শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বহু নেতার ঈদ কাটবে কারাগারে

news-image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির পাশাপাশি ঈদের আগেই যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ আরো কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা মুক্তির অপেক্ষায় আছেন। এ নিয়ে কারামুক্তির ব্যাপারে দলটির মধ্যে আশাবাদ তৈরি হলেও খোঁজ নিয়ে জানা গেছে, শীর্ষ স্থানীয় নেতাদের বেশ কয়েকজনসহ বহু নেতাকর্মীকে এবার ঈদেও কারাগারে কাটাতে হবে। মির্জা ফখরুল ও রুহুল কবীর রিজভীকে গ্রেপ্তার দেখানো সব মামলায় উচ্চ আদালত জামিন দিয়েছেন। তাঁদের পক্ষে জামিননামা দাখিল করা হয়েছে। মির্জা ফখরুল গতকাল মঙ্গলবারই মুক্তি পেয়েছেন আর আজ বা কালের মধ্যে রিজভী মুক্তি পাবেন বলে আশা করছেন তাঁর আইনজীবী। তাঁদের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া কালের কণ্ঠকে জানান, রিজভীর জামিনের আদেশসংক্রান্ত কাগজপত্রও কারাগারে পাঠানো হয়েছে। ঈদের আগেই তিনি মুক্তি পাবেন। ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলকে গত ৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ৭৮টি মামলা থাকলেও তাঁকে নাশকতার সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রায় সাত মাস ধরে কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যগত কারণে তাঁকে হাইকোর্ট জামিন দেন। তাঁর জামিনের বিরুদ্ধে সরকার আপিল করলে কিছুদিন কারাগারে বেশি থাকতে হয়। সর্বশেষ গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর জামিন বহাল রাখলে গতকাল মঙ্গলবার মির্জা ফখরুলের জামিননামা নিম্ন আদালতে দাখিল করা হয়। একই দিন জামিন আদেশের কাগজপত্র কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁর বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার জামিনসংক্রান্ত আদেশ কারাগারে পাঠানো হয়।

