তিন দেশে সন্ত্রাসী হামলা
তিন মহাদেশের তিন দেশে গতকাল শুক্রবার রক্ত ঝরল সন্ত্রাসী হামলায়। এর মধ্যে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সৈকতের কাছে একটি হোটেলে বন্দুকধারীর গুলিতে বিদেশিসহ নিহত হয়েছে অন্তত ৩৭ জন। এশিয়ার কুয়েতে ২৫ জন নিহত হয়েছে মসজিদে আত্মঘাতী বোমা হামলায়। আর ইউরোপের ফ্রান্সে একটি কারখানায় হামলা চালিয়ে একজনের শিরশ্ছেদ এবং আরও কয়েকজনকে জখম করা হয়েছে।এর মধ্যে কুয়েতের ঘটনার দায়িত্ব স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক সহযোগী সংগঠন। অন্য দুটি হামলার পেছনে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে একই দিন অল্প সময়ের ব্যবধানে তিন মহাদেশের তিনটি স্থানে এমন হামলার পর পশ্চিমা রাজনীতিবিদেরা বলছেন, আইএস জঙ্গিদের তৎপরতা যে দ্রুত দিকে দিকে ছড়িয়ে পড়ছে, শুক্রবারের ঘটনা তারই সতর্কসংকেত। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।তিউনিসিয়ায় হামলা হোটেলে: রাজধানী তিউনিস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সুছা এলাকায় সৈকত-সংলগ্ন ইম্পেরিয়াল মারহাবা হোটেলে গতকাল দুপুরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এক লোক। এরপর কয়েক ঘণ্টা ধরে ওই বন্দুকধারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। পরে একটি কালাশনিকভ রাইফেলসহ বন্দুকধারীর মৃতদেহ পাওয়া যায়। তবে হামলার ঘটনায় তার সঙ্গে আরও একজন ছিল বলে ধারণা করা হচ্ছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার প্রধান ছোখরি নাফতি গত রাতে জানান, হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়জন বিদেশি নাগরিক আছেন বলে তিউনিসিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। কিন্তু যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভির খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন ব্রিটিশ নাগরিক।পাঁচতারকা ইম্পেরিয়াল মারহাবা হোটেলের পরিচালনা প্রতিষ্ঠান স্পেনের আরআইইউ গ্রুপের এক মুখপাত্র জানান, হামলার সময় হোটেলে মোট ৫৬৫ জন পর্যটক ছিলেন। এঁদের বেশির ভাগ যুক্তরাজ্য ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।আয়ারল্যান্ডের ডাবলিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চার্লস ফ্লানাগান জানান, তিউনিসিয়ায় হামলায় একজন আইরিশ নারী নিহত হয়েছেন।তিউনিসিয়ার নিরাপত্তামন্ত্রী রফিক চেলি স্থানীয় একটি বেতারকেন্দ্রকে বলেন, হামলাকারী বন্দুকধারীকে চিহ্নিত করা হয়েছে। সে তিউনিসিয়ার নাগরিক। তার বাড়ি দেশের মধ্যাঞ্চলের কাইরুয়ান এলাকায়। সে ছাত্র। তার সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে কিছুই জানত না।মন্ত্রী আরও বলেন, ‘হামলাকারী গোসলের বেশেই হোটেল থেকে বের হয়ে সৈকতে যায়। তার সঙ্গে সৈকতে ব্যবহার করার বড় ছাতা ছিল। ওই ছাতার মধ্যে লুকানো ছিল তার অস্ত্র। সৈকতে ঢুকেই সে এলোপাতাড়ি গুলি করা শুরু করে।’ব্রিটিশ পর্যটক গ্যারি পাইন জানান, স্থানীয় সময় দুপুরের দিকে হামলার ঘটনা ঘটে। সৈকত তখন পর্যটকে ঠাসা ছিল। স্কাই নিউজকে তিনি বলেন, ‘আতশবাজির মতো ফুটফাট শব্দ শুরু হওয়ার পর মনে হয়েছিল, কেউ হয়তো কিছু উদ্যাপন করছে। কিন্তু একটু পরেই যখন কানের কাছ দিয়ে শাঁই শাঁই করে গুলি চলে যাওয়ার শব্দ পাওয়া গেল, তখন আমরা বুঝলাম, এটা শুধু আতশবাজি নয়, আরও বেশি কিছু। তখনই পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।’এর আগে গত মার্চেই রাজধানী তিউনিসের বিখ্যাত বোরদো জাতীয় জাদুঘরে সন্ত্রাসী হামলায় ২১ জন বিদেশি পর্যটক এবং এক পুলিশ সদস্য নিহত হন।কুয়েতে মসজিদে আত্মঘাতী হামলা: রাজধানী কুয়েত সিটির একটি শিয়া মসজিদে গতকাল জুমার নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন হামলাকারী। ক্ষুদ্র তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে ২০০৬ সালের পর প্রথম এবং শিয়া মসজিদে এটাই প্রথম আত্মঘাতী হামলার ঘটনা। এর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন নাজাদ প্রভিন্স।ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে জানায়, আল-ইমাম আল-সাদেক মসজিদে ওই হামলা হয়েছে। এ সময় মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন। এটা আত্মঘাতী হামলা বলে জানান নিরাপত্তাকর্মীরা।পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০০ জন।স্থানীয় টেলিভিশন চ্যানেল এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদের একটি বড় অংশ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে পড়ে আছে মুসল্লিদের রক্তাক্ত ছিন্নভিন্ন দেহ। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।ঘটনার পর একটি হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহ। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘কুয়েতবাসীর জাতীয় ঐক্য নস্যাৎ করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। তবে তা করা খুব কঠিন। আমরা এখন আরও ঐক্যবদ্ধ।’ঘটনার পরপরই এর দায় স্বীকার করে নাজাদ প্রভিন্স। সৌদি আরবের এই কট্টর সুন্নি গ্রুপটির সঙ্গে আইএসের যোগাযোগ আছে। তারা জানায়, আবু সুলাইমান আল-মুয়াহহিদ নামের তাদের এক যোদ্ধা ওই আত্মঘাতী হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই মসজিদ থেকে সুন্নিদের শিয়া মতবাদের দিকে অনুপ্রাণিত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে শিয়া মসজিদে বোমা হামলারও দায় স্বীকার করেছিল নাজাদ প্রভিন্স।কুয়েতের মোট ১৩ লাখ স্থানীয় নাগরিকের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ শিয়া। গতকাল মসজিদে হামলার পরপরই দেশটির মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে। জরুরি সতর্কতা জারি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ফ্রান্সে কারখানায় হামলা: দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর লিয়ঁর কাছে একটি ছোট শহরে ঘটেছে এ হামলা। স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানকার একটি মার্কিন মালিকানাধীন গ্যাস কারখানার প্রধান ফটক ঠেলে ঢুকে পড়ে একটি গাড়ি। এরপরই বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হন। পরে ঘটনাস্থলে স্থানীয় এক ব্যবসায়ীর বিচ্ছিন্ন মাথা পাওয়া যায় একটি খুঁটির সঙ্গে ঝোলানো অবস্থায়। নিহত ওই ব্যক্তির মাথায় কিছু লেখা ছিল। এ ছাড়া ঘটনাস্থলে আরবি লেখা একটি পতাকা পাওয়া গেছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তদন্ত কর্মকর্তারা জানান, নিহত ওই ব্যবসায়ীকে বাইরে কোথাও হত্যা করে মাথা ও শরীর আলাদা করে সেখানে নেওয়া হয়েছিল, নাকি হামলার পর কারখানা প্রাঙ্গণের কোথাও তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাঁরা তখন পর্যন্ত নিশ্চিত নন।হামলার ঘটনায় ইয়াসিন সালেহি নামের ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ বলেন, সালেহির বিষয়ে কয়েক বছর ধরেই জানত নিরাপত্তা বাহিনী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। তবে হামলাকারী একজন নাকি দুজন, তা নিশ্চিত করা যায়নি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্দেহভাজন সালেহি কট্টর সুন্নিপন্থী সালাফি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।হামলার সময় ব্রাসেলসে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, এটা সন্ত্রাসী হামলা। পুরো কারখানাটি উড়িয়ে দেওয়াই ছিল ওই হামলার লক্ষ্য।ফ্রান্স উপর্যুপরি সন্ত্রাসী হামলার কারণে বেশ কিছুদিন ধরে সতর্ক অবস্থায় রয়েছে। প্রায় ছয় মাস আগে রাজধানী প্যারিসে রম্য সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে সাংবাদিক, কার্টুনিস্টসহ বেশ কয়েকজনকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনার এক সপ্তাহের মধ্যে প্যারিস এবং এর আশপাশের এলাকায় আরও কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। সব মিলিয়ে ওই সপ্তাহের হামলায় নিহত হয় ১৭ জন। এরপর বেশ কিছুদিন দেশটি জুড়ে সেনা মোতায়েন ছিল।সিরিয়ায় নিহত ১৬৪: সিরিয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আইএস জঙ্গিদের হামলায় নিহত হয় ১৬৪ জন। এ ঘটনাকে দেশটিতে আইএসের ভয়াবহতম নৃশংসতা বলে অভিহিত করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসের ওই হত্যাযজ্ঞ শুরু হয়। এরপর ২৪ ঘণ্টায় শুধু কোবোনি শহরে ১২০ জন বেসামরিক মানুষকে হত্যা করে তারা। আর শহরটির পাশের একটি গ্রামে একই সময়ে হত্যা করা হয়েছে ২৬ জনকে। গতকাল সকালে কোবানির রাস্তায় নারী, শিশুসহ ১৮ জনের লাশ পাওয়া যায়। কয়েক সপ্তাহ ধরে কুর্দি মিলিশিয়াদের হাতে একের পর এক পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে আইএস এই হত্যাকাণ্ড চালায় বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি।











