শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা কাটিয়েই মেসির মুখোমুখি নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ব্রাজিল অধিনায়ক নেইমার। সেই নিষেধাজ্ঞা উঠতে আরও দুই ম্যাচ বাকি। আর সে কারণেই রাশিয়া ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার দেশগুলোর লড়াইয়ে প্রথম দুই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না অধিনায়ক নেইমার। আগামী অক্টোবরে নেইমারকে ছাড়াই চিলি ও তারপর ভেনেজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচে দল সাজাতে হবে কোচ কার্লোস দুঙ্গাকে। দলের সেরা খেলোয়াড়টিকে তিনি পাবেন বাছাই পর্বের তৃতীয় ম্যাচে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল অধিনায়কের প্রথম ম্যাচ কার বিপক্ষে জানেন? বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির বিপক্ষে। বাছাই পর্বের তৃতীয় ম্যাচেই আর্জেন্টিনার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যে ম্যাচে মুখোমুখি দুই অধিনায়ক মেসি ও নেইমার। ক্লাব সতীর্থ, জাতীয় দলে শত্রু!
ওই ম্যাচ নিয়ে নেইমার এখনই বলে দিয়েছেন, ‘আমি বরং মেসির পাশে খেলতেই ভালোবাসি, বিপক্ষে নয়। তবে তার মানে এই নয় যে, ক্লাবের সম্পর্কটা জাতীয় দলেও টেনে আনছি আমি। বিশ্বকাপের বাছাই পর্বে আমি মেসিকে হারানোর জন্যই খেলব। কিন্তু খেলোয়াড় মেসির প্রতি আমার শ্রদ্ধা চিরকালের।’ লাতিন আমেরিকার বাছাই পর্বের লড়াইটাকে ভীষণ কঠিন বলেই মানছেন নেইমার। বলেছেন, ‘অনেকে মনে করতে পারেন ১০ দলের প্রতিযোগিতাই তো হয়। আসলে এখানে খেলার মানের ফারাকটা এতই কম যে, প্রতিটি দলই বিপজ্জনক। তাই বিশ্বকাপে নাম লেখাতে ব্রাজিলকেও ঘাম ঝরাতে হবে।’
প্রথম দুই ম্যাচে তার না থাকাটা কি ব্রাজিলকে ভোগাবে? জানতে চাইলে বার্সা তারকার জবাব-‘যারা মনে করে এবং বলে, এখন ব্রাজিল ফুটবল মানেই নেইমার নির্ভরতা, তারা আসলে ফুটবলই বোঝেন না। আমি তো দলের একজন খেলোয়াড় মাত্র। সতীর্থদের সহযোগিতায় খেলে যাই। একা নেইমারের দল নয় ব্রাজিল। আমাদের দলটাতে এখন প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। নিজেদের সেরাটা তারা দেখাতে পারলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত্।’ বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘বাছাই পর্বে প্রায় দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দলকে ১৮টি করে ম্যাচ খেলতে হবে। দীর্ঘ পথ। তার জন্য কোচ দুঙ্গা যথার্থভাবেই দল তৈরি করছেন। তার প্রধান টার্গেট দলের খেলায় ক্রম উন্নতি ও ধারাবাহিকতা ধরে রাখা। বিশ্বকাপ থেকে আমরা যেমন শিখেছি তেমনি শিখেছি কোপা আমেরিকা থেকেও। কোচ আমাদের সঠিক পথই দেখাচ্ছেন।’
অধিনায়ক হিসেবে বাছাই পর্বে তার ওপর কোনো চাপ আছে কি না এমন প্রশ্নে নেইমার বলেন, ‘চাপ আমাকে কখনই চেপে ধরে না। ব্রাজিল অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে জানি আমার দায়িত্ব কতটুকু। সেই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি। ব্রাজিল সমর্থকদের সবসময়ের চাওয়া শীর্ষে থাকা। সেটা হয়তো সবসময় সম্ভব হয় না, তারপরও আমাদের লক্ষ্য থাকে সেটাই।’