শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনকে ঘিরে বেড়েছে ৫ হাজার অপরাধীর আনাগোনা

city corরাজধানীতে ৫ হাজারের মতো ভাসমান অপরাধী রয়েছে। এই ভাসমান সন্ত্রাসীর হাল নাগাদ কোন তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। ফলে নির্বিঘ্নে এই এরা সন্ত্রাসী কর্মকান্ড করে সটকে পড়বে বলে আশঙ্কা রয়েছে। এদের মধ্যে হাজার দু’য়ের মধ্যে অবস্থান খোদ ঢাকাতেই। বাকীরা রাজধানীর আশপাশেই অবস্থান করে। বিশেষ করে টঙ্গি, গাজীপুর, সাভার, কেরাণীগঞ্জ, ডেমরা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকাগুলোতে এদের অবস্থান। ঢাকায় এসে তারা সন্ত্রাসী কর্মকান্ড করে ওইসব এলাকায় গিয়ে অবস্থান করে। নির্বাচন কেন্দ্রীক এসব সন্ত্রাসী ব্যাপক সক্রিয় হয়ে ওঠে।

রাজধানীরও সব এলাকায় ভাসমান সন্ত্রাসীদের অবস্থান এক রকম নয়। রাজধানীর মধ্যে যাত্রাবাড়ি, কামরাঙ্গিরচর, কদমতলী, বাড্ডা, ওয়ারী, সূত্রাপুর, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, দারুস সালাম, তুরাগ, শাহআলী, শাহজাহানপুর ও তেজগাঁও শিল্পাঞ্চলে ভাসমান সন্ত্রাসীদের আনাগোনা বেশি। এসব এলাকায় নির্বিঘ্নে এরা বসবাস করে। আর সুযোগ পেলেই এরা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। ইতিমধ্যেই মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। এর আগেই থেকেই মাঠে আছেন প্রার্থীরা।

সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৬ জন মেয়র প্রার্থী রয়েছে। এছাড়া দুই সিটি মিলে ৯৩ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন প্রায় ১৪শ’। সূত্র জানায়, প্রার্থীদের মধ্যে যারা সরকারী জোটের সমর্থক তারা আগে থেকেই মাঠে রয়েছেন। তবে ২০ দলীয় জোট প্রার্থীরা এখনো মাঠে সক্রিয় নন। তাদের প্রায় শতভাগই এখনো পলাতক। এমনকি, মেয়র হিসেবে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যেও ২০ দলীয় জোটের প্রার্থীরা এখনও প্রকাশ্যে মাঠে নেই। তারা মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দিয়েছেন তাদের প্রতিনিধিদের দিয়ে।

একাধিক সূত্র জানায়, রাজধানীতে যেসব ছিনতাই, পকেটমার, চুরি, ডাকাতির ঘটনা ঘটে তার অধিকাংশের সঙ্গে জড়িত এই ভাসমান সন্ত্রাসীরা। ভাড়াটে খুনী হিসেবেও এরাই কাজ করে থাকে। সূত্র জানায়, এদের মধ্যে কিছু সন্ত্রাসী রয়েছে যারা রাজধানীতেই নয়, রাজধানীর বাইরেও বড় বড় শহরগুলোতে গিয়ে অপরাধ করে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে।

সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্যে এসব সন্ত্রাসীরা বসে থাকবে না। জড়িয়ে পড়বে নানা অপরাধে এবং ভাড়াটে হিসেবে তারা কারো না কারো পক্ষে কাজ করবে। ইতিপূর্বেও দেখা গেছে নির্বাচন কেন্দ্রীক এসব সন্ত্রাসীদের ভাড়ায় খাটতে। একাধিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কারো কারো পক্ষে এসব সন্ত্রাসীরা মাঠে নেমেছে। হাজারীবাগের সরকার সমর্থক এক প্রার্থীর পক্ষে গতকাল বেশকিছু লোককে এলাকায় মহড়া দিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকরা স্থানীয় নয়। বৌবাজারের এক বাসিন্দা বলেন, নি:সন্দেহে ওই লোকগুলো বাইরে থেকে ভাড়ায় এসেছে।

মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, ভাড়াটে মাস্তানরা নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে পারে বলে আশঙ্কা রয়েছে। এজন্য নজরদারীরও কমতি নেই। কিন্তু ‘মুশকিল হলো ভাড়াটে মাস্তানদের সুনির্দিষ্ট কোন নাম-পরিচয় এবং ঠিকানা না থাকায় তাদেরকে নজরদারীর মধ্যে রাখা যায় না। কেবল ধরা পড়লেই তাদেরকে সনাক্ত করা যায়। আবার দেখা যায় ধরা পড়লে তারা ভূয়া ঠিকানা দেয়। পরে তারা জামিনে ছাড়া পেলে আবারো নতুন করে সনাক্ত করা জটিল হয়ে ওঠে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়।

amadershomoys.com