শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুনর্গঠন হচ্ছে মহানগর আওয়ামী লীগ ঈদের পরেই দুই ভাগে বিভক্ত করে নতুন কমিটি : বিতর্কিতরা বাদ পড়ছে

news-image

মহানগর আওয়ামী লীগ পুনর্গঠন করা হচ্ছে। ঈদের পরেই নবীন-প্রবীণদের সমন্বয় করে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দলটির হাইকমান্ড। ঢাকা সিটি করপোরেশনের সাথে সঙ্গতি রেখে মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করতে দুই ভাগে বিভক্ত করে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ইতোমধ্যে মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির একটি প্রস্তাবিত তালিকা দলীয় সভাপতির হাতে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক নেতার সূত্রে জানা গেছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের জয়ের সুফল ঘরে তুলতেই মাঠে জোরেশোরে গুঞ্জন উঠেছে এবার নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানো হচ্ছে। এর আগে বিতর্কিত ৫ জানুয়ারির নির্বাচনের পরই মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি, মহানগরের অন্তর্ভুক্ত সব থানা-ওয়ার্ডের সম্মেলন করতে না পারা, বিএনপির সরকারবিরোধী টানা আন্দোলনসহ নানা কারণে পিছু হটে দলের হাইকমান্ড। সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের জয়ে আত্মবিশ্বাস ফিরেছে আওয়ামী লীগে। দলটির একাধিক নেতা জানান, নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের জয় তুলে আনা ছিল আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় পাসের দায়িত্ব বর্তায় মহানগর আওয়ামী লীগের ওপর। উত্তর ও দক্ষিণে দলের হাইকমান্ড থেকে কাজের তদারকির জন্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব:) ফারুক খান এবং কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়। সিটি নির্বাচনে জয়ের পেছনে মহানগর আওয়ামী লীগের যেসব নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের তৎপরতার খতিয়ান ওই দুই নেতার মাধ্যমে সংগ্রহ করেছেন নেত্রী। নেতারা আরো জানান, যেসব নেতা দল সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে কাজ করেছেন এবং দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী থেকে সরে দাঁড়িয়ে দলকে সহযোগিতা করেছেন নেত্রী এবার তাদেরও পুরস্কার দেবেন। তবে নেত্রীর নির্দেশ উপেক্ষা করে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে নানা অজুহাত দেখিয়ে মাঠে যারা নামেননি এবং তাদের অনুসারীদেরও মাঠে নামতে না দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তাদের বিষয়ে তিনি কোনো ছাড় দিতে রাজি নন। দলীয় সূত্র জানায়, নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে আন্তরিকতার সাথে কাজ করা, বিএনপির আন্দোলন চলাকালীন নেতাকর্মীদের চাঙ্গা রাখাসহ সাংগঠনিক বিচক্ষণতায় ঢাকা মহানগর দক্ষিণে সভাপতির তালিকায় একমাত্র প্রার্থী হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ নেত্রীর সুনজরে রয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও মেয়র সাঈদ খোকন, মতিঝিল থানার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে হাজী সেলিম মেয়র প্রার্থী থেকে সরে দাঁড়ালেও নির্বাচনে সাঈদ খোকনের পক্ষে পুরোদমে মাঠে না নামার অভিযোগ রয়েছে। সাঈদ খোকন মেয়র নির্বাচিত হওয়ায় আপাতত তাকে দলের গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে না। নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে জোরেশোরে মাঠে নামাসহ সাংগঠনিক দক্ষতায় শাহে আলম মুরাদ নেত্রীর সুনজরে রয়েছেন। এ দিকে জাহিদুল ইসলাম টিপুও নেত্রীর নির্দেশে কাউন্সিলর পদ থেকে সরে আসেন। তখন থেকেই তৃণমূলপর্যায়ে তিনি আলোচনায় চলে আসেন। অপর দিকে সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ না করার অভিযোগ, দুর্নীতি, গম কেলেঙ্কারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের ওপরে নেত্রী অসন্তুষ্ট। তাই বিতর্কিতদের বাদ দিয়ে নবীন-প্রবীণদের সমন্বয় করে কমিটি গঠন করা হচ্ছে। মহানগর উত্তরে বর্তমান কমিটির সহসভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি, বজলুর রহমান, রহমত উল্লাহ এমপি সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে কামাল আহমেদ মজুমদার ও রহমত উল্লøাহ দ্’ুজনেই নেত্রীর নির্দেশে উত্তরের মেয়র প্রার্থী থেকে সরে আসেন। সাধারণ সম্পাদক পদে আসলামুল হক এমপি, সাদেক খান, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল আলোচনায় রয়েছেন। তবে তাদের মধ্যে রহমত উল্লাহ ও আসলামুল হক নেত্রীর সুনজরে রয়েছেন। ২০০৩ সালের জুন মাসের সম্মেলনে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো: হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি গঠন করে আওয়ামী লীগ। মেয়র মো: হানিফ মারা যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান এম এ আজিজ। দীর্ঘ ৯ বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও ঘোষণা করা হয়নি নতুন কমিটি। আগের কমিটিই এখনো দায়িত্ব পালন করছেন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ নয়া দিগন্তকে বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নেতাকর্মীদের শত ভাগ আস্থা রয়েছে। দলের কাউন্সিলররা তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি যখনই কমিটি দেবেন, যাকে দায়িত্ব দেবেন নেতাকর্মীরা সাদরে গ্রহণ করবেন, মেনে নেবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ নয়া দিগন্তকে বলেন, খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। কমিটি যে আঙ্গিকেই হোক দ্রুত হলে সংগঠন গোছাতে সুবিধা হতো। যারা ত্যাগী, দলের জন্য প্রয়োজনীয় তারা যেন বাদ না পড়ে সে দিকে খেয়াল রেখে কমিটি গঠন করলে ভালো হবে।