুলিশ অফিসারকে খুন করা হয়। খুনিদের মধ্যে সেদিন আর্মি মেজর ফারুক, মেজর বজলুল হুদা ও মেজর ডালিমকে আমি চিনে ফেলি। তবে কোন ঘাতকের গুলিতে কে মারা গেছে সেটি আমি জানি না। এটা আমি বলতে পারব না। নিচে যে কয়েকটি লাশ ছিল সেগুলো আমি দেখেছি। কারণ ওপরের লাশগুলো দেখার কোনো সুযোগ ছিল না। আপনি কিভাবে বেঁচে গেলেন এমন প্রশ্নের উত্তরে মহিত বলেন, ‘আমাকে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানালার শিক কেটে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে আমি মনিরামপুরের কাশিমপুর গ্রামে চলে যাই। যে পাহারাদার ছিল সে আমাকে সহযোগিতা করে। পরে আমাকে যশোরের ডিজিএফআই ধরে নিয়ে এসে টর্চার সেলে পাঠিয়ে দেয়।’ এরপর ১৯৭৫ সালে লালবাগ থানায় এ ঘটনায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমার মামলা নেয়নি। তারা বলেছিল, ‘যা বেটা ভাগ, নিজে মরবি, আমাদেরও মারবি।’











