বিএনপি আন্দোলনেও হেরেছে, নির্বাচনেও হেরেছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন, ‘বিএনপি আন্দোলনেও হেরেছে, নির্বাচনেও হেরেছে। আন্দোলনে বিএনপির কর্মী নেই, নির্বাচনে নেই এজেন্ট।
তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি, বিএনপির আন্দোলনকে মরা গাঙের সাথে তুলনা করে বলেন, ‘আন্দোলনের মরা গাঙে কখনো জোয়ার আসেনি, আসবেও না।
সমাবেশে মন্ত্রী বিএনপির নেতা-কর্মীদের সমালোচনা করেন বলেন, হরতালের ডাক দিয়ে বিএনপির নেতা-কর্মীরা বসে থাকেন এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) ঘরে। কর্মীরা কিভাবে মাঠে থাকবেন। তিনি বলেন, ডাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। বিএনপির আন্দোলন বেশি দিন টিকবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (অবঃ) ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম এমপি, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁন, এবাদুল করিম বুলবুল, সাধারণ সম্পাদক এম.এ. হালিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, সাধারণ সম্পাদক শুক্কুর খান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এর মন্ত্রী সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। এর পর তিনি নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শন করেন।
সেখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। মত বিনিময় কালে ওবায়দুল কাদের এম.পি বলেন, ‘সিটি নির্বাচনে মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনই তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপি অভিযোগ করছে সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি, অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে। বিএনপিকে প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘এতো অনিয়ম, ভোট কারচুপি ও মাঝপথে বর্জনের পরও বিএনপি কিভাবে এত ভোট পেল।
সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একটা দেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশের এতো মাতামাতি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।’
নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কেরা সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও রাস্তার সম্পূর্ণ নকশার কাজ চলছে। এগুলো প্রস্তুতের পর নবীনগর-শিবপুর-রাধিকার সড়কের নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে। এই নির্মাণ কাজে ১৬৭ কোটি টাকা ব্যয় হবে বলেন জানান মন্ত্রী। বহু উপেক্ষিত ও অবহেলার এই রাস্তা নির্মাণ হলে উপজেলাবাসীর বহু দিনের প্রতীক্ষার অবসান হবে।











