বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতার জন্যে জীবন-প্রাণ লড়াই

B.Baria Bank Pic-1আমিরজাদা চৌধুরী : সাফিয়া,রাবেয়া ও পুরস্কারী বেগম। বয়স সত্তরের কাছাকাছি। ব্যাংকের দোয়ার খোলার আরো অনেক আগেই এসেছেন তারা। আন্দাজ সকাল ৯ টা। কিন্তু বেলা আড়াইটা পর্যন্ত পৌছতে পারেননি তারা ব্যাংকের দরজায়,সংশ্লিষ্ট ডেস্কে। শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা। তাদের সঙ্গে দেখা হয় নিচতলায়। সিড়ির পাশের হাতল আকড়ে দাড়িয়েছিলেন কোন রকমে। অবস্থা এমন শরীর যেন আর  কুলাচ্ছেনা। মাটিতে লুটিয়ে পড়ার আশঙ্কায় নিজের হাত দিয়ে ধরে রেখেছেন সিড়ির হাতল। তারা বয়স্ক ভাতা ভোগী।  নাটাই উত্তর ইউনিয়নের বাসিন্দা । বৃদ্ধা রাবেয়া বলেন ‘টেহার লাইগা আইছি। এহনো বই-অই  দিতে পারিনাই। চোহেও দেহিনা ’। বই জমা দিতে পারেননি পুরস্কারী বেগমও। নিচতলা থেকে দোতলা পর্যন্ত সিড়ি জুড়েই ভাতা নিতে আসা এই বৃদ্ধ মানুষদের ভীড়। ব্যাংকের প্রধান ফটকের সামনে-ভেতরে গাদাগাদি অবস্থা। দস্তাদস্তি। ভাতা নেয়ার যুদ্ধে জীবন সাঙ্গ হওয়ার মতো অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন ধরনের ভাতা দেয়া হয় ব্যাংকটির  এই শাখা থেকে। বয়স্ক ভাতা দেয়ার আগের দিন (১২ ই এপ্রিল) ছিলো দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা নেয়ার তারিখ। এদিন কয়েক’শ মা তার দুগ্ধপায়ী  শিশু সন্তান কোলে নিয়ে আসেন ব্যাংকে। গাদাগাদি পরিবেশে,গরমে অতিষ্ট হয়ে পড়েন মা আর শিশুরা। দাড়ানোর জায়গাও পাচ্ছিলেননা কোথাও। এই অবস্থায় অনেক মা-শিশু অসুস্থ হয়ে পড়েন। চরম ভোগান্তির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে ব্যাংকের এই শাখা থেকে কয়েক হাজার বিভিন্ন ধরনের ভাতা ভোগী তাদের ভাতা উত্তোলন করছেন। অভিযোগ একদিনে এক বা একাধিক ইউনিয়নের সবশ্রেনীর ভাতা দেয়ার দিনক্ষন ধার্য্য থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তারাও পেরেশান। এভাবে ভাতা দেয়ার সিডিউল কে ঠিক করলো তারও কোন উত্তর পাওয়া যায়নি। ব্যাংক কর্মকর্তারা বলছেন ভাতা প্রদানকারী সংস্থাই তারিখ নির্ধারন করে। আমরা ঐ তারিখে পেমেন্ট দেই। আর সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন কোন তারিখে ভাতা দেয়া হবে ব্যাংক থেকেই আমাদের তা জানিয়ে দেয়া হয়। তবে এই অবস্থায় ভাতা নিতে এসে মরনদশার মুখে পড়ছেন বয়স্ক নারী-পুরুষ ও মা-শিশুরা।
B.Baria Bank Pic-2ব্যাংক সুত্র জানায়- বয়স্ক,বিধবা,অস্বচ্ছল প্রতিবন্ধী,মাতৃদুগ্ধ ও মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের এই প্রধান শাখা থেকে। সব মিলিয়ে ৪৭৭০ জন তাদের ভাতা গ্রহন করেন ব্যাংকের এই শাখা থেকে। ১৩ ই এপ্রিল প্রদান করা হয় নাটাই উত্তর ইউনিয়নের ৫৯৩ জনের বয়স্ক ভাতা,৬৩ জন প্রতিবন্ধীর ভাতা ও ১৩৪ জনের বিধবা ভাতা। এই ভাতা নিতে আসা সবাই অবর্নণীয়  ভোগান্তির শিকার। ব্যাংক খোলার এক-দেড় ঘন্টা আগে অর্থাৎ সকাল সাড়ে ৮ টা বা  ৯ টার দিকে এসে তারা ভাতা নিয়ে বাড়ি ফিরেছেন সন্ধ্যার পর। ভাতা নেয়ার যুদ্ধে খাওয়ারও সুযোগ মিলেনা তাদের। সরজমিনে এ বিষয়ে খোজ খবর নেয়ার সময় ব্যাংকের নিচতলার সিড়িতে দেখা হয় সাফিয়া,রাবেয়া ও পুরস্কারী বেগমসহ আরো অনেক বৃদ্ধার সঙ্গে। বেলা আড়াইটা পর্যন্ত নিজেদের ভাতার বই ব্যাংকের সংশ্লিষ্ট ডেস্কে জমা করতে পারেননি তারা। ব্যাংকের ভাতা প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা (ক্যাশ) প্রকাশ চন্দ্র দাশ জানান-এই সময় পর্যন্ত তারা সাড়ে ৩’শ জনকে ভাতা প্রদান করতে পেরেছেন। এর আগের দিন দেয়া হয় সদর উপজেলার ১১ টি ইউনিয়নের কয়েক’শ দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা। এদিন ভীড়ের চাপে অনেক মা-শিশু অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজন মা সংজ্ঞা হারান। সদর উপজেলার  বাসুদেব ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম বলেন ১২ তারিখ মাতৃদুগ্ধ ভাতা আনতে গিয়ে মা ও শিশুদের কি অবস্থা হয়েছিল তা চোখে না দেখলে বুঝা যাবেনা। যারা এই দৃশ্য দেখেছেন তাদের চোখে পানি এসেছে। তিনি বলেন ১১ টি ইউনিয়নের লোকজনকে একসাথে জড়ো করা ঠিক হয়নি। আমি নিজেই দেখেছি অনেক মা ও বাচ্চা অসুস্থ হয়ে পড়েছেন। এক গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ওয়ার্ডের ৫ জন মহিলা সকালে এসে সন্ধ্যায় ভাতা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান এই ইউপি সদস্য। এদিকে ভাতা ভোগীদের চাপে ব্যাংকের এই শাখার অন্যান্য গ্রাহকরাও হয়রানীর শিকার । গড়ে প্রায় প্রতিদিনই কোন না কোন ধরনের ভাতা প্রদান কার্যক্রম চলে এই শাখায়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা বলেন- সরকারী নির্দেশে আমরা বিভিন্ন ভাতা প্রদান করছি। এতে ব্যাংকের কোন লাভ হয়না। বরং ব্যাংকের লাভজনক কর্মকান্ড ব্যাহত হয়। অন্যান্য গ্রাহকরা ভোগান্তি পড়ে।
ভাতা ভোগীদের ভোগান্তির কথা স্বীকার করে ব্যাংক ব্যবস্থাপক মো: সেলিম জাহাঙ্গীর বলেন- কোনদিন কোন এলাকার ভাতা দেয়া হবে তা ভাগ করা আছে। আমরা যদি বলি এক এলাকার ভাতা ভোগীরা আসবেন চলে আসে আরেক এলাকার লোকজন। ঐদিন ১২ ই এপ্রিল দরিদ্র মা’দের মাতৃত্বকালীন ভাতা দেয়ার সময় অবস্থা এমন হয়েছিলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে কোন বিপদ না হয়। ষ্টাফদের বলেছি ব্যাংকের ভেতরের সবগুলো ফ্যান যেন স্প্রীডে চালিয়ে দেয়। তিনি বলেন আগে ছিলো ২/৩ টি ভাতা। এখন ৭/৮ টা ভাতা হয়েছে। সরকার সবধরনের ভাতা ভোগীর সংখ্যা বাড়াচ্ছে। ভাতা প্রদানের চাপ সামলাতে আমার এই চেম্বারটাও অনেক সময় ছেড়ে দেই। ঐদিন বাচ্চারা প্রস্রাব করে আমার রুম ভরে ফেলেছে। এই ভোগান্তি লাগবে একই বিল্ডিংয়ের ৬ তলায় প্রিন্সিপাল অফিসের পাশে আরেকটি ফ্লোর নেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জাহানের কাছে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা গ্রহনকারীর মোট সংখ্যা কত জানতে চাইলে তিনি ডিসি অফিসে মিটিংয়ে আছেন বলে জানান। আর একদিনে ভাতা প্রদানে ভোগান্তির বিষয়ে তার বক্তব্য আমরা দু-দিনে ভাতা দিতে বলেছিলাম। ব্যাংক একদিনে দিচ্ছে। বয়স্ক ভাতার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমীন রহমান চৌধুরী বলেন- ভাতা পেমেন্টকারী কর্তৃপক্ষ সোনালী ব্যাংক। তাদেরকে আমরা আলাদা কাউন্টার করার জন্যে বলেছিলাম। কিন্তু তারা সে কথা শুনেনা। সেজন্যে ভাতা গ্রহনকারীরা কষ্টের সম্মুখীন। কিন্তু ভাতা গ্রহনকারীরা যাতে কষ্টের শিকার না হন সে ব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে। শুধু তাই নয় এভাবে ভাতা দেয়ার কারনে দেখা গেছে একশ্রেনীর ভাতা তারা আরেক শ্রেনীর লোকজনকে দিয়ে দিচ্ছে। যে পাবে ১৫’শ টাকা তাকে দিয়ে দিচ্ছে ১২’শ টাকা। এই ধরনের অনেক অভিযোগ আমাদের কাছে আসে। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক