প্রার্থীদের যে বার্তা দিলেন হাসিনা
ডেস্ক রির্পোট : দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীরা এ বৈঠকে অংশ নেন। বৈঠক সূত্র জানায়, সিটি করপোরেশনের নির্বাচনে প্রত্যেক ওয়ার্ডে একজন করে কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেয়ার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে
দল সমর্থিত মেয়র প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নগর নেতাদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে গণতন্ত্র উন্নয়ন ও শান্তির লক্ষ্যে বিএনপি-জামায়াতের নাশকতা, নৈরাজ্য এবং অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, বৃহত্তর স্বার্থে দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে। সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভাল হবে না। ঢাকার দুই সিটি করপোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর পদে দলের একক প্রার্থী সমর্থন এবং নির্বাচনসংক্রান্ত নির্দেশনা দিতে এ বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে সূচনা বক্তব্যে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যে কোন বিষয়ে দলের সিদ্ধান্ত অমান্য করলে এর পরিণতি ভালো হবে না। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ শান্তি চায়। সভায় দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ঢাকা সিটি করপোরেশন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন চার শতাধিক নেতাকর্মী। দলীয় সমর্থন আদায়ের জন্য যার যার অবস্থান থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন। কোন কোন ওয়ার্ডে দলের একাধিক নেতা নির্বাচন করার দৃঢ় মনোভাব ব্যক্ত করে কাজ করছেন। এতে দল সমর্থিত প্রার্থীদের পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন নগর নেতারা। প্রত্যেক ওয়ার্ডে একজন করে প্রার্থী সমর্থন দেয়ার বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এক্ষেত্রে কাজও শুরু করেছেন নগর নেতারা। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই গতকাল দলীয় সভানেত্রী নগর নেতা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন।











