বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ শুধু পুরস্কার নয়, মানুষের ভালোবাসাও

8d8a348c571cf88175b63fb6a253c2d2-4বিনোদন প্রতিবেদক : ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে অভিনেত্রী কবরীকে। আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেবেন। জাতীয় পর্যায়ের এই বিশেষ সম্মাননা গ্রহণের আগে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কবরী

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে পাচ্ছেন আজীবন সম্মাননা। এ অর্জনকে কীভাবে দেখছেন?

কাজের জন্য যে স্বীকৃতি পাচ্ছি, তা অবশ্যই ইতিবাচক। আসলে নানা সমস্যার মধ্যেও আমরা নিরলসভাবে কাজ করি। এর স্বীকৃতিকে আমি যতটা না পুরস্কার হিসেবে দেখি, তার চেয়ে বেশি দেখি মানুষের ভালোবাসা হিসেবে।

নায়িকা কবরীর এই দীর্ঘ পথচলার অনুপ্রেরণা কী ছিল?

দর্শকদের ভালোবাসা আর উৎসাহ যদি না পেতাম, তাহলে হয়তো কোনো দিন কবরী হতে পারতাম না। আশপাশে যাঁরা আমার কারণে কষ্ট স্বীকার করেছেন, তাঁরা আমার বড় অনুপ্রেরণা। সাফল্যের ক্ষেত্রে আমার না যত অবদান, তার চেয়েও বেশি অবদান আমাকে যাঁরা কবরী বানিয়েছেন। আমাকে নায়িকা করবী হিসেবে গড়ে তোলার জন্য যাঁদের অক্লান্ত পরিশ্রম ছিল, তাঁরাও আমার অনুপ্রেরণা। এক কথায় বলতে গেলে, আমার সাফল্যের পেছনে বিশেষ কোনো একজন মানুষের ভূমিকা ছিল না।

আপনার পরিচালিত নতুন ছবির কাজ কত দূর?

এই তুমি সেই তুমি দুই প্রজন্মের দুই জুটির গল্প নিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে একটি জুটি হিসেবে থাকছি আমি ও আলমগীর। অন্য জুটির মধ্যে শুধু আরিফিন শুভকে অনেক আগে চূড়ান্ত করা হয়েছে। নায়িকা নিয়ে যে সমস্যা ছিল, তা-ও অনেকটাই মিটে গেছে। এরই মধ্যে গানের কাজও শুরু হয়ে গেছে। এখন তো মেয়র নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তাই নির্বাচন শেষ হওয়ার পরই ছবিটি নিয়ে নতুন করে ভাবব।

নির্বাচন নিয়ে কী প্রত্যাশা করছেন?

আমি মনে করি, দায়িত্ব নিয়ে রাজনীতি না করলে ভবিষ্যতে ভালো মানুষ রাজনীতিতে আসার উৎসাহ পাবেন না। আমার প্রত্যাশা, অনেক বেশি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে এবার। বিগত সময়ে আমার নির্বাচনী অভিজ্ঞতা মেয়র নির্বাচনের ক্ষেত্রে কাজে দেবে।