বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কি বিমানঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

news-image

যুক্তরাষ্ট্রের ইসলামিক স্টেটবিরোধী (আইএস) অভিযানে সক্রিয়ভাবে যোগ দিল তুরস্ক। দেশটির ইনসারলিক বিমানঘাঁটি ব্যবহার করে প্রতিবেশী দেশ সিরিয়া ও ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় একটি নো-ফ্লাই জোনও ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে আঙ্কারা-ওয়াশিংটন সমঝোতা হওয়ার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো সিরিয়ার ভেতরে আইএসের ওপর বিমান হামলাও চালিয়েছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতগলু আইএস ও পিকেকের ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। খবর এএফপি ও সিএনএনের। মার্কিন কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে তুরস্ক। এখন থেকে আইএসের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তুরস্কের দক্ষিণাঞ্চলের ইনসারলিক বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে। কারিগরি সহায়তার অংশ হিসেবে অর্ধশত মার্কিন সেনাও ঘাঁটিতে অবস্থান করতে পারবে। চুক্তিটি শুধু ইনসারলিক বিমানঘাঁটিকে কেন্দ্র করে হলেও জরুরি প্রয়োজনে পূর্বাঞ্চলের বাতমান, দিয়ারবাকির ও মালাতিয়া বিমানঘাঁটিও ব্যবহার করতে পারবে মার্কিন যুদ্ধবিমান। দিনক্ষণ এখনও ঠিক না হলেও শিগগির ইনসারলিক বিমানঘাঁটি ব্যবহার করে সিরিয়ার হামলা শুরু হবে বলে জানিয়েছে তুর্কি দৈনিক হুরিয়াত। হোয়াইট হাউস জানায়, আইএসবিরোধী অভিযানের বিষয়ে গত বুধবার টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। বিমানঘাঁটি ব্যবহারের এ চুক্তি হওয়ার পর এখন সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় নো-ফ্লাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল) ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল দৈনিক হুরিয়াত জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মারিয়া ও পূর্বাঞ্চলীয় জারাবালুস শহরের মধ্যে ৯০ কিলোমিটার এলাকার আকাশ নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হতে পারে। এই নো-ফ্লাই জোন দিয়ে সিরিয়ার অভ্যন্তরে ৫০ কিলোমিটার ভূখণ্ডকে 'সেফ জোন' (নিরাপদ অঞ্চল) হিসেবে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সেফ জোনের লক্ষ্য হচ্ছে আইএস ও অন্য জঙ্গিগোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং তুরস্কের ভেতরে শরণার্থী প্রবেশ নিরুৎসাহিত করা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণে থাকা বিমান বাহিনীও ওই নো-ফ্লাই জোনে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে তারা মার্কিন জোটের হামলার শিকার হবে। গত বছর ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা নৃশংসতা ও ভূখণ্ড দখল শুরু করার পর তাদের দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান শুরু করে পশ্চিমা ও আরব কয়েকটি দেশ। তখন থেকেই তুরস্ককে এ জোটে চাচ্ছিল ওয়াশিংটন। তবে আঙ্কারা সাড়া না দেওয়ায় ক্রমেই অসন্তোষ বাড়ছিল ওবামা প্রশাসনে। কিন্তু গত সোমবার সীমান্তসংলগ্ন একটি তুর্কি শহরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হওয়ার পর সেখানে সংঘাত ছড়িয়ে পড়লে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় আঙ্কারা। আইএস ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, গতকাল ভোরে প্রথমবারের মতো সিরিয়ার ভেতরে আইএসের একটি আস্তানায় বোমাবর্ষণ করে তুর্কি তিনটি জঙ্গিবিমান। এ ছাড়া আইএস সন্দেহে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫১ জনকে গ্রেফতারও করে আঙ্কারা। দেশের ১৩টি প্রদেশে একযোগে এ অভিযান চালানো হয়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক