শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-প্রধানমন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আশরাফ!

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে উপ-প্রধানমন্ত্রী নয়,তাকে সংসদ উপনেতা অথবা পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। আর ঈদের পর সৈয়দ আশরাফকে নিয়ে সৃষ্ট সঙ্কটের সুন্দর সমাধান হবে। এমনটাই জানিয়েছেন দলটির নীতি-নির্ধারক পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, দলের সাধারণ সম্পাদক ও সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে উপ-প্রধানমন্ত্রী করার প্রস্তাব নিয়ে হঠাৎ করেই জোরালো আলোচনা শুরু হয়। তবে এ নিয়ে দলের শীর্ষ পর্যায় থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।

সূত্রটি আরো জানায়,অতিভক্ত দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই প্রয়োজনে সংবিধান সংশোধন করে তাকে উপ-প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপাতত উপ-প্রধানমন্ত্রীর বিকল্প ভাবা হচ্ছে। সৈয়দ আশরাফকে উপনেতা না হলেও হয়তো পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া নিয়ে সৃষ্ট সমালোচনা এবং আশরাফের মনোক্ষুন্ন হয়ে লন্ডন চলে যাওয়া ঠেকাতে এই বিষয়টি আলোচনায় এসেছে বলে সূত্রটি জানায়।

বাংলাদেশের সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ নেই। তবে সরকার চাইলে নিশ্চয়ই সেটা করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সেক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে।

এদিকে  টানা চতুর্থ দিনের মতো বুধবারও সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও সূত্র জানায়, নানা কারণে দপ্তরবিহীন মন্ত্রী করলেও সৈয়দ আশরাফকে গুরুত্বপূর্ণ দায়িত্বেই রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের পরেই সৈয়দ আশরাফ গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন বলে আওয়ামী লীগে জোর গুঞ্জন চলছে। আর এ গুঞ্জন এখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, প্রবল ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ আশরাফুল ইসলাম আগামীতে লোভনীয় যে কোন পদ নিতে রাজি হবেন কি না, এ নিয়ে সন্দিহান আওয়ামী লীগের নীতি-নির্ধারকরাই। তবে বাবা সৈয়দ নজরুল ইসলামের মতোই দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোন নির্দেশ সকল প্রকার লোভ-লালসা, পদ-পদবীর ঊর্ধ্বে থেকে বিশ্বস্ততার সঙ্গে পালনে প্রস্তুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত চার দিনের বৈঠকে তা প্রমাণ দিয়েছেন সৈয়দ আশরাফ।

আমাদের সময়.কম