এবার কি বলবেন কামরুল?
ব্রাজিল থেকে আমদানি করা পচা গম নিয়ে যখন চারিদিকে হৈচৈ,তখন ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা দুই লাখ মেট্রিকটন গমও নিম্নমানের বলে সার্টিফিকেট দিয়েছে খাদ্য অধিদপ্তর। এতে করে আমদানিকৃত অধিকাংশ গমই যে অতি নিম্নমানের তা স্পষ্ট হল।
যদিও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, পচা ও পোকায় খাওয়া গম আসলে দেখতে খারাপ। ব্রাজিলের গমটা উপর দিয়ে দেখলে কেউ পছন্দ করবে না। কিন্তু গুনগত মানতো ঠিক আছে। গুনগত মান ঠিক থাকলে এতো প্রশ্ন কেন?
মঙ্গলবার সংসদে তিনি বলেন, এই গমটা নিয়ে একটি রাজনৈতিক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা বলছে। মিথ্যা ভিত্তিহীন তথ্য পরিবেশন করছে। পত্রপত্রিকার কথাগুলোর কোন ভিত্তি নেই। একশ্রেনীর পত্রিকা ও বিশেষ রাজনৈতিক দলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সমস্ত অসত্য খবর পরিবেশন করছে। অযথা মনের মাধুরি মিশিয়ে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কথাবার্তা বলা হচ্ছে। বেগম খালেদা জিয়া পর্যন্ত এটাকে নিয়ে ইস্যু তৈরী করছেন।
এদিকে ২০১৪-১৫ অর্থবছরে আমদানি করা সাড়ে ছয় লাখ টন গমের মধ্যে ৫ লাখ টনই নিম্নমানের। এর অর্ধেকের বেশি গম খাওয়ার অনুপযোগী। মানসম্মত দেড় লাখ টন গম চট্টগ্রাম ও মংলায় খালাসের প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব গম কেনা হয়।
খাদ্য অধিদফতর সলাখ, ফ্রান্সের দেড় লাখ এবং রোমানিয়ার ৫০ হাজার টন গমের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ফ্রান্সের ৫০ হাজার, আর্জেন্টিনার ৫০ হাজার এবং রোমানিয়ার ৫০ হাজার টন গম মানসম্পন্ন। এগুলোর মধ্যে এক লাখ দশ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এবং ৪০ হাজার টন মংলা বন্দরে খালাসের প্রক্রিয়া চলছে। ব্রাজিল থেকে আনা পচা গম খালাসের পর ব্যাপক হৈচৈ হওয়ায় খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের কেউ অন্য গমের বিষয়েও মুখ খুলতে চান না। সবার মধ্যে এক ধরনের গম-আতংক তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ব্রাজিল থেকে আনা তিন লাখ টন গমের পুরোটাই নিম্নমানের। এ দেশের এক লাখ টন গম সরকার গ্রহণই করেনি। চুক্তির শর্ত ভঙ্গ হওয়ায় ৫০ হাজার টন গম সরকার গ্রহণ না করায়, আমদানিকারক এ গম চট্টগ্রামে নামিয়ে রেখেছে। আরও ৫০ হাজার টন গমসহ একটি জাহাজ জুনের শেষ দিকে সরকার ফেরত পাঠিয়েছে। এর আগে খালাস করা হয় ব্রাজিলের দুই লাখ টন গম। ফেব্রুয়ারিতে এ গম খালাসের পর দেখা যায়, গম নিম্নমানের।
এদিকে প্রয়োজনীয় কাগজপত্রের অভাব এবং মান নিয়ে অভিযোগ উঠায় ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা দুই লাখ টন গম খালাস করছে না খাদ্য অধিদফতর। ফলে এক মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গমবোঝাই চারটি জাহাজ অপেক্ষা করছে।
এ পরিস্থিতিতে দেশে গমের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে পুরনো একটি চক্র। তারা পরিকল্পিতভাবে অধিক মুনাফার আশায় নিুমানের গম আমদানি করেছে। এখন প্রভাব খাটিয়ে সরকারের কাঁধে পচা গম চাপানোর চেষ্টা করছে। এতে জাহাজ ভাড়ার ক্ষতিপূরণসহ গমের মূল্য বাবদ সরকারের শত শত কোটি টাকা গচ্চা যাওয়ার আশংকা তৈরি হয়েছে। উল্লেখ্য, প্রতিটি জাহাজের জন্য আমদানিকারকদের দিনে ১৬ লাখ টাকা করে জরিমানা গুনতে হচ্ছে।
