বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিন তাড়াতে’ সন্তানকে পিটিয়ে মারল মা-বাবা

news-image

মাত্র সাড়ে তিন বছরের শিশু সুমাইয়া আক্তার। সব কাজেই তার প্রধান অবলম্বন মা। ঠিক এ বয়সেই শিশুটির জন্য 'অনিরাপদ' হয়ে উঠেছিল মায়ের কোল। জিনের প্রভাব প্রমাণে মঙ্গলবার প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করেছে মা নিজেই। আর এ পৈশাচিকতায় সহযোগী ছিল তার বাবা। নৃশংসতার এই জঘন্য নজির স্থাপনকারী দম্পতির বসবাস চাঁদপুরের শাহরাস্তিতে। মঙ্গলবার শিশুটির মৃত্যু ঘটলে পুলিশ গ্রেপ্তার করেছে আমেনা বেগম ও এমরান হোসেন দম্পতিকে। গতকাল আদালতে সন্তান হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এ দম্পতি। গ্রামবাসীর বক্তব্য অনুসারে, অলৌকিক শক্তির প্রদর্শন করতে গিয়েই শিশু হত্যায় মেতেছিল তারা। 'জিনের সঙ্গে সম্পর্ক' আছে- এমন দাবি নিয়ে কিছুদিন ধরে ঝাঁড়ফুঁকের ব্যবসা করছিল আমেনা। শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তারাপুর গ্রামের দিনমজুর এমরান হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম জিনের আসরের অলৌকিক ক্ষমতা দেখাতে গিয়ে অন্যদের সামনেই তাদের মেয়ে সুমাইয়া আক্তারকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মামলা হলে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোচিত এ মামলার বাদী হয়েছেন শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) দিলদার হোসেন আজাদ। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "শিশুটিকে দুই দিন ধরে কয়েক দফা বেধড়ক পিটুনি দিয়ে হত্যা করেছে তার মা ও বাবা। 'জিনে ভর করেছে' দাবি জানিয়ে আমেনা গ্রামের লোকজনের কাছে ক্ষমতা জাহির করছিল। আর সেই কাজ করতে গিয়ে সে বেছে নিয়েছিল এই নৃশংসতা।" মামলায় সুমাইয়ার মা-বাবা ছাড়াও আসামি করা হয়েছে আরো দুজনকে। তারা হলো শাহরাস্তির নাইনগর গ্রামের কবিরাজ সিদ্দিকুর রহমান ও কুমিল্লার বরুড়া উপজেলার পান্না বেগম। তারা ঝাঁড়ফুঁকের ব্যবসা করে। ঘটনার পর স্ত্রীসহ এমরান গ্রেপ্তার হলেও তারা পালিয়ে গেছে।

মেহার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি বলেন, 'দিনমজুর এমরান ও তার স্ত্রী আমেনা এলাকার কয়েকটি সমিতি এবং বিভিন্নজনের কাছ থেকে ঋণ নিয়েছিল। সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পরিবারটি হতাশায় ছিল। এ অবস্থাতেই সন্তান হত্যার ঘটনা ঘটেছে। তবে তারা গ্রামের অন্য কাউকে নির্যাতন করেনি বলে জেনেছি।'

চাঁদপুরের পুলিশ সুপার শামছুন নাহার বলেন, এমন ঘটনা কোনো অবস্থায় মেনে নেওয়ার মতো নয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পৈশাচিক এ হত্যার বিষয়ে সুমাইয়ার চাচা আমির হোসেন কালের কণ্ঠকে বলেন, 'কয়েক দিন ধরে এমরানের স্ত্রী আমেনা অস্বাভাবিক আচরণ করছিল। তাদের চার সন্তানের মধ্যে সুমাইয়া ছিল সবার ছোট। সপ্তাহখানেক ধরে আমেনা দড়ি দিয়ে সুমাইয়াকে বেঁধে মারধর করছিল। এ অবস্থা দেখে আমরা সুমাইয়াকে তার নানার বাড়িতে রেখে আসি। কিন্তু দুই দিন আগে সেখান থেকে সুমাইয়াকে নিয়ে আসে তার মা। এরপর বাড়ির উঠানে প্রকাশ্যে বেঁধে লাঠি দিয়ে একটানা পেটাতে থাকে। কয়েক দফা চেষ্টা করেও এ অবস্থা থেকে সুমাইয়াকে আমরা উদ্ধার করতে পারিনি।'

প্রতিবেশী নুরুল হক জানান, কয়েক দিন আগে গ্রামের একজনের মোবাইল ফোনসেট চুরি হলে তা জিনের সহযোগিতায় উদ্ধার করে দিতে পারবে বলে দাবি করে আমেনা। একপর্যায়ে সে চুরির জন্য দায়ী করে গ্রামের বৃদ্ধ ইসমাইল হোসেনকে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হলে আমেনা তার দাবির সত্যতা প্রমাণের জন্য মরিয়া চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে জিনের কেরামতি দেখাতে নিজ সন্তানকে পেটাতে শুরু করে। এ নির্যাতনেই শিশুটি মারা যায়। সুমাইয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন পুলিশের উপপরিদর্শক মো. নিজামউদ্দিন। তিনি জানান, সুমাইয়ার সারা দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা, ঘাড়, বুক-পিঠ, হাত-পাসহ শরীরের কোনো স্থান নির্যাতন থেকে বাদ পড়েনি।

তারাপুর গ্রামের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, কয়েক দিন ধরে আমেনা বেগম জিনের দোহাই দিয়ে ঝাঁড়ফুঁকের ব্যবসা শুরু করেছিল। এ জন্য অসুস্থ লোকজনের আনাগোনাও বাড়ছিল। এরই মধ্যে সুমাইয়াকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শিশু সুমাইয়ার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এদিকে সন্তান হত্যার দায়ে এমরান ও আমেনাকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক এলোমেলো তথ্য দেয় এবং অসংলগ্ন আচরণ করতে থাকে। আমেনা পুলিশ কর্মকর্তাদের বলে, 'আমার মেয়েকে জিনে নিয়ে গেছে।' এ কথা বলে জিকিরের মতো করে দোয়া পড়তে থাকে। আর এমরান হোসেন নিজের দায় অস্বীকার করে বলে, 'জিনের আসরে আমেনা মেয়েকে হত্যা করেছে।' পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকারোক্তি দিতে রাজি হলে গতকাল দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় এ দম্পতিকে চাঁদপুরের বিচারিক হাকিম তাসলিমা শারমিন জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক