শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অজিদের বলিংয়ে ধ্বংসের মুখে কিউইরা, ১৬৭/৭

aus nzক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যাট করছে নিউজিল্যান্ড। শুরুতেই ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে কিউইরা।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নিউজিল্যান্ডের সংগ্রহ ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান। এলিয়ট ৭৩ রান করে ক্রিজে আছেন।

নিউজিল্যান্ডের হয়ে উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামেন গাপটিল এবং অধিনায়ক ম্যাককালাম। কিন্তু প্রথম ওভারেই কিউই অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে দেয় অজিরা। স্টার্কের ওভারের পঞ্চম বলে দলীয় ১ রানের মাথায় মাত্র শূন্য রান করে বোল্ড হন তিনি। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৩ রানে আউট হন গাপটিল। ম্যাক্সওয়েলের বলে মাত্র ১৫ রান করেই বোল্ড হন এই দাপুটে ব্যাটসম্যান। এরপর কেন উইলিয়ামসনও আউট হন দলীয় ৩৯ রানের মাথায়। মিচেল জনসনের ১৩ তম ওভারের ২য় বলে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন ফিরতি ক্যাচ ধরেন জনসন নিজেই। মাত্র ১২ রান করেই আউট হন তিনি। এরপর টেইলর ও এলিয়টের ১১১ রানের জুটি ভালই এগিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। কিন্তু দলীয় ১৫০ রানের মাথায় টেইলর আউট হয়ে যান কটবিহাইন্ড হয়ে। ফকনারের ৩৬তম ওভারের প্রথম বলে আউট হন তিনি। এরপর ব্যাট করতে এসে একই ওভারের তৃতীয় বলে ফকনারের দ্বিতীয় শিকার হন কোরি এন্ডারসন। শূন্য রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। মিচেল স্টার্কের পরের ওভারে লুক রঞ্চিও স্লিপে ক্যাচ তুলে দিয়ে কোন রান না করেই আউট হয়ে যান।

এর আগে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাইকেল ক্লার্ক টস ভাগ্যে হেরে গেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কাছে।

সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ডের এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল।

শিরোপা জেতার জন্য আশাবাদী দুদলই। বিশ্বকাপের শুরু থেকেই নিজেদের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে নিউজিল্যা-।

পরিসংখ্যান কিংবা ক্রিকেট পন্ডিতরা যাই বলুন, ইতিহাস গড়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিউজিল্যান্ড। স্যার রিচার্ড হ্যাডলি এবং মার্টিন ক্রোর মতো কিংবদন্তিরা যেটা পারেননি, সেটা করার জন্য হিমালয় সমান দৃঢ় ব্রেন্ডন ম্যাককালামরা। যেই দৃঢ়তা প্রথম থেকেই দেখিয়ে আসছে তারা।

অন্যদিকে শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে না পারলেও বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে দারুন খেলছে অস্ট্রেলিয়া। বিশেষ করে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সব বিভাগে ভালো করায় পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী মাইকেল ক্লার্কের দল।

তাছাড়া আজকের ম্যাচটি মাইকেল ক্লার্কের সর্বশেষ ম্যাচ। এই ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানাবেন ক্লার্ক। তাই ক্লার্কের হাতে শিরোপা তুলে দিয়ে তার বিদায়টাকে স্মরণীয় করে রাখতে চায় অজিরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) যে দলই বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরুক- হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে তারা। পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে অজিরা। আর নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই এক চুল পরিমাণ এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে।

বিশ্বকাপ ইতিহাসে দশমবারের মতো মুখোমুখি হচ্ছে দু’দল। এর আগে নয়বারের দেখায় ছয়টিতে অজিরা ও বাকি তিন ম্যাচে কিউইরা জয়ী হয়।

ওয়ানডে পরিসংখ্যানেও ব্ল্যাক ক্যাপসরা বেশ পিছিয়ে। ১২৬টি ওডিআই ম্যাচের মধ্যে ৮৫ ম্যাচেই হার মানে নিউজিল্যান্ড। জয় মাত্র ৩৫টি। ছয় ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ডের একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়ার একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হেইজলউড।