শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসি কর্তৃপক্ষ বিভ্রান্ত করছে সরকারকে

news-image

বিনোদন প্রতিবেদকচলচ্চিত্র নির্মাণে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কর্তাব্যক্তিদের কাজ হচ্ছে চলচ্চিত্রবান্ধব সরকারকে নানাভাবে বিভ্রান্ত করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণে এফডিসি প্রতিষ্ঠিত হওয়ায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকার এফডিসিকে আধুনিক এবং ডিজিটাল করার জন্য নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ৬৯ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দও দিয়েছিল। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা, এফডিসি প্রতিষ্ঠার দিন ৩রা এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা এবং যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন চলচ্চিত্র মেলার মাধ্যমে পালন করা, নিয়মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, অনুদানে নির্মিত ছবির সংখ্যা ও অনুদান বৃদ্ধি, শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণে আলাদা অনুদান, বাংলাদেশ ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট চালু, দুস্থ চলচ্চিত্র শিল্পী-কুশলীদের আর্থিক সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি আমলার পরিবর্তে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট দুজন ম. হামিদ এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়কে এফডিসির ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব প্রদান করেন। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাসানুল হক ইনু এমপি যতবার এফডিসিতে এসেছেন, চলচ্চিত্রের সব ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেই উপস্থিত থেকে চলচ্চিত্র শিল্পকে উৎসাহ প্রদান করছেন। বিগত কোন সরকারের আমলে কোন তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র নিয়ে এতটা ভাবতে দেখা যায়নি। বর্তমান সরকার যখন চলচ্চিত্রকে বিশ্ববাজারে তুলে ধরতে চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই এফডিসির কতিপয় প্রভাবশালী কর্মকর্তা বিভিন্নভাবে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের সব সাফল্য ম্লান করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে চলচ্চিত্র শিল্পে জোরালো অভিযোগ। এফডিসির কর্তাব্যক্তিরা ডিজিটাল সিনেমা নির্মাণের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে নানা দুর্নীতির পাশাপাশি সরকারকে বিব্রত ও বিতর্কিত করার জন্য একের পর এক কাণ্ডকারখানার জন্ম দিচ্ছেন। বাংলাদেশের চলচ্চিত্রেই কেবল নয়, স্বাধীনতা সংগ্রামে যার চলচ্চিত্র বিশাল অবদান রেখেছিল সেই জহির রায়হানের নামফলকটি নোটিশ বোর্ডের মাধ্যমে ঢেকে দিয়েছিল এফডিসি। মান্নার নামে নির্মিত ডিজিটাল ভবন দ্বিতীয়বার উদ্বোধন করতে গিয়ে মান্নার নামটা মুছে ফেলা হয়। পরে দৈনিক মানবজমিন-এ এসব বিষয়ে প্রতিবেদন ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে জহির রায়হানের নামের ওপর থেকে নোটিশ বোর্ডটা তুলে নেয়া হয় এবং শেষ পর্যন্ত ছোট করে মান্নার নামে একটি নামফলক স্থাপন করা হয়। এখন ডিজিটাল ভবনে দুটি নামফলক। একটি উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এর আগে উদ্বোধন করেছেন সাবেক তথ্য সচিব জামিল ওসমান। ৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে চলচ্চিত্র মেলার আয়োজন করে আসছে এফডিসি। পীযূষ বন্দ্যোপাধ্যায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনকালে দুদিনব্যাপী জমজমাটভাবে চলচ্চিত্রমেলা উদযাপন করা হয়। কিন্তু এবার এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম হারুনুর রশীদের সময়ে তিন দিনব্যাপী চলচ্চিত্রমেলা করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত মাত্র অর্ধেক সময় চলচ্চিত্র দিবস পালন করতে সক্ষম হয় এফডিসি। তিনদিনের মধ্যে দ্বিতীয় দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে অন্তর্ভুক্ত করে দেড় দিন চলচ্চিত্র দিবস পালন করা হয়। কোন মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি এফডিসি। যাদের চলচ্চিত্রমেলা পৃষ্ঠপোষকতা করার কথা ছিল তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিন দিনব্যাপী চলচ্চিত্র দিবস সফল করতে ব্যর্থ হয় এফডিসি কর্তৃপক্ষ। প্রথমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা চলচ্চিত্রমেলা সরাসরি সম্প্রচার করলেও এবার আর কোন চ্যানেলকে সম্পৃক্ত করতে পারেনি তারা। মোটকথা, সরকার যেভাবে চলচ্চিত্র দিবস উদযাপন করতে চায়, এফডিসি কর্তৃপক্ষ তার কাছ দিয়েও হাঁটতে পারছে না। মুখে মুখে ডিজিটাল যন্ত্রপাতি আনার কথা বললেও যা আনছে তা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। প্রায় ৫ কোটি টাকা ব্যযে ৭ বছর পর ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স চালু হওয়ার পরই বন্ধ হয়ে গেছে অপারেটরের অভাবে। ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স আছে কিন্তু এটা পরিচালনা করার জন্য কোন অপারেটর নেই। অপারেটর বিদেশে যাবেন, ট্রেনিং নিয়ে আসবেন, এসে অন্যদের ট্রেনিং দেবেন। দীর্ঘমেয়াদি এসব করতে করতে ডিজিটাল সাউন্ড মেশিনটি অচল হয়ে যাবে। অথচ ৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্যমন্ত্রী হাসানুর হক ইনু এমপি বেশ ঘটা করে ডিজিটাল ভবনটি উদ্বোধন করেছিলেন। হয়তো তিনি এখনও জানেন মেশিনটি চালু আছে এবং ভবনটি ডিজিটাল চলচ্চিত্র নির্মাণে দারুণ ভূমিকা রাখছে। কিন্তু আসল চিত্র হলো, ডিজিটাল ভবনে স্থাপিত মেশিনটি এখন বন্ধ। অপারেটরের অভাবে সচল হতে পারছে না। এফডিসিতে এখন খুব একটা শুটিং ডাবিং হয় না। কয়েকটি ফ্লোর বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ভাড়া দিয়ে রাখা হয়েছে। এফডিসিতে শুটিংয়ের জন্য চলচ্চিত্র প্রযোজকদের আগ্রহী করতে ব্যর্থ হচ্ছে এফডিসি কর্তৃপক্ষ। সব মিলিয়েই এফডিসির অবস্থা এখন হ-য-ব-র-ল। অথচ সরকার এসবের কিছুই জানে না, সরকারকে সঠিক চিত্রটি জানানো হয় না। এদিকে বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি তার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ধ্বংস হয়ে যাচ্ছে- এমনটি দলমত নির্বিশেষে কেউই মেনে নিতে পারছেন না।