জানা গেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চারটি জাহাজ গম খালাসের অপেক্ষায় দিন গুনছে। এর মধ্যে রোমানিয়ার গমবোঝাই এমভি স্পার্ক কেনিস ও ফ্রান্সের গমবোঝাই এমভি ওয়েস্টার্ন টেক্সাস, এমভি পিনটেল ও এমভি এলবাট্টাস রয়েছে। এসব জাহাজের প্রতিটিতে ৫০ হাজার টন করে ২ লাখ টন গম রয়েছে। এসব জাহাজের মধ্যে দুটি জাহাজ এক মাসেরও বেশি সময় ধরে বন্দরে অপেক্ষা করছে। ইমপেক্স কনসালটেন্ট, এগ্রোকর্প ইন্টারন্যাশনাল ও ফনিক্স কমোডেটিজ নামে তিনটি প্রতিষ্ঠানের আমদানি করা এসব গম। এর মধ্যে এগ্রোকর্প ইন্টারন্যাশনাল ও ফনিক্স কমোডেটিজের এক লাখ করে দুই লাখ টন এবং ইমপেক্সের এক লাখ টন গম রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শুরু হওয়ায় ফ্রান্সের দেড় লাখ এবং রোমানিয়ার ৫০ হাজার টন গম খালাসের বিষয়ে কেউ দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। বিশেষ করে পরীক্ষার দায়িত্বে যেসব কর্মকর্তা রয়েছেন, তারা নানা অজুহাতে গড়িমসি করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নানা ধরনের দিকনির্দেশনা চাচ্ছেন। ব্রাজিলের গম নিয়ে কোনো বির্তক না হলে এসব গম নামমাত্র পরীক্ষাতে খালাস করা হতো বলে তিনি জানান। কিন্তু এখন সময় বদলে গেছে। গম খালাস করে কেউই চাকরি হারাতে রাজি নন।
ওই কর্মকর্তা আরও বলেন, ইমপেক্সের গমগুলো তেমন ভালো মনে হয়নি। তবে এগ্রোকর্পের গম ভালো মনে হয়েছে। তাদের কিছু কাগজপত্রের সমস্যা রয়েছে। যেমন গমগুলো কত সালে উৎপাদিত, এ বিষয়ে কোম্পানির সনদ থাকলেও সংশ্লিষ্ট দেশের সরকারি কোনো প্রতিষ্ঠানির সনদ নেই। আবার কোনো কোনো জাহাজের ওপরের দিকের গম ভালো মনে হলেও নিচের দিকের গম নিুমানের। এসব কারণে গম খালাসের কেউ ঝুঁকি নিতে চাচ্ছেন না।
এ বিষয়ে খাদ্য অধিদফতরের ডিজি ফয়েজ আহমদ নিজ দফতরে বলেন, গম নিয়ে যেসব জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষা করছে সেগুলো নিয়ে কাজ চলছে। গম খালাসের জেটি একটি হওয়ায় দেরি হচ্ছে। টেন্ডারের শর্ত মোতাবেক যেসব গম পাওয়া যাবে তার সবই পর্যায়ক্রমে খালাস করা হবে। তবে শর্তের বাইরে কোনো নিম্নমানের গম পাওয়া গেলে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না।
ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শুরুর পর নতুনভাবে আসা গম গ্রহণের বিষয়ে সরকার আতংকে বা সতর্ক কিনা- এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, সরকার এসব বিষয়ে সব সময়ই সতর্ক। আতংকের কিছু নেই। এর আগেও কোনো নিম্নমানের গম গ্রহণ করা হয়নি, ভবিষ্যতেও গ্রহণ করা হবে না।
তিনি বলেন, গম আমদানির নীতিমালা সংশোধন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুযায়ী ভালো গম আমদানি নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে কাজ চলছে। গত অর্থবছরে আমদানিকৃত সাড়ে ছয় লাখ টন গমের মধ্যে পাঁচ লাখ টনই নিুমানের কিনা এ সংক্রান্ত প্রশ্নের কোনো জবাব দেননি খাদ্য অধিদফতরের মহাপরিচালক।
আমাদের সময়.কম











