বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কংগ্রেসের ভূমিকা মেনে নিলেন ওবামা

a6fa78a744a09098dd31aba86b863322-6আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে চুক্তি নিয়ে গত মঙ্গলবার সমঝোতায় পৌঁছেছে মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউস। সমঝোতা অনুযায়ী, এ নিয়ে চুক্তি হলে তাতে কংগ্রেসের ভূমিকা মেনে নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনাকে ইরান-ছয় বিশ্বশক্তির মধ্যে চূড়ান্ত পারমাণবিক চুক্তির পথে একটা ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তি করার আগে কংগ্রেসের মতামত নেওয়ার দাবিতে শুরু থেকেই সোচ্চার বিরোধী রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরা। তাঁদের সঙ্গে ক্রমবর্ধমানভাবে সুর মেলাতে থাকেন প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও। তাই ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি আটকাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর বব কর্কারের লেখা দ্বিদলীয় বিলটি সবার সমীহ আদায় করতে শুরু করে।

সুইজারল্যান্ডে ২ এপ্রিল ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তিটি করার পর থেকেই হোয়াইট হাউস দ্বিদলীয় বিলটির পক্ষ না নিতে ডেমোক্র্যাটদের পটানোর প্রচেষ্টা জোরদার করে। কারণ, রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটি পাস হলে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি আর আলোর মুখ দেখবে না। 

প্রেসিডেন্ট ওবামা এমন একটি বিলের বিরুদ্ধে আপত্তি করে এলেও মঙ্গলবার তা তুলে নিয়েছেন। এরপর সেটি সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে সর্বসম্মতভাবে পাস হয়। এখন বিলটি পূর্ণাঙ্গ সিনেট এবং তারপর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হবে বলে আশা করা হচ্ছে।

কমিটির চেয়ারম্যান বব কর্কারের ভাষ্য, বিলটির পক্ষে ডেমোক্র্যাটদেরও শক্ত সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরই কেবল হোয়াইট হাউস দৃষ্টিভঙ্গি বদলেছে। 

তবে প্রাথমিকভাবে যে বিলটি প্রস্তুত করা হয়েছিল, তাতে বেশ কিছু পরিবর্তন আনাতে সমর্থ হয়েছে ওবামার ডেমোক্রেটিক পার্টি। এতে করে হোয়াইট হাউসের কাছে তা নিদেনপক্ষে গ্রহণযোগ্য মনে হয়েছে। প্রাথমিক বিলটিতে বিধান রাখা হয়েছিল, ইরানের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তি করা হলে, কংগ্রেস তা ৬০ দিন পর্যন্ত স্থগিত রেখে পর্যালোচনা করে দেখতে পারবে। মঙ্গলবার পাস হওয়া বিলটিতে তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। এ ছাড়া পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানকে অবরোধ থেকে মুক্তি দেওয়া হবে কি না, কংগ্রেসে তার ওপর চূড়ান্ত ভোটাভুটি করতে হবে।

ইরানের প্রতিক্রিয়া: মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি পারমাণবিক আলোচনাকে বাধাগ্রস্ত করবে, তা হতে দেবে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়াহ আফখাম গতকাল এ কথা বলেন। একই দিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক ভাষণে বলেছেন, তেহরানের ওপর থেকে ‘নিপীড়নমূলক’ সব অবরোধ প্রত্যাহার না করা হলে কোনো চুক্তি হবে না। 

ইসরায়েল ‘খুশি’: হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসের এই সমঝোতায় খুশি হয়েছে ইরানের সঙ্গে ওই চুক্তির ঘোর বিরোধী ইসরায়েল। দেশটির গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইউভাল স্টাইনিৎজ গতকাল বুধবার এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘এটা ইসরায়েলি নীতিরই বিজয়।’

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক