শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের শেষ যে উপদেশ দেন কালাম…

news-image

ভারতের সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম শিক্ষার্থী ও তরুণদের নিয়ে বেশি স্বপ্ন দেখতেন। তা নিজ দেশের হোক বা অন্যদেশের। বাংলাদেশে এসেও তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। নতুন দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দিয়েছেন নির্দেশনা।

সমৃদ্ধ দেশ গড়ার জন্য গেল বছর শেষবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের নির্দেশনা দেন তিনি। অংশ নেন মুক্ত আলোচনায়। জানান নিজের জীবনের উত্থান ও পতনের গল্প। সেদিনের সে আলোচনার শুরুতেই বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছিলেন, সাফল্যের জন্য চাই সততা ও কঠোর পরিশ্রম। জীবনের লক্ষ্য অনেক বড় হতে হবে। স্বপ্ন হতে হবে বিশাল।

মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) ১১০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সেদিনের ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ৪০ মিনিটের বক্তব্য রেখেছিলেন এপিজে আবদুল কালাম।

বক্তৃতাজুড়ে নিজের জীবনের স্মৃতিচারণার মধ্যদিয়ে তিনি তরুণদের উজ্জীবিত করেন। এ সময় তিনি জানান, কবি জালালউদ্দিন রুমির কবিতা তার মধ্যে বুনে দিয়েছিল স্বপ্নের বীজ। মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান। এরপর ভারতের সাবেক রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন এমসিসিআইয়ের সদস্য তাবিদ এম আউয়াল।

তরুণদের জীবনের দর্শন কী হওয়া উচিত- জানতে চাইলে আবদুল কালাম বলেন, 'আমি যা বলব, তুমিও আমার সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করো। আমি অনেক বড় স্বপ্ন দেখব। ছোট লক্ষ্য থাকা অপরাধ। আমি অব্যাহতভাবে জ্ঞান আহরণ করে যাব। আমি সমস্যা সমাধানের অধিনায়ক হব। সমস্যার সমাধান করব। এভাবেই সফল হব। এটাই হবে আমার লক্ষ্য।' বক্তৃতার শুরুতে আবদুল কালাম তিনটি বিষয়ের কারণে বাংলাদেশ নিয়ে তার মুগ্ধতার কথা জানান। নদীমাতৃক বাংলাদেশের বিস্তৃত জলরাশি, তৈরি পোশাকশিল্পের সাফল্য আর বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী তাকে আকৃষ্ট করেছে বলে তিনি জানান। এর পাশাপাশি ইতিহাস, শিল্প-সংস্কৃতি আর সম্পদে দুই দেশের নৈকট্য নিয়ে তিনি কথা বলেন।

এপিজে আবদুল কালাম বলেন, বিপুল জনগোষ্ঠী মানে বিপুল স্বপ্ন। এর পাশাপাশি থাকে সমস্যাও। তবে সমস্যাকে পুঁজি করতে হবে। একে জয়ের মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের সোপান। আর সফলতার জন্য বড় স্বপ্ন দেখা, জ্ঞান আহরণ আর কঠোর পরিশ্রম অপরিহার্য। তিনি জানান, প্রাথমিক স্কুলে পড়ার সময় তার স্কুলশিক্ষক আয়ার পাখির ছবি এঁকেছিলেন। সেই থেকে তার আকাশে ওড়ার স্বপ্নের শুরু। তিনি বৈমানিক হতে পারেননি, তবে মহাকাশ জয় করেছেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি জানান, ভারতের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে তিনি সফল হলেও বৈতরণী পার হওয়ার আগে তিনি ব্যর্থ হয়েছিলেন। আর ওই ব্যর্থতাই তাকে সফল হতে উজ্জীবিত করেছিল। তিনি বলেন, নিজের ব্যর্থতাকে দূর করে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে। এজন্য প্রয়োজন নেতৃত্বগুণের।

এপিজে আবদুল কালাম বলেন, 'সবাইকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। ভাবতে হবে, আমাকে যেন মানুষ মনে রাখে। কিন্তু মানুষ কেন মনে রাখবে, সেটি ঠিক করতে হবে। বাংলাদেশ সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই তাকে মনে রেখেছে। এভাবেই সবাইকে স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।'