উচ্চ করহার দেশের প্রযুক্তিখাতকে পিছিয়ে দিচ্ছে
প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন-কম্পিউটারসহ সব ধরনের ডিজিটাল পণ্যে বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি কর আদায় হচ্ছে বলে জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউশন (পিআরআই)। বুধবার রাজধানীর গুলশানের হোটেল আমারীতে আয়োজিত ‘স্ট্রেংদেনিং দ্য আইসিটি রেভ্যুলুশন ইন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে শক্তিশালী বিপ্লব’ শীর্ষক সেমিনারে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন ড. সাদিক আহম্মেদ। একটি জরিপের কথা উল্লেখ করে সাদিক আহম্মেদ বলেন, আইসিটি খাতে করারোপের দিক থেকে ১২৫টি দেশের মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এদেশে চীনের তুলনায় ৫৫ শতাংশ বেশি করারোপ করা হয়। তিনি বলেন, অন্যান্য দেশের মধ্যে ৫ থেকে ২০ শতাংশ করারোপ করে থাকে তুরস্ক। কিন্তু বাংলাদেশে পরিমাণটা আরও অনেক বেশি। তিনি আরও বলেন, সেবার মান বাড়াতে হলে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।
ইন্টারনেট প্রসঙ্গে সাদিক আহমেদ বলেন, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের ৯০ শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু এই মাধ্যমে ইন্টারনেটের দাম অনেক বেশি। ব্যান্ডউইথ ইন্টারনেট প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে ব্যান্ডউইথ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে মাত্র ১ শতাংশ। কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে তা হওয়ার কথা ছিলো ৬ দশমিক ১ শতাংশ।
পিআরআইর ভাইস চেয়ারম্যান বলেন, স্মার্টফোন-কম্পিউটারসহ ডিজিটাল পণ্যের কর, ইন্টারনেট ও ব্যান্ডউইথের দাম কমালে বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাবে। এ খাতে বাংলাদেশ ভালোভাবে এগুচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট দ্বারা প্রস্ততকৃত আইসিটি ইনডেক্সের র্যাংকিং অনুযায়ী বিশ্বের ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৫তম।
তবে পিআরআই থেকে এসব পণ্যে কর বেশি বলা হলেও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর বলছেন ভিন্ন কথা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর একটা ঝামেলাযুক্ত বিষয়। এখানে অনেক বিষয় আছে সেগুলো এসব পণ্য সংশ্লিষ্ট মালিক এমনকি এনবিআরের অনেক সদস্যরাও বোঝেন না। তাই এসব পণ্যের কর সম্পর্কে তেমন অভিযোগ আসে না। তবে দেশের আইসিটি উন্নয়ন ও ভিশন-২০২১ বাস্তবায়নে আইসিটি খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, যুক্তিযুক্ত হলে কর কমানোর বিষয়ে আলোচনা হবে।
সেমিনারে ‘মোবাইল ফোন খাতের কর’ নিয়ে দ্বিতীয় গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করেন জিএসএম প্রযুক্তিভিত্তিক মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ-এর হেনরি পার্কার। পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো উচ্চ কর দিলেও তাদের ওপর অতিরিক্ত কর চাপানো হচ্ছে।’ তিনি আরও বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানের কোম্পানি কর ও সাধারণ তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য অনেক বেশি। এ জন্য অন্য টেলিযোগাযোগ কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে চাচ্ছে না। সেমিনারে জানানো হয়, দেশে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। শতকরা দশমিক ২৪ শতাংশ মানুষ ২০০৫ সালে ইন্টারনেট ব্যবহার করতো। ২০১৩ সালে এসে সংখ্যাটা পাঁচ দশমিক ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।