ঠিক একইভাবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেপ্তার দেখানো ২৪ মামলায়ই তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। তাঁর জামিনসংক্রান্ত আদেশনামাও কারাগারে পৌঁছেছে বলে আইনজীবীরা জানিয়েছেন। মির্জা ফখরুলের আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ছয় সপ্তাহের জামিনে থাকবেন তিনি। এরপর আবার তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু কারাভোগ করার পর উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মামলা থাকলেও তাঁরা ইতিমধ্যে গত ৯ জুলাই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। এম কে আনোয়ার ৯ মামলায়, তরিকুল চার মামলায়, মিন্টু এক মামলায় ও আমানকে ৪২ মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে। এসব মামলায় জামিন আদেশ স্থগিত করতে সরকার আপিল বিভাগে আবেদন জানিয়েছে গতকাল। ঈদের আগে এই আবেদন নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই বিধায় এবং বিএনপির এই চার শীর্ষ নেতা মুক্ত থাকায় তাঁরা নির্বিঘ্নেই বাড়িতে ঈদ করতে পারবেন। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও উপদেষ্টা কমিটির সদস্য শামসুজ্জামান দুদুও সবগুলো মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে জামিনসংক্রান্ত কাগজপত্র এখনো কারাগারে পৌঁছায়নি। এর মধ্যে রাষ্ট্রপক্ষ যদি জামিন স্থগিত চেয়ে আবেদন করে তবে তাঁরা ঈদের আগে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে বিএনপির আইনজীবীরা জানান। সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান তাঁদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় এখনো জামিন পাননি। তাঁদের কারাগারেই ঈদ করতে হবে। বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবরকেও কারাগারে ঈদ করতে হবে। তাঁদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। বাবর অবশ্য দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া গাজীপুরের মেয়র অধ্যাপক আবদুল মান্নান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহীর নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, সাবেক ছাত্রনেতা আবদুল মতিন প্রমুখের জামিন না হওয়ায় তাঁদেরও ঈদে কারাগারেই কাটাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে কারাগারেই ঈদ কাটাতে হবে। এ ছাড়া দলটির অসংখ্য স্থানীয় নেতাকর্মীর জামিন না হওয়ায় তাদেরও কারাগারেই ঈদ কাটাতে হবে। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার পাহাড় গত বছর ও চলতি বছর সরকারবিরোধী আন্দোলনে সারা দেশে বিভিন্ন নাশকতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ঢালাও মামলা হয়। জ্যেষ্ঠ নেতাদের আইনজীবী সানা উল্লাহ মিয়া কালের কণ্ঠকে বলেন, 'এ সময় সারা দেশে মামলা হয় অন্তত সাত হাজার; এর মধ্যে ঢাকায় দুই হাজার ও ঢাকার বাইরে পাঁচ হাজার। এসব মামলায় বিএনপির নেতাকর্মীদের নামসহ অজ্ঞাতপরিচয় আসামি করা হয় অন্তত ১০ লাখ।' গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের কেউ কেউ জামিন পেলেও অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আবার তদন্তাধীন মামলায় পুলিশ তাঁদের খুঁজছে। আদালত সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে পাঁচটি, মির্জা আব্বাসের বিরুদ্ধে ৭৩টি, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ১১টি, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে তিনটি, মওদুদ আহমদের বিরুদ্ধে ১০টি, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসের নামে ৪৭টি, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে পাঁচটি, বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ১৪টি, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর বিরুদ্ধে আটটি, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে ১০টি, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নামে ৪০টি, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৭টি, আরেক যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে ৫০টি, সহসভাপতি মেজর অব. হাফিজ উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি, বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার বিরুদ্ধে ৯টি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে তিনটি, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে দুটি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ১১টি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ জামিনে থাকলেও অনেকেই পলাতক। এ ছাড়া যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ১১০টি, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে ১৭৮টি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ১০০টি, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুর বিরুদ্ধে ১০৫টি, সহসাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামের বিরুদ্ধে সাতটি, যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে ১০৬টি, যুবদল ঢাকা মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ১৩৭টি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের বিরুদ্ধে ৪৭টি, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে ১০১টি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের বিরুদ্ধে ৯৮টি এবং নির্বাহী সদস্য বেলাল আহমেদের বিরুদ্ধে আটটি, ঢাকা মহানগর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারের বিরুদ্ধে ১৭টি, কমিশনার আরিফুর রহমানের বিরুদ্ধে পাঁচটি, মিরপুর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলুর বিরুদ্ধে ১২০টি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম কমিশনারের বিরুদ্ধে ৩৮টি, খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলামের নামে ১২টি মামলা বিচারাধীন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোর দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে। তিনি বলেছেন, দেশে বর্তমানে আইনের প্রয়োগ, তদন্ত ও বিচার প্রক্রিয়াকে ক্ষমতাসীনদের ইচ্ছার বাহনে পরিণত করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের কোনো সুযোগ রাখা হয়নি। দেশে আইনের শাসন ও সুবিচারের সুযোগ থাকলে এসব ঘটনা ঘটতে পারত না। কেউ সরকারের প্রতিহিংসার শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থা থাকত। কিন্তু সেসব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আইনগতভাবে মোকাবিলার পথ খুবই সংকুচিত করে ফেলা হয়েছে। এ পরিস্থিতিতে বিএনপিসহ সরকারবিরোধী দল-মতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া, বিশেষ করে অসুস্থ সিনিয়র নেতাদের মুক্তি ত্বরান্বিত করার দাবি জানান খালেদা জিয়া।

দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, সরকার আইনি মারপ্যাঁচে দলের নেতাদের মুক্তি আটকে দিচ্ছে। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, একটি দলের মহাসচিবকে এভাবে হামলা-মামলা নির্যাতন নজিরবহীন। সরকারের মনে রাখা উচিত, এভাবে দাবি আদায়ের আন্দোলন দমন করা যায় না। একদিন এসব অত্যাচার-নির্যাতনের জন্য অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে।