শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নামি-দামি কলেজে শতভাগ পাস নেই

news-image

এবার মেধাভিত্তিতে সেরা কলেজের তালিকা ছিল না। সেরা কলেজের তালিকায় থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনৈতিক পন্থা বেছে নেয় এমন অভিযোগে তালিকা না তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। আর এতেই উঠে এসেছে ভিন্ন এক চিত্র। দেখা গেল, রাজধানী ঢাকার নামিদামি কলেজে শতভাগ পাস নেই! 
গত বছর সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ছিল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল কলেজ। চারটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে। এবার এসব প্রতিষ্ঠানের পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। রাজউক উত্তরা মডেল কলেজের কথাই ধরা যাক। গত বছর এইচএসসি পরীক্ষার ফলাফলের দিক থেকে সারাদেশে রাজউক উত্তরা মডেল কলেজ প্রথম স্থান অধিকার করে। পরপর চারবার প্রথম হয় কলেজটি। প্রতিষ্ঠানটির ১ হাজার ২৬১ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ১ হাজার ২০১ জন। পাসের হার ছিল শতভাগ। এবার দৃশ্যপট একটু ভিন্ন। চলতি বছর এই কলেজ থেকে ১ হাজার ২১৪ শিক্ষার্থী পরীক্ষা দেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৭৪৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩৬২ জন এবং মানবিক বিভাগ থেকে ১০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট জিপিএ-৫ পেয়েছে ৭২২ শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৯০ শতাংশ।
 
তবে এই ফলাফল নিয়ে খুব একটা অখুশি নয় প্রতিষ্ঠানটি। কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল আমিনুর রহমান খানের কথায় এমন আভাসই পাওয়া গেল। তিনি বলেন, র্যাংকিং হোক বা না হোক আমাদের ভালো করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের ফলাফলেও কিছুটা প্রভাব পড়েছে। তবে সারাদেশের ফলাফলের বিবেচনায় আমরা ভালো ফলের ধারাবাহিকতা বজায় রেখেছি বলে মনে করি। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার পর আরেকটি প্রিপারেটরি টেস্ট পরীক্ষা নেয়া হয়। আমরা শুধু লেখাপড়াই শেখাই না বরং দেশীয় সংস্কৃতি ও নৈতিকতার শিক্ষাও দিয়ে থাকি, যাতে আমাদের শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
 
নটর ডেম কলেজের কথা বলা যাক। গত বছর সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ হয় কলেজটি। ২ হাজার ৫৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ পায় ২ হাজার ৪৪ জন। এ বছর নটর ডেম কলেজের ২ হাজার ৫৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া অকৃতকার্য হয়েছেন ২১ শিক্ষার্থী। তবে ফলাফলে অখুশি নন কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউজ রোজারিও। তিনি বলেন, যারা অকৃতকার্য ছিলেন তাদের কেউ অসুস্থ ছিলেন, কেউ অনিয়মিত ছিলেন। তবে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই পদ্ধতি বাতিল করে দেয়াকে ইতিবাচক মন্তব্য করে কলেজের অধ্যক্ষ বলেন, এ পদ্ধতি বাতিল হওয়ায় আমরা খুশি। কারণ এতে কলেজগুলোতে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল। পড়ার মান নষ্ট হচ্ছিল। আশা করছি এখন প্রকৃত জ্ঞান চর্চা হবে।
 
গত বছর ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এক হাজার ৩৪২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পায় ১ হাজার ৪৭ জন। পাসের হার ছিল শতভাগ। আর সারাদেশে সপ্তম অবস্থানে ছিল। তবে এ বছর কলেজের ৯৩৩ শিক্ষার্থী জিপি-৫ পেয়েছে। পাসের হার ৯৯.৪ শতাংশ। এবার বিজ্ঞানে ৯৮১ পরীক্ষার্থীর মধ্যে ৮৩৩ জন, ব্যবসায় শিক্ষায় ২৯২ জনের মধ্যে ৭৬ জন ও মানবিকে ১৬৯ জনের মধ্যে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিকে ৪ জন ও বিজ্ঞানে ২ জন ফেল করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া বেগম সামগ্রিকভাবে এবার এইচএসসির ফলাফল খারাপ হওয়ার বিষয়ে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এটা হয়েছে। পরীক্ষার সময় রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের মানসিকতায় প্রভাব ফেলেছে। 
এবার রাজধানীর মতিঝিল আইডিয়াল কলেজে ফল বিপর্যয় হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির ২৫ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবার ১ হাজার ৮৪ পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৬২৪ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩০৪ ও মানবিক বিভাগ থেকে ১৫৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে বিজ্ঞানে ২ জান, মানবিকে ২০ জন এবং বাণিজ্যে ৩ জন অকৃতকার্য হয়েছে। মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষকদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়নি। ফল প্রকাশের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় কলেজের সহকারী প্রধান মো. আব্দুস সালাম খান বলেন, এবার ফল একটু খারাপ হয়েছে। প্রতি বছরই দুই-একজন অংশ নেয় না; কিন্তু এবার কেন এমন খারাপ ফল হলো সেটা খতিয়ে দেখা হবে।