শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪০০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে লন্ডভন্ড হওয়া হিমালয়কন্যা নেপালে গতকাল সোমবার মৃতের সংখ্যা ৩৯০০ ছাড়িয়েছে। মাত্র এক দিন আগেই এ সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পন বাংলাদেশের অনেক স্থানে অনুভূত হয়।

নেপালে গত শনিবারের ওই ভূমিকম্পের পর থেকেই হাজারো আহত ব্যক্তির চিকিৎসায় হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। হাসপাতালে জায়গা হচ্ছে না মানুষের। দেখা দিয়েছে ওষুধ, খাবার ও পানির তীব্র সংকট। জাতিসংঘ বলেছে, প্রায় ১০ লাখ শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

নেপালের পুলিশের মুখপাত্র কমল সিং বাম গতকাল জানান, ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৩৯০০ জনের বেশি। ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, আহত হয়েছে সাত হাজারের বেশি। প্রতিবেশী ভারত ও চীনেও যথাক্রমে ৫৬ জন ও ২০ জন নিহত হয়েছে।

কয়েক দশকের মধ্যে নেপালের ভয়াবহতম এ ভূমিকম্পে মৃতের সংখ্যা গতকাল সকালেই ৩৪০০ ছাড়ায়। সন্ধ্যা পর্যন্ত এতে যোগ হয় আরও অন্তত ৫০০। বহু ভবনের ধ্বংসস্তূপে মানুষ চাপা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দূরে পোখারা থেকে হেলিকপ্টারে উদ্ধার হওয়া এক ব্যক্তি ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মুখপাত্র ম্যাট ডারভাসকে বলেন, তাঁর গ্রামে এক হাজারের বেশি ঘরের প্রায় সবই ধ্বংস হয়েছে।

৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর শৈল্পিক দৃশ্যপট পাল্টে গেছে। দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর থাকা সুদৃশ্য মন্দিরগুলোর অনেকগুলোই মিশে গেছে মাটিতে। মানুষ চাপা পড়ে রয়েছে বিধ্বস্ত বাড়িঘরের নিচে। আহত ব্যক্তি দিয়ে উপচে পড়া হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের সংকট। আকাশের নিচে একসঙ্গে ঠাঁই নিয়েছে বাড়িঘর হারানো ও আতঙ্কিত অন্যান্য মানুষ। ভূমিকম্পের দুই দিন পরও মানুষের মধ্যে কাটছে না আতঙ্ক।

রয়টার্সের এক সাংবাদিক বলেন, কাঠমান্ডুর ৮০ কিলোমিটার পশ্চিমের ধাদিং জেলার হাসপাতালে আহত ব্যক্তিদের জায়গা মিলছে না। ভূমিকম্পের পর থেকেই এখানে বিদ্যুৎ নেই। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের গোর্খা জেলার ৭০ শতাংশ বাড়ি বিধ্বস্ত হয়েছে। এখানে যারা বেঁচে আছে তাদের খাবার, পানি, আশ্রয় কিছুই নেই।

এদিকে নেপালে গতকাল পর্যন্ত মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প থেমে থেমে চলছিল। এর ফলে অনেকেই আতঙ্কে তাদের ঘরে ফিরছে না। গৃহহীন ও আতঙ্কিত এসব মানুষের জন্য কাঠমান্ডুতে বসানো হয়েছে অস্থায়ী তাঁবুর ঘর।

গত রোববারও নেপালে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় মানুষ বাড়িঘর থেকে আবারও দৌড়ে বেরিয়ে খালি জায়গায় আশ্রয় নেয়। প্রথম দিনের ভূমিকম্পে যেসব বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, নতুন এ ভূমিকম্পে সেগুলোর কিছু কিছু ধসে পড়ে।

জাতিসংঘ বলেছে, আহত ব্যক্তিদের চিকিৎসা-সহায়তায় ১৪টি আন্তর্জাতিক মেডিকেল দল নেপালের পথে রয়েছে। এ ছাড়া ১৫টির মতো অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। পুরো দেশেই খাবার ও পানির মজুত দ্রুত ফুরিয়ে আসছে। দেশে অব্যাহতভাবে চলছে বিদ্যুৎ বিপর্যয়।

ওদিকে ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারে গতকালও জোর তৎপরতা চালান উদ্ধারকর্মীরা। কাঠমান্ডু বিমানবন্দরে ত্রাণ রাখার স্থান সংকুলান না হওয়ায় বিভিন্ন দেশের ত্রাণবাহী বিমান আসার জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে নেপাল ছাড়ার জন্য বিমানবন্দরে বিদেশি পর্যটকদের মধ্যেও পড়ে গেছে হুড়োহুড়ি।

কেন্দ্রস্থল এগোচ্ছে বাংলাদেশের দিকে: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। গত তিন দিনে নেপালে মোট ৫০টি ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ গতকাল ভূমিকম্প আঘাত হানে ভারত-বাংলাদেশ সীমান্তে শিলিগুড়ির কাছে মিরিক এলাকায়।

শনিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের বারপাক এলাকাটি ছিল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে। আর গতকাল সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিট ৫২ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৪১৩ কিলোমিটার দূরে। তিন দিনে ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশের দিকে ৩৩২ কিলোমিটার এগিয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, নেপালে গত তিন দিনে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে শনিবার ৭ দশমিক ৮ ও রোববার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প দুটি বাংলাদেশে অনুভূত হয়েছে। বাকি ৩০টি ৫ মাত্রার কাছাকাছি থাকলেও দূরত্বের কারণে বাংলাদেশে তেমন অনুভূত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ভূমিকম্প সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদি আহমেদ আনসারী বলেন, ভূমিকম্পের কেন্দ্র যেভাবে বাংলাদেশের কাছাকাছি আসছে, তাতে লোকজনকে আরও সতর্ক হওয়া উচিত। কেননা ভারতের দার্জিলিং ও বিহার এলাকায় ভূগর্ভস্থ ফাটলটি সক্রিয় হওয়ায় বড় ভূমিকম্প হতে পারে। তবে ভূমিকম্পের সময় সাধারণ মানুষ যেভাবে দ্রুত সিঁড়ি দিয়ে ভবনের বাইরে নেমে আসছে, তা ঠিক নয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারতের মিরিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশ থেকে ৪১৩ কিলোমিটার দূরে হওয়ায় তা ৫ দশমিক ৩ মাত্রায় হওয়া সত্ত্বেও বাংলাদেশের বেশির ভাগ এলাকায় অনুভূত হয়েছে। গত শনি ও রোববার ভূমিকম্পের কারণে সারা দেশে যে ধরনের আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছিল, ভারতে মাঝারি মাত্রার গতকালের ভূমিকম্পের কারণেও একই ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বিশ্লেষক শহিদুল হাসান বলেন, ‘ভূ-অভ্যন্তরে শক্তি সঞ্চয় হলে তা ফাটল দিয়ে বের হওয়ায় সময় কম্পন অনুভূত হলে তাকে আমরা ভূমিকম্প বলি। হিমালয় এলাকায় গত ৮৮ বছরে বড় ভূমিকম্প হয়নি। গত তিন দিনের টানা ভূমিকম্পে ওই শক্তি বেরিয়ে যাচ্ছে। ফলে এমনও হতে পারে, বড় ভূমিকম্পের আশঙ্কা কমে আসছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ভূমিকম্পকালীন ১৪টি পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আতঙ্কিত না হওয়া, ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল-ডেস্ক বা অন্য কোনো শক্ত কিছুর নিচে কিংবা বিম বা ভবনের কলাম ঘেঁষে আশ্রয় নেওয়া; ঘরের বাইরে থাকলে গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে খোলা জায়গায় আশ্রয় নেওয়া